২-৩ সপ্তাহ মাঠের বাইরে তাসকিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাসকিন আহমেদ
তাসকিন আহমেদ

পুরোনো চোট নতুন করে ফিরে এল। ছিটকে ফেলল তাসকিন আহমেদকে। শরীরের বাঁ পাশের ব্যথাটা ফিরে এসেছিল দ্বিতীয় ওয়ানডে চলাকালেই। ওটা বেড়ে যায় তৃতীয় ওয়ানডের আগে অনুশীলনের সময়। তাই খেলা হয়নি শেষ ওয়ানডেতে। ওই ম্যাচের আগে এমআরআই করানো হয়েছিল। কাল পাওয়া রিপোর্ট বলছে, চোটটা মোটামুটি গুরুতরই। তাই বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে অন্তত দুই-তিন সপ্তাহের জন্য বিশ্রাম দেওয়া হচ্ছে তাসকিনকে।
দরজায় কড়া নাড়া দক্ষিণ আফ্রিকা সিরিজটা স্বাভাবিকভাবেই অনিশ্চিতই হয়ে গেল তাঁর জন্য। তবে বিসিবির একটি সূত্রের খবর, বোর্ডের চাওয়া, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অন্তত ওয়ানডে সিরিজটা খেলুক এই পেসার। ওই ওয়ানডে সিরিজের পর এ বছর বাংলাদেশের আর কোনো ওয়ানডে নেই। অস্ট্রেলিয়ার সঙ্গে শুধুই টেস্ট খেলবে বাংলাদেশ। তাই বোর্ডের চাওয়া, আগামী ১০ জুলাই থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেই পুরোপুরি বিশ্রামে যাবেন তাসকিন।
২টি টি-টোয়েন্টি, ৩টি ওয়ানডে ও ২টি টেস্টের সিরিজ খেলতে ৩০ জুন বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা। ৫ ও ৭ জুলাই দুটি টি-টোয়েন্টি। ওয়ানডে তিনটি ১০, ১২ ও ১৫ জুলাই।