২-১ করে ফেলল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দল বেঁধে টস করতে এসে ম্যাচ শুরুর আগেই সবাইকে চমকে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কেন এই অভূতপূর্ব দৃশ্য? সবাই যখন এই প্রশ্নের উত্তর খুঁজছে, তখনই এল বড় খবরটা। সিরিজের মাঝপথে চতুর্থ ওয়ানডে শেষেই দেশে ফিরে যাচ্ছেন ক্যারিবীয় ক্রিকেটাররা। কাল ধর্মশালায় ওয়েস্ট ইন্ডিজের খেলাতেও যেন দেশে ফেরার তাড়া দেখা গেল। বাজে বোলিং, বাজে ফিল্ডিংয়ে ক্যাচ মিসের মহড়া। ওয়েস্ট ইন্ডিজ যেন খেলার মধ্যেই ছিল না। ভারতের অন্য ভেন্যুগুলোর চেয়ে ধর্মশালার উইকেটটা বেশি বাউন্সি হলেও ক্যারিবীয় পেসাররা সেটার সুবিধা নেওয়ার চেষ্টাই করলেন না। ফল, বাউন্ডারির ফুলঝুরি ছুটিয়ে ভারত করে ফেলল ৩৩০ রান। রান তাড়া করতে এসে ২৭১ রানে অলআউট হয়ে ৫৯ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।
সিরিজের শেষ ওয়ানডেটি ২০ অক্টোবর কলকাতায় হওয়ার কথা ছিল। কিন্তু মাঝপথেই সফরকারীরা সিরিজ বর্জন করায় গতকালের জয়েই ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল মহেন্দ্র সিং ধোনির দল।
ভারতের জয়ের নায়ক বিরাট কোহলি। গত এশিয়া কাপের পর কালই প্রথম সেঞ্চুরি পেলেন, যা তাঁর ওয়ানডে ক্যারিয়ারের ২০তম। ১১৪ বলে ১২৭ করেছেন ১৩ চার ও ৩ ছক্কায়। হাফ সেঞ্চুরি পেয়েছেন ওপেনার রাহানে ও রায়না।
বড় লক্ষ্য তাড়া করার জন্য যে রকম ভালো একটা সূচনার দরকার, সেটা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ১২১ রান তুলতেই তারা হারিয়ে ফেলে ৫ উইকেট। ৪ নম্বরে উইকেটে আসা স্যামুয়েলস ১০৬ বলে ৯টি চার ও ৬টি ছয়ে ১১২ রান করলেও তা ব্যবধান কমানো ছাড়া কোনো কাজে আসেনি। ক্রিকইনফো।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ৫০ ওভারে ৩৩০/৬ (রাহানে ৬৮, ধাওয়ান ৩৫, কোহলি ১২৭, রায়না ৭১, ধোনি ৬, জাদেজা ২, রায়ডু ১২*; টেলর ১/৭৭, হোল্ডার ১/৫২, রাসেল ১/৪৮, বেন ১/৩০, স্যামুয়েলস ০/৫৪, ডোয়াইন ব্রাভো ০/৫১, পোলার্ড ০/১২)।
ওয়েস্ট ইন্ডিজ: ৪৮.১ ওভারে ২৭১ (স্মিথ ০, ড্যারেন ব্রাভো ৪০, পোলার্ড ৬, স্যামুয়েলস ১১২, রামদিন ৯, ডোয়াইন ব্রাভো ০, স্যামি ১৬, রাসেল ৪৬, হোল্ডার ১১, টেলর ১১, বেন ১*; ভুবনেশ্বর ২/২৫, যাদব ২/৪৪, সামি ২/৭২, কোহলি ০/১৪, অক্ষর ২/২৬, জাদেজা ২/৮০)।
ফল: ভারত ৫৯ রানে জয়ী।