২ কোটি থেকে দরের হাঁক কেপি-যুবির

টি-টোয়েন্টি লিগগুলোতে তিনি সব দলের কাছেই সোনার ডিম পাড়া হাঁস। কেভিন পিটারসেনকে তাই লুফে নিতে চায় সবাই। আর আইপিএল এমন একটা টুর্নামেন্ট, সেটি তো আক্ষরিক অর্থেই ডলার নামের স্বর্ণ ডিম্ব ধরিয়ে দিচ্ছে ক্রিকেট তারকাদের। দুই-দুই এভাবে চার মিললেও গতবার আইপিএল খেলেননি পিটারসেন। কাউন্টিতে সময়টা কাটিয়েছেন ইংল্যান্ড জাতীয় দলের মৃতপ্রায় ক্যারিয়ারটা বাঁচাতে। তাতে আম এবং ছালা দুই গেছে। কেপি আবার ফিরেছেন আইপিএলে।
এবারের আইপিএলের নিলামে সর্বোচ্চ ভিত্তি মূল্য ধরা হয়েছে যে ১২ ক্রিকেটারের, তার মধ্যে আছেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত এই ব্যাটসম্যান। কেপির মতো যুবরাজ সিংয়েরও দাম হাঁকা শুরু হবে ২ কোটি রুপি (প্রায় ২ লাখ ৯৬ হাজার ডলার) থেকে। যে দল সবচেয়ে বেশি দাম দেবে, সেই দলেই নাম লেখাবেন এঁরা। ২ কোটি রুপির এই ঘরে আছেন মিচেল মার্শ, শেন ওয়াটসন, ইশান্ত শর্মা; এমনকি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নেওয়া ‘মি. ক্রিকেট’ মাইক হাসিও।
দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইনের সঙ্গে ইংল্যান্ডের জশ বাটলার ও ভারতের মোহিত শর্মা আছেন দেড় কোটি রুপি ক্যাটাগরিতে। আর ইরফান পাঠান ও নিউজিল্যান্ডের টিম সাউদি আছেন ১ কোটি রুপি ক্যাটাগরিতে।
৬ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সেই নিলামে বাংলাদেশেরও বেশ কয়েকজন ক্রিকেটার থাকবেন। সব মিলিয়ে এবারের নিলামে অংশ নেওয়ার আগ্রহ দেখিয়েছেন ৭১৪ জন ক্রিকেটার। এর আগে গত ৩১ ডিসেম্বর নিলামের প্রথম ধাপ ‘ফার্স্ট ট্রেডিং’ - এ ৬১জন খেলোয়াড়কে ছেড়ে দিয়েছিল আইপিএলের দলগুলো। তাঁরাও আছেন এই তালিকায়। তবে এই তালিকা আরও ছোট হয়ে আসবে। আগামীকাল সোমবার এই ৭১৪ জনের মধ্যে বেছে নেওয়া খেলোয়াড়দের নিয়ে নিলামের জন্য সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে।
আইপিএলের গত আসরের নিলামে যুবরাজ সিংকে সবচেয়ে বেশি দামে কিনেছিল দিল্লি। কিন্তু হতাশার মৌসুম শেষেই আবার তাঁকে ছেড়েও দিয়েছিল। এবার নিশ্চিতভাবেই চিত্রনাট্যটা অন্যরকম চাইবেন যুবি।