২-২ সিরিজে জয় তো জিম্বাবুয়েরই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টি সিরিজের ট্রফিটা কাল ভাগাভাগি করে নিলেন বাংলাদেশ ও জিম্বাবুয়ের দুই অধিনায়ক মাশরাফি-চিগুম্বুরা l শামসুল হক
টি-টোয়েন্টি সিরিজের ট্রফিটা কাল ভাগাভাগি করে নিলেন বাংলাদেশ ও জিম্বাবুয়ের দুই অধিনায়ক মাশরাফি-চিগুম্বুরা l শামসুল হক

ম্যাচ শেষ হতে না-হতেই দুই প্রান্তের তিন-তিন ৬টি স্টাম্পই উধাও!
বেশিক্ষণের জন্য অবশ্য নয়। সেগুলোর দেখা মিলল মাঠ ছাড়তে থাকা জিম্বাবুইয়ানদের হাতে হাতে। তাঁদেরই একজন নেভিল মাদজিভা মুষ্টিবদ্ধ স্টাম্প হাতে এমন হুংকার ছাড়তে ছাড়তে বেরোলেন যে, কারও মনে হতেই পারত জিম্বাবুয়ে বুঝি সিরিজ জিতেছে!
আসলে যে জেতেনি, আপনিও তা জানেন। সিরিজ শুরুর আগে ট্রফি হাতে নিয়ে পোজ দিয়েছিলেন দুই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও এলটন চিগুম্বুরা। সিরিজ শেষেও ফিরে এল সেই ছবিটা। দুই অধিনায়কের হাতেই ট্রফি।
তাই বলে মাদজিভা এমন কিছু বাড়াবাড়ি করেননি। জিম্বাবুয়ে জেতেনি, আবার জিতেছেও! প্রথম দুই ম্যাচে হারার পর পরের দুটিতে এভাবে ফিরে এসে সিরিজে সমতা আনাও তো একরকম জয়ই।
কালকের ম্যাচটা বাংলাদেশ কোথায় হারল, সেই কারণ খুঁজতে একটুও গলদঘর্ম হতে হচ্ছে না। ইনিংসের প্রথম ১৬ বলে ৪ উইকেট হারিয়ে ফেলার পর কোনো দল আর জেতে কীভাবে! তার ওপর জয়ের লক্ষ্যটা যদি এমন হয় যে, যা এর আগে কোনো দিন করার সাধ্য হয়নি।
ওই ৪ উইকেট ৯ বলের মধ্যে। ৪ উইকেটে ১৭ হয়ে যাওয়ার পরও যে শেষ পর্যন্ত ১৬২ হলো, সেটিই তো আসলে অনেক। পরাজয়ের ব্যবধান ১৮ রান এবং একটি ওভার বাকি থাকতেই ইনিংস শেষ হয়ে যাওয়া পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে, একটু এদিক-ওদিক হলে এই ম্যাচ বাংলাদেশ এমনকি জিতেও যেতে পারত!
টপ অর্ডারের অমন হুড়মুড় করে ভেঙে পড়া আড়াল করে দিচ্ছে, তবে বোলিংও কিন্তু এই পরাজয়ে কম ভূমিকা রাখেনি। এতটাই যে, ফুল টস আর লং হপের কলঙ্কে জর্জরিত বাজে বোলিংয়ে আবু হায়দার ও তাসকিনের দুর্দান্ত দুটি ইয়র্কারকে মনে হচ্ছে মায়াবী বিভ্রম!
