১৯৪ রানেই অলআউট বাংলাদেশের যুবারা
সেমিফাইনাল কিংবা ফাইনাল নয়, একেবারে শিরোপা জেতার স্বপ্ন নিয়ে শ্রীলঙ্কা গিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে সেমিফাইনালের যে ব্যাটিং করেছে বাংলাদেশের যুবারা, তাতে ফাইনালে উঠতে বিশেষ কিছু করে দেখাতে হবে বোলারদের। টসে জিতে ব্যাট করতে নেমে ১৯৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।
দলকে ভালো শুরুই এনে দিয়েছেন অধিনায়ক সাইফ হাসান ও সজীব হোসেন। তবে ৪২ রানে উদ্বোধনী জুটিটা ভেঙে যাওয়ার পর বড় কোনো জুটিই গড়তে পারেননি তাঁরা। পঞ্চম উইকেট জুটিতে ৪৮ রানই ইনিংস সর্বোচ্চ। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা বাংলাদেশ ইনিংসটা যখন থামল, তখনো ৯ বল বাকি।
দায় টপ অর্ডারের সব ব্যাটসম্যানের। অধিনায়ক সাইফ ২৭ বলে ২৬ রান করে আউট হওয়ার পর অন্য ওপেনার সজীব ফিরেছেন ১৮ রানে। আফিফ হোসেন (৩৬), হাবিবুর রহমান (১৮), রায়ান রাফসান রহমান (৩৮) ও মোহাম্মদ রকিব (২২)—সবাই শুরু করলেও ইনিংসের পূর্ণতা দিতে পারেননি। শ্রীলঙ্কার প্রবীণ জয়াবিক্রমা ২৫ রানে নিয়েছেন ৪ উইকেট, ২৯ রানে ৩ উইকেট হারিন বিরাসিংহা।
শ্রীলঙ্কার সঙ্গে সর্বশেষ চার যুব ওয়ানডের প্রতিটিতেই জিতেছে বাংলাদেশ। আজ সাফল্যটা ধরে রাখতে পারলেই যুব এশিয়া কাপের ফাইনাল। বোলাররা কি পারবেন?