২০ ওভারেই জয় যুবাদের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম-অ্যাওয়ে দুটি সিরিজেই দুর্দান্ত জয়ের পর মাঝখানে ছিল ছন্দপতন। ভারত সফরটা ভালো যায়নি যুবাদের! সেই ছন্দ আর আত্মবিশ্বাস দুটিই ফিরিয়ে আনল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওয়েস্ট ইন্ডিজ যুবদলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি জিতল ৮ উইকেটে, ১৭৭ বল হাতে রেখে। ৫০ ওভারের ম্যাচ জিততে বাংলাদেশকে খেলতে হয়েছে মাত্র ২০ ওভার ৩ বল!
বাংলাদেশের যুবাদের মূল শক্তি স্পিন। সেখানেই ওয়েস্ট ইন্ডিজের যুবাদের দুর্বলতা। স্পিনারদের খেলতেই পারেননি ‘আগামীর গেইলরা’। ১ উইকেটে ৫৯ রান তুলেও স্পিনে হাঁসফাঁস। মাত্র ৫৫ রানে শেষ ৯ ব্যাটসম্যানকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ অলআউট হয়ে যায় স্কোরবোর্ডে ১১৪ জমা করতেই। পিনাক ঘোষ আর জয়রাজ শেখের উইকেট দুটি হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি যুবারা শেষ করে দিলেন ভরদুপুরেই। ৪১ রানে অপরাজিত থাকেন নাজমুল হোসেন, ৩৯ রানে সাইফ হাসান।
বাঁহাতি স্পিনার সালেহ আহমেদ ২৪ রানে ৪ উইকেট নিয়েছেন। তিনিই ম্যাচের সফলতম বোলার। মজার ব্যাপার, ক্যারিবীয়দের ৫ উইকেট পড়ে যাওয়ার পরও কিন্তু উইকেটশিকারিদের তালিকায় সালেহর নাম ওঠেনি! ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে ধসের শুরুটা করেন সনজিত সাহা। টানা দুই ওভারে হেটমেয়ার ও পোপকে তুলে নেন তিনি। চতুর্থ উইকেটটাও পড়েছে সনজিতের করা রানআউটে।
ষষ্ঠ উইকেট থেকে সালেহর শিকার শুরু। সনজিতের ‘শুরু’র শেষটা টেনে দিলেন তিনিই। মাঝখানে ২ উইকেট নিয়ে ভূমিকা রাখলেন সাঈদ সরকার। সাঈদ ও সালেহর রুদ্রমূর্তির সামনে ৩ রানেই শেষ ৫ উইকেট হারিয়েছে ক্যারবীয়রা। ৯ ওভারে ৯ রান দিয়েছেন সাঈদ। ৮ ওভারে ১৪ রান দিয়েছেন সনজিত। তিন স্পিনার মিলে ২৬.২ ওভার বল করে মাত্র ৪৭ রান দিয়ে নিয়েছেন ৮ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের দুর্দশার সাক্ষী হিসেবে থাকছে তাদের আট ব্যাটসম্যান মিলে ২৫ রান তোলার তথ্যটিও।
অবশ্য এই ম্যাচেই যুব ওয়ানডে অভিষেক হয়েছে নয় ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড়ের। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ আগামী বৃহস্পতি ও শনিবার, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯: ৩৯.২ ওভারে ১১৪ (পোপ ৩১, স্টুয়ার্ট ৩০, হেটমায়ার ১৬, গুলাই ৯; সালেহ আহমদ ২৪/৪, সাঈদ ৯/২, সনজিত ১৪/২, সাইফুদ্দিন ১৬/১)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২০.৩ ওভারে ১১৬/২ (নাজমুল ৪১*, সাইফ ৩৯*, জয়রাজ ১৮, পিনাক ৩; স্মিথ ২৩/১, ম্যাকয় ২৪/১)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৮ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: সালেহ আহমদ।