২ উইকেটের আক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন শেষে হোল্ডাররা নিশ্চয়ই আক্ষেপ করছেন, শেষ ২ ওভারে ওই ২ উইকেট যদি হারাতে না হতো! শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ আবুধাবি টেস্টের দ্বিতীয় দিন শেষে করেছে ৪ উইকেটে ১০৬ রানে। পাকিস্তানের ৪৫২ রান এখন অনেক দূরের পথ।
দিনের খেলা শেষের ১ ওভার বাকি। রাহাত আলীর বলে স্লিপে ক্যাচ দিলেন মারলন স্যামুয়েলস। পরের ওভারে যেটা হলো সেটাকে স্রেফ পাগলামিই বলা উচিত। ইয়াসির শাহর বলটা কভারে ঠেলে রান নিতে চেয়েছিলেন ব্রাফেট। কিন্তু বিশু উল্টো তাঁকে ফেরত পাঠিয়ে দিলেন। ততক্ষণে বল চলে গেছে উইকেটকিপার সরফরাজের কাছে। নাইটওয়াচম্যান হিসেবে বিশু চাইলে ত্যাগ স্বীকার করতে পারতেন, কিন্তু রানআউট হলেন ব্রাফেটই। ওয়েস্ট ইন্ডিজ অবশ্য বড় আঘাত পেয়েছে তার আগেই, ৪৩ রানে ফর্মে থাকা ড্যারেন ব্রাভোকে ফিরিয়ে দিয়েছেন ইয়াসির শাহ। সেটি অবশ্য রিভিউ নিয়ে, আম্পায়ার গফ শুরুতে আউট দেননি। পরের বলেই স্যামুয়েলসকে আউট দিয়ে দিয়েছিলেন গফ। এবার স্যামুয়েলস বেঁচে যান রিভিউ নিয়ে।
তবে সকালে আফসোসে পুড়তে হয়েছে মিসবাহকে, মাত্র ৪ রানের জন্য ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি পাওয়া হয়নি। শেষ দিকে সরফরাজ ও নওয়াজের জন্য পাকিস্তান ৪৫০ পেরোতে পেরেছে। ক্যারিয়ারে প্রথমবারের মতো ইনিংসে ৫ উইকেট পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ পেসার শ্যানন গ্যাব্রিয়েল। ক্রিকইনফো।