প্রথমটিতে মুতুম্বামি বোল্ড, দ্বিতীয়টিতে ওয়ালার। মুতুম্বামির সেটি বোনাস ‘জীবন’, আবু হায়দার তাঁর প্রথম ওভারেই তাঁকে ফিরিয়ে দিচ্ছিলেন। পারেননি তাসকিন ক্যাচটি ধরতে না পারায়। পারলে দ্বিতীয় ওভারেই জিম্বাবুয়ে ২ উইকেটে ১৬ হয়ে যায়। যেখানে জিম্বাবুয়ের দ্বিতীয় উইকেট পড়ল কি না একাদশ ওভারে, স্কোরবোর্ডে ততক্ষণে ৮৪।
বাংলাদেশের মতো জিম্বাবুয়েরও টি-টোয়েন্টিতে কোনো সেঞ্চুরি নেই। এই ব্যর্থতায় বাংলাদেশকে ‘একা’ বানিয়ে ফেলার কাজটা প্রায় করেই ফেলেছিলেন হ্যামিল্টন মাসাকাদজা। পারলেন না মাত্র ৭ রানের জন্য।
জিম্বাবুয়ের ইনিংসে মাসাকাদজার অপরাজিত ৯৩-ই বেশি জ্বলজ্বলে। তবে ইনিংসটাকে এক ধাক্কায় অনেকটা এগিয়ে দেওয়ার কাজটা কিন্তু করলেন ওয়ালার। ২০০ স্ট্রাইক রেটে তাঁর ৩৬। যেটি খেলার পথে ছাড়িয়ে গেলেন অ্যারন ফিঞ্চকেও। ফিঞ্চের ১৫২.৪১ ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্যারিয়ার-সেরা স্ট্রাইক রেট এখন ওয়ালারের ১৫৩.৬১। বাংলাদেশের বিপক্ষে ৮ ম্যাচে যা আরও বেশি (১৭৮.৯৪)।
ফুল টস-লং হপ করায় বাংলাদেশের বোলারদের সঙ্গে অবশ্য ভালোই পাল্লা দিয়েছেন জিম্বাবুইয়ানরা। পার্থক্য হলো, মাসাকাদজা-ওয়ালাররা যেখানে সেগুলোর পাওনা বুঝিয়ে দিয়েছেন, বাংলাদেশের ব্যাটসম্যানরা উল্টো উইকেট দিয়ে এসেছেন সেসবে। সাব্বির-ইমরুল-নুরুল চার-ছয় মারার বলে আউট হয়েছেন। সৌম্য-সাকিবও ‘উপহার’-ই দিয়েছেন বোলারদের।
ব্যাটিং ভালো হয়নি, বোলিং যাচ্ছেতাই, ফিল্ডিংও ভালো হয়নি। পরাজয়ের এত সব দৃশ্যমান কারণ থাকার পরও মনে হচ্ছে, এই ম্যাচের ফলটা বোধ হয় আগের ম্যাচই ঠিক করে দিয়েছে!
খেলাধুলায় ‘মোমেন্টাম’ শব্দটা যে অর্থে ব্যবহৃত হয়, সেটির আক্ষরিক বাংলা করা খুব কঠিন। একটা দল ভালো খেলতে থাকলে, জিততে থাকলে আত্মবিশ্বাসের জ্বালানি বিরূপ পরিস্থিতিতেও পার করে নিয়ে যায়। সেই ‘মোমেন্টাম’-এর হাতবদল হতেও কিন্তু সময় লাগে না। তৃতীয় ম্যাচে ব্যাখ্যার অতীত এক দল নামিয়ে কোচ চন্ডিকা হাথুরুসিংহেই ডেকে এনেছেন সেই সর্বনাশ। নইলে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুটি সিরিজই হেরে বিপর্যস্ত জিম্বাবুয়ের এখানে প্রথম দুই ম্যাচ হারার পর আর ঘুরে দাঁড়ানোর শক্তি ছিল না।
সিরিজ হারার ভয় ছিল না। তবে কালকের ম্যাচে সবচেয়ে বড় ভয় ছিল মাঠের বাইরে। বন্যার জলের মতো দর্শক ঢুকেছেন মাঠে, এর মধ্যে কয়েক হাজার টিকিট ছাড়াই। ফেন্সিং উপচে পড়া দর্শক, ছাদে দর্শক...গ্যালারিতেও তাই বাংলাদেশের ইনিংসের শুরুর বিপর্যয়ের মতো কিছু ঘটে যাওয়ার আশঙ্কা ছিল। এতটাই যে, গেটে পুলিশ প্রশাসনের ইচ্ছাকৃত বা অক্ষমতাজনিত ব্যর্থতায় ক্ষুব্ধ বিসিবি ভবিষ্যতে খুলনায় খেলা না দেওয়ার কথাও ভাবছে।
সেটি হলে তা বড় দুঃখের ব্যাপার হবে। শান্ত-নিরিবিলি এই খুলনায় ক্রিকেট দেখার একটা আলাদা মজা আছে।


জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৮০/৪; বাংলাদেশ: ১৯ ওভারে ১৬২; ফল: জিম্বাবুয়ে ১৮ রানে জয়ী