২ রানে হারল যুব দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতে ৫ উইকেট নিয়ে শেষ ওভারে দরকার ১০ রান। টি-টোয়েন্টি যুগ, সমীকরণটা কঠিন কিছু নয়! কিন্তু সেটি আর মেলাতে পারল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথম তিন বলে তিন সিঙ্গেলে মাত্র ৩, সমীকরণটা তখন ৩ বলে ৭ রান। চতুর্থ বলে আউট সাইফউদ্দিন, পঞ্চম বলে ৪ নিহাদুজ্জমানের। শেষ বলে দরকার ৩ রান, কিন্তু পারলেন না নিহাদ। ডানহাতি পেসার জিয়াদ আব্রাহামসের বলে হয়ে গেলেন এলবিডব্লু। শ্বাসরুদ্ধকর ম্যাচে প্রোটিয়া যুবারা জিতে গেল ২ রানে। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে তৃতীয় যুব ওয়ানডেটা জিতে সাত ম্যাচ সিরিজটাকে ২-১ করে ফেলল প্রথম দুই ম্যাচে হারা দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সামনে লক্ষ্য ছিল ২৩০ রানের। ৩৫তম ওভার শেষেও ম্যাচটা বাংলাদেশের মুঠোয়। শেষ ১৫ ওভারে ৮ উইকেট হাতে নিয়ে দরকার মাত্র ৯৮। পরের দুই ওভারে জাকির হাসান ও সর্বোচ্চ স্কোরার সাইফ হাসানের বিদায়েই কিছুটা কঠিন হয়ে পড়ে রান তাড়া। সাইফ ১১২ বলে ৩ চার ও ২ ছয়ে করেছেন ৭০।
এর আগে টস জিতে ব্যাট করে ৮ উইকেটে ২২৯ রান করে দক্ষিণ আফ্রিকা। ৪ নম্বর ব্যাটসম্যান দায়ান গালিয়েম করেন সর্বোচ্চ ৫১ রান। ম্যাচসেরাও তিনি। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বাঁহাতি স্পিনার সালেহ আহমেদ ৪১ রানে নিয়েছেন ৩ উইকেট।
সিরিজের চতুর্থ ম্যাচ আগামীকাল একই ভেন্যুতে।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২২৯/৮ (গালিয়েম ৫১, ভেরেইন ৪০, মুনস্যামি ৩৬, ফক্সক্রফট ৩৬, ইব্রাহিম ৩১ *; সালেহ ৩/৪১, নাজমুল ১/১৫, নিহাদুজ্জামান ১/২৯, সঞ্জিত ১/৩৭, সাইফউদ্দিন ১/৩৮)।
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯: ৫০ ওভারে ২২৭/৭ (সাইফ ৭০, সাইফউদ্দিন ৩৬, মোসাব্বেক ৩৫, জাকির ৩০; আব্রাহামস ৩/৩১, ইব্রাহিম ১/২৩, গালিয়েম ১/৪২, ফক্সক্রফট ১/৪৪)।
ফল: দ. আফ্রিকা অনূর্ধ্ব-১৯ জয়ী ২ রানে। ম্যান অব দ্য ম্যাচ: দায়ান গালিয়েম।