১৯ বলে ৫ উইকেট, ব্রডের বিশ্বরেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রডের অনন্য বিশ্ব রেকর্ড! ছবি: রয়টার্স
ব্রডের অনন্য বিশ্ব রেকর্ড! ছবি: রয়টার্স

ট্রেন্টব্রিজ টেস্টের প্রথম ঘন্টাতেই তাণ্ডব! ‘মুড়ি-মুড়কির মতো উইকেট পড়া’ যাকে বলে, ট্রেন্টব্রিজে ঘটেছে সে ধরনের ঘটনাই। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ১৮.৩ ওভারেই ৬০ রানে শেষ অস্ট্রেলিয়ার ইনিংস। ক্লার্ক-বাহিনীর এই দিশেহারা অবস্থার জন্য দায়ী স্টুয়ার্ট ব্রড। মাত্র ১৫ রানে ৮ উইকেট নিয়ে এই ইংলিশ বোলার একাই শেষ করে দিয়েছেন অস্ট্রেলিয়াকে।
১৫ রানে ৮ উইকেট—ব্রডের এই বোলিং পরিসংখ্যান কিন্তু তাঁর কীর্তিগাথার অংশ-বিশেষই কেবল উপস্থাপন করছে। ব্রড তাঁর প্রথম ৫ উইকেট তুলে নেন মাত্র ১৯ বলের ব্যবধানে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ে ৫ উইকেট তুলে নেওয়ার দ্বিতীয় ঘটনা এটি। ১৯৪৭ সালে আর্নি টোশাক নামের এক বাঁ হাতি পেসারও ১৯ বলের ব্যবধানে তুলে নিয়েছিলেন ৫ উইকেট।
ব্রড ১৯ বলের ব্যবধানে ক্রিস রজার্স, স্টিভেন স্মিথ, শন মার্শ, মাইকেল ক্লার্ক, অ্যাডাম ভোজেসকে তুলে নেওয়ার পর ব্রডের শিকার আরও ৩ ব্যাটসম্যান-মিচেল জনসন, মিচেল স্টার্ক ও নাথান লায়ন। সবমিলিয়ে ব্রড কষ্ট করে মাত্র ৩৩টি বল করেছেন খরচ করেছেন তাঁর ৮ উইকেট শিকারে। রান দিয়েছেন মাত্র ১৫টি। টেস্ট ইতিহাসের সর্বকালের সেরা বোলিং তালিকায় যদি ব্রডের নাম না থাকে, তাহলে কিন্তু তাঁর প্রতি অন্যায়ই করা হবে।

ব্রডের এই বোলিং পরিসংখ্যান অ্যাশেজ সিরিজের তৃতীয় সেরা বোলিং পরিসংখ্যান। প্রথম দুটি স্থান অবশ্য দখলে রেখেছেন জিম লেকার (১০ / ৫৩ এবং ৯৩৭)। তিনি টেস্ট ইতিহাসে কোনো ইনিংসে ৮ উইকেট পাওয়া অন্যতম (তৃতীয়) বোলার হিসেবেও নাম লিখিয়েছেন ইতিহাসে। তাঁর চেয়েও কম রান দিয়ে ইনিংসে ৮ উইকেট পেয়েছেন আরও দুজন। ইতিহাসে কোনো টেস্ট ম্যাচের প্রথম দিনের মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত সেরা বোলিং পরিসংখ্যান হিসেবে বিবেচিত হচ্ছে ব্রডের এই ৮ / ১৫। ১৯৬৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিপক্ষে টেস্টে অস্ট্রেলিয়ার গ্রাহাম ম্যাককেঞ্জির ৬ / ৩৪-ই ছিল মধ্যাহ্ন বিরতির আগে এত দিনের সেরা বোলিং পরিসংখ্যান।
নিজের ৮৩ তম টেস্টে তিনশ উইকেটের দেখাও পেয়ে গেছেন ২৯ বছর বয়সী ব্রড। ফ্রেড ট্রুম্যান, বব উইলিস, ইয়ান বোথাম ও জেমস অ্যান্ডারসনের পর স্টুয়ার্ট ব্রড হচ্ছেন টেস্ট ক্রিকেটে তিনশ উইকেট পাওয়া পঞ্চম ইংরেজ ক্রিকেটার।

ব্রডের এই রেকর্ড দেখে একটু দুঃখই হতে পারে শেন ওয়াটসনের। তাঁর নিজের দেশের বিপক্ষে এই বোলিং-তাণ্ডবের কারণে নয়। নিজের একটি স্মৃতি মনে করেই ওয়াটসনের মন খারাপ হওয়াটা স্বাভাবিক। ২০১১ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ বলের ব্যবধানে ৫ প্রোটিয়া ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠিয়েছিলেন ওয়াটসন। মাত্র ২টি বলের জন্য দ্রুততম ৫ উইকেট দখলের কীর্তিতে ‘ইংলিশম্যান’ ছাড়িয়ে গেলেন ওয়াটসনকে। খারাপ পারফরম্যান্সের কারণে ট্রেন্টব্রিজ টেস্টের দল থেকে বাদ পড়ায় ওয়াটসনের দুঃখটা একটু জোরেই বাজবে এই অস্ট্রেলীয় অলরাউন্ডারের বুকে।