১৯৯ রান যখন ১ রানের চেয়ে ছোট

ইশ্, মাত্র একটা রান! ১ রান করতে পারলেই হয়ে যায় ডাবল সেঞ্চুরি। কিন্তু সেটি যদি না করা যায়, তবে ফিরতে হয় লম্বা যাত্রা অসম্পূর্ণ থাকার বিরাট আফসোস নিয়ে। ১ রানে ফিরলেও হয়তো এতটা আফসোস হয় না। একটু আগে সে আফসোস নিয়েই ফিরেছেন ডিন এলগার।
পচেফস্ট্রুম টেস্টে বাংলাদেশের বিপক্ষে যেভাবে রানের বন্যা বইয়ে দিচ্ছে, তাতে খুশির আবহ থাকার কথা দক্ষিণ আফ্রিকার ড্রেসিংরুমে। কিন্তু এলগার ও এইডেন মার্করামের যেভাবে ফিরেছেন, তাতে আফসোসও নিশ্চয়ই হচ্ছে প্রোটিয়াদের। অভিষেক টেস্টে মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরির হাতছাড়া হয়েছে মার্করামের। এলগারের দুঃখটা তো আরও বড়। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাতছাড়া করেছেন মাত্র ১ রানের জন্য!
মোস্তাফিজুর রহমানকে পুল করতে গিয়ে এলগারের এই পরিণতি। তবে টেস্টে ১ রানের জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়ার ঘটনা নেহাত কম নয়। এলগারকে দিয়ে ১০ ব্যাটসম্যানের অভিজ্ঞতা হলো ১৯৯ রানে ফেরার। প্রথম এই তালিকায় নাম তুলেছিলেন মুদাসসর নজর। ১৯৮৪ সালের অক্টোবরে ফয়সালাবাদ টেস্টে ভারতের বিপক্ষে ১৯৯ রানে আউট হয়েছিলেন পাকিস্তানি ওপেনার। টেস্টে ১৯৯ রানে আউট হওয়া দ্বিতীয় ব্যাটসম্যান আজহার উদ্দিন। ১৯৮৬ সালের ডিসেম্বরে কানপুরে এই তিক্ত অভিজ্ঞতা হয়েছিল ভারতীয় সাবেক ব্যাটসম্যানের।
অ্যান্ডি ফ্লাওয়ারের বিষয়টি অবশ্য ভিন্ন। ২০০১ সালের সেপ্টেম্বরে হারারে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফলোঅনে পড়ে একাই লড়েছিলেন জিম্বাবুয়ের উইকেটকিপার ব্যাটসম্যান। দল ৩৯১ রানে অলআউট। ফ্লাওয়ার অপরাজিত ১৯৯ রানে। ফ্লাওয়ারের জন্য এটি বিরাট দুঃখগাথা হলে কুমার সাঙ্গাকারা সান্ত্বনা খুঁজবেন কার কাছ থেকে?
২০১২ সালের জুনে পাকিস্তানের বিপক্ষে গল টেস্টে সাঙ্গাকারার রান যখন ১৯৩, স্কোরবোর্ড দেখাচ্ছিল ১৯৪। ক্রিজের অন্য প্রান্তে ১১ নম্বর ব্যাটসম্যান নুয়ান প্রদীপ। অফ স্পিনার সাঈদ আজমলকে ছক্কা মেরেই সাঙ্গাকারা মেতে উঠলেন উৎসবে—হয়ে গেল ক্যারিয়ারের নবম ডাবল সেঞ্চুরি! ভুল ভাঙল সাজঘর থেকে আসা সতীর্থদের ইঙ্গিতে। বলা হলো, আরও ১ রান করতে হবে। কিন্তু ১ রান আর হলো না। দুই বল পরেই অন্য পাশে নিভে গেল নুয়ান প্রদীপের উইকেট-প্রদীপ। স্টেডিয়ামের স্কোরবোর্ডের ভুলে তালগোল পাকিয়ে অপরাজিত রইলেন ১৯৯ রানে। টেস্ট ইতিহাসে ১৯৯ রানে অপরাজিত থাকা দ্বিতীয় ব্যাটসম্যান এই লঙ্কান বাঁহাতি। ওই দিনই ছিল সাঙ্গার বাবার জন্মদিন। দিনের খেলা শেষে রসিকতা করে তাই বলেছিলেন, ‘আজ আমার বাবার জন্মদিন। ২০০ বা এ রকম কিছু করতে পারলে তাঁর জন্য উপহারটা আর কিনতে হতো না!’
নাম | মাঠ | প্রতিপক্ষ | বছর |
মুদাসসর নজর (পাকিস্তান) | ফয়সালাবাদ | ভারত | ১৯৮৪ |
মো. আজহারউদ্দিন (ভারত) | কানপুর | শ্রীলঙ্কা | ১৯৮৬ |
ম্যাথু এলিয়ট (অস্ট্রেলিয়া) | লিডস | ইংল্যান্ড | ১৯৯৭ |
সনাথ জয়সুরিয়া (শ্রীলঙ্কা) | কলম্বো | ভারত | ১৯৯৭ |
স্টিভ ওয়াহ (অস্ট্রেলিয়া) | ব্রিজটাউন | ওয়েস্ট ইন্ডিজ | ১৯৯৯ |
অ্যান্ডি ফ্লাওয়ার (জিম্বাবুয়ে)* | হারারে | দক্ষিণ আফ্রিকা | ২০০১ |
ইউনিস খান (পাকিস্তান) | লাহোর | ভারত | ২০০৬ |
ইয়ান বেল (ইংল্যান্ড) | লর্ডস | দক্ষিণ আফ্রিকা | ২০০৮ |
কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)* | গল | পাকিস্তান | ২০১২ |
স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া) | কিংস্টন | ওয়েস্ট ইন্ডিজ | ২০১৫ |
লোকেশ রাহুল (ভারত) | চেন্নাই | ইংল্যান্ড | ২০১৬ |
ডিন এলগার (দক্ষিণ আফ্রিকা) | পচেফস্ট্রুম | বাংলাদেশ | ২০১৭ |