২ উইকেটের সেশনে ম্যাথুসের শতক

শতক পান ম্যাথুসশামসুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেশনের প্রথম বলেই তাইজুল ইসলামকে নিজের উইকেটটা বলতে গেলে উপহার দিয়ে আসেন কুশল মেন্ডিস। বাংলাদেশের শুরুটা হয় দারুণ ইতিবাচকই। অ্যাঞ্জেলো ম্যাথুসের শতকে অবশ্য নিজেদের অবস্থানটা আরেকটু শক্ত করেছে শ্রীলঙ্কা। চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২৫৮ রান তুলেছে তারা। ম্যাথুস অপরাজিত আছেন ১১৪ রান করে, তাঁর সঙ্গী ৭৭ বলে ৩৪ রান করা দীনেশ চান্ডিমাল।

২ উইকেটে ১৫৮ রান নিয়ে চা-বিরতির পর ব্যাটিং শুরু করে শ্রীলঙ্কা। তাইজুলের প্রথম বলটা ছিল বেশ আলগা, প্রায় হাফ ট্র্যাকারটিকে অফ স্টাম্পের বাইরে থেকে টেনে খেলতে যান মেন্ডিস। শর্ট মিড উইকেটে নাঈম হাসানের হাতে যায় সহজ ক্যাচ। ১৩১ বলে ৫৪ রান করে ফেরেন মেন্ডিস।

তৃতীয় সেশনের প্রথম বলেই উইকেট পান তাইজুল
প্রথম আলো

ধনঞ্জয়া ডি সিলভাও বেশিক্ষণ টেকেননি। ম্যাথুসের সঙ্গে তাঁর চতুর্থ উইকেট জুটিতে ওঠে ২৫ রান। ডি সিলভা ২৭ বলে ৬ রান করে ফেরেন সাকিব আল হাসানের বলে। একটু ধন্দে পড়ে যাওয়া ডি সিলভা বলটা ডিফেন্ড করতে চেয়েছিলেন, তবে ব্যাটের ভেতরের দিকের অংশে পর প্যাডে লেগে ক্যাচ যায় স্লিপে। আম্পায়ার রিচার্ড কেটেলবোরো অবশ্য শুরুতে আউট দেননি। তবে বেশ আত্মবিশ্বাসীই ছিলেন সাকিব, বাংলাদেশ সে রিভিউয়ে সফলও হয়।

এর আগেই ম্যাথুসকে ফেরানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তাইজুল ইসলামের একটু টার্ন করা ডেলিভারিতে স্লিপে ক্যাচ তুলেছিলেন, বলে বাউন্সও ছিল। তবে সেটিতে শুধু আঙুল ছোঁয়াতে পেরেছেন মাহমুদুল।

আরও পড়ুন

দিনের বাকিটা সময় নিরাপদে পার করেন ম্যাথুস ও চান্ডিমাল। দ্বিতীয় নতুন বল নেওয়ার আগেই শরীফুলকে আনেন মুমিনুল, তবে পুরোনো বলে শরীফুল করেন মাত্র ৩ বল। দ্বিতীয় নতুন বলের প্রথম ডেলিভারিতেই চার মেরে ক্যারিয়ারের ১২তম শতক পেয়ে যান ম্যাথুস। মাইলফলকে যেতে তাঁর লাগে ১৮৩ বল। আগের সেশনের চেয়ে তুলনামূলক একটু দ্রুতগতিতে রান তুলেছে শ্রীলঙ্কা শেষে গিয়ে। তবে শেষ বেলায় বেশ সতর্ক ছিলেন ম্যাথুস ও চান্ডিমাল।

ধনঞ্জয়া ডি সিলভার উইকেটের পর সাকিবের উদ্‌যাপন
প্রথম আলো

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা প্রথম সেশনে হারায় ২ উইকেট। দিনের অষ্টম ওভারে বোলিংয়ে এসেই সাফল্য পান এ টেস্ট দিয়ে দলে ফেরা নাঈম হাসান। স্কিড করা বলটা ব্যাকফুটে কাট করতে গিয়ে শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে বলের লেংথ বুঝতে পারেননি, গতিটাও বিভ্রান্ত করেছে। জোরালো আবেদনে একটু দেরি করে সাড়া দিয়েছেন আম্পায়ার। করুনারত্নে রিভিউ নিলেও লাভ হয়নি। এরপর ওশাদা ফার্নান্ডোকেও প্রথম ফেরান নাঈম।

দ্বিতীয় সেশন অবশ্য উইকেটশূন্যই কাটাতে হয় বাংলাদেশকে। মেন্ডিসের সঙ্গে ম্যাথুসের তৃতীয় উইকেট জুটিই সে সময় ভাঙতে পারেননি স্বাগতিক বোলারেরা। ব্যক্তিগত ৩৮ রানে দাঁড়িয়ে অবশ্য রিভিউ নিয়ে বেঁচে যান ম্যাথুস। ওই সেশনে ৩২ ওভারে ৮৫ রান তোলে স্বাগতিকেরা।