১৯৯ রানে জিতল বাংলাদেশ

বাংলাদেশের ৩৯৪ রান দেখেই হয়তো ঘাবড়ে গিয়েছে আয়ারল্যান্ড উলভস! বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে বিশাল লক্ষ্যটা তাড়া করা কঠিন জেনে পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টাই হয়তো করেছে তারা। তবুও প্রস্তুতি ম্যাচে বিশাল ব্যবধানের হারটা এড়াতে পারেনি তারা, বাংলাদেশের কাছে হেরেছে ১৯৯ রানে।
শ্যানন-টেক্টরের ৫১ রানের ওপেনিং জুটি যা একটু উজ্জ্বল দিক উলভসের ইনিংসে। এর পর শুধুই উইকেট পড়ার মিছিল। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ধাক্কা খেতে খেতে চলতে থাকা উলভসের ইনিংস থেমেছে ৪১.২ ওভারে ১৯৫ রানে অলআউট হয়ে। মোস্তাফিজুর রহমান, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও সাকিব আল হাসান—প্রত্যেকে ভাগ করে নিয়েছেন ২টি করে উইকেট।
সাব্বির রহমানের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ৭ উইকেটে বাংলাদেশ গড়েছে ৩৯৪ রানের বিশাল স্কোর! তামিম-সৌম্য সরকারের ওপেনিং জুটি ৪৪ রানের ভালো শুরু এনে দেয় বাংলাদেশকে। প্রথম ১০ ওভারে বাংলাদেশের রান ছিল ১ উইকেটে ৪৯, রানরেট তখন ৪.৯। রানের গতি বাড়তে শুরু করে তামিম-সাব্বিরের তৃতীয় উইকেটে জুটিতে। ৮২ বলে এই জুটি যোগ করে ১০৩ রান। ৩৫ ওভারে ৩ উইকেটে ২৪২ রান করা বাংলাদেশ শেষ ৯০ বলে যোগ করেছে ১৫২ রান। সৌম্য বাদে বাংলাদেশের সব ব্যাটসম্যানেরই স্ট্রাইকরেট ১০০-এর ওপরে!
সাসেক্সে দুটি প্রস্তুতি ম্যাচে খেলেননি তামিম। পিঠের পুরোনো চোটের কারণেই সতর্কতা হিসেবে বিশ্রামে ছিলেন এ দুই ম্যাচে। আজ উলভসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে ২২ গজে ফিরেছেন তামিম। শুক্রবার থেকে শুরু ত্রিদেশীয় সিরিজের আগে ব্যাটে ভালোই শান দিয়েছেন, ১১ চারে ফিফটি ছুঁয়েছেন ৪৯ বলে। ম্যাকব্রায়ানের বল ডিপ কাভারে ইয়াংয়ের দারুণ ক্যাচ হওয়ার আগে বাঁহাতি ওপেনার করেছেন ৭৪ বলে ৮৬।
তবে তামিমের চেয়ে প্রস্তুতিটা বেশি ভালো হয়েছে সাব্বিরের। ৭ চার আর এক ছয়ে ফিফটি করেছেন ৪৯ বলে। ফিফটির পর তিনি আরও আক্রমণাত্মক। ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিতে খেলেছেন আর ৩৩ বল। ১৬ চার আর ১ ছক্কায় তিন অঙ্ক স্পর্শ করে সাব্বির জানিয়ে দিয়েছেন, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ আর ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফি স্মরণীয় করে রাখার অভিযানেই নেমেছেন তিনি। অবসর নিয়েছেন সেঞ্চুরি করার পরপরই।
সাব্বিরের অবসরের পর আইরিশদের ওপর চড়াও হয়েছেন মুশফিক-মাহমুদউল্লাহ। দুইজনের ৬ষ্ঠ উইকেট জুটিতে যোগ হয়েছে ৪৮ বলে ৯১ রান। মুশফিক করেছেন ২৪ বলে ৪১ আর মাহমুদউল্লাহ ৩১ বলে ৪৯ রান। দুজনই গেটক্যাটের শিকার।
ব্যাটিংটা শুধু ভালো নয়, দুর্দান্তই হয়েছে বাংলাদেশের। বোলাররা ঝালিয়ে নিয়েছেন দারুণভাবে। কাল থেকে শুরু ত্রিদেশীয় সিরিজটা বাংলাদেশ শুরু করতে যাচ্ছে টগবগে আত্মবিশ্বাস নিয়ে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ৩৯৪/৭ (সাব্বির ১০০, তামিম ৮৬, মাহমুদউল্লাহ ৪৯, সাকিব ৪৪, মুশফিক ৪১, মোসাদ্দেক ৩১, সৌম্য ১৭, মাশরাফি ৮*, গেটক্যাট ৩/৬০, ম্যাকব্রায়েন ২/৬৯)।
আয়ারল্যান্ড উলভস: ৪১.২ ওভারে ১৯৫ (টেক্টর ৬০, শ্যানন ৩১; মোস্তাফিজ ২/১৭, মাশরাফি ২/৩১, সাকিব ২/৩২, রুবেল ২/৩৫)।
ফল: বাংলাদেশ ১৯৯ রানে জয়ী।