২০ বছর আগের বেনোনির ঘটনাই উল্টো হয়ে ফিরল সেঞ্চুরিয়নে
টেস্ট মর্যাদা পাওয়ার দুই বছরও পূর্ণ হয়নি তখন। ২০০২ সালে সেপ্টেম্বর-অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরে যায় বাংলাদেশ। সবার মধ্যেই শঙ্কা—কী হয়, কী হয়। গ্যারি কারস্টেন, হার্শেল গিবস, গ্রায়েম স্মিথ, মাখায়া এনটিনি, জ্যাক ক্যালিসদের দক্ষিণ আফ্রিকা তখন দুর্দান্ত এক দল। সে তুলনায় আন্তর্জাতিক ক্রিকেটে হাঁটি হাঁটি পা পা করে এগোনোর চেষ্টা করছে বাংলাদেশ। ক্রিকেটপ্রেমীদের মধ্যে যাঁরা সেই সফরের সাক্ষী, তাঁরা দুঃস্বপ্নের সেই সফর ভুলে থাকতে পারলেই যেন বাঁচেন।
কী অসহায় অবস্থার মধ্যেই না পড়েছিলের খালেদ মাসুদ, খালেদ মাহমুদ, অলক কাপালি, আল শাহরিয়াররা। টেস্ট কিংবা ওয়ানডে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সেই সফরকে এককথায় বলা দেওয়া যায়—লজ্জাজনক।
দক্ষিণ আফ্রিকার সে সময়ের শক্তির বিচারে ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ ছিল নিতান্তই শিশু। অসম এক লড়াই হয়েছিল দুই দলের মধ্যে। যে ব্যাপারটি বেশি পীড়াদায়ক—বাংলাদেশি ক্রিকেটারদের লড়াইয়ের ধরন। নিজেদের খেলাটাই সে সফরে খেলতে পারেননি তাঁরা। দুটি টেস্টেই ইনিংস ব্যবধানে হার তো ছিলই, ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচে বাংলাদেশের হার ছিল যথাক্রমে ১৬৮ রানে, ১০ উইকেটে আর ৭ উইকেটে।
সেই সফরের ২০ বছর পূর্তিকালে সেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতেই ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। কাল রাতে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের অনেকেই হয়তো ফিরে গিয়েছিলেন ২০ বছর আগের সেই দুঃস্বপ্নের দিনগুলোতে। আনন্দের দিনগুলোতে অতীতের দুঃস্বপ্নের কথা যে কিছুটা হলেও মনে পড়ে। আক্ষেপের কথায় আনন্দের সময়টা আরও দুর্দান্ত হয়ে ওঠে।
২০ বছর আগের সেই ম্যাচগুলোর স্মৃতিচারণায় অদ্ভুত একটা ব্যাপারও চোখে পড়ে। কাকতালীয় ব্যাপারগুলো মাঝেমধ্যে কেমন ভুতুড়ে হয়ে ওঠে। ২০০২ সালে বেনোনির দ্বিতীয় ওয়ানডের স্কোরকার্ডে যে কারও নজর আটকে যেতে বাধ্য। কী আশ্চর্য! কাল সেঞ্চুরিয়নে বেনোনির সেই ওয়ানডে ম্যাচটিরই যেন ‘রি-মেক’ দেখা গেল। নতুন চিত্রনাট্যে কেবল বদলে গেছে জয়ী আর বিজিত দলের নাম। ফলেও হয়েছে একটু এদিক-ওদিক।
দুই দশক আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বেনোনির সেই ম্যাচেও টসে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু সে ম্যাচে বাংলাদেশকে করতে হয়েছিল ব্যাটিং। গোটা ৫০ ওভার ধুঁকে ধুঁকে বাংলাদেশ স্কোরবোর্ডে তুলেছিল ১৫৪! কাল সেঞ্চুরিয়নে প্রথমে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যাওয়া সেই ১৫৪ রান! ২০০২ সালে বেনোনির সেই ম্যাচে বাংলাদেশের ১৫৪ রান প্রোটিয়ারা তাড়া করেছিল ২০.২ ওভারেই। হার্শেল গিবস খেলেছিলেন ৬৬ বলে ৯৭ রানের এক ইনিংস। দক্ষিণ আফ্রিকা জিতেছিল ১০ উইকেটে।
কাল সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার ১৫৪ রান তাড়া করেছে বাংলাদেশ তামিম ইকবাল ও লিটন দাসের ব্যাটিংয়ে মাত্র ২৬.৩ ওভারে। তামিম করেছেন ৮৭, লিটন ৪৮। ২০ বছর আগের সেই ফলের প্রায় উল্টোটাই ঘটেছে কাল প্রিটোরিয়ার সেঞ্চুরিয়নে। বাংলাদেশ কেবল পারেনি ম্যাচটা ১০ উইকেটে জিততে। লিটন ১২৭ রানের মাথায় ফিরে যাওয়ায় পুরোপুরি উল্টে দেওয়া যায়নি বেনোনির সেই ফল।
২০০২ সালের সেই সফরের প্রথম ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার ৩০১ রানের লক্ষ্য পেরোতে গিয়ে ১৬৮ রানে হেরেছিল বাংলাদেশ। পোচেফস্ট্রুমের সেই ম্যাচে হার্শেল গিবস একাই করেছিলেন ১৩১ বলে ১৫৩ রানের ইনিংস। বাংলাদেশ গুটিয়ে গিয়েছিল ১৩৩ রানে। জ্যাক ক্যালিস ৩৩ রানে নিয়েছিলেন ৪ উইকেট। ২০ বছর পর বাংলাদেশ এবারের দক্ষিণ আফ্রিকা সফর শুরুই করেছিল ৩১৪ রানের সংগ্রহ দিয়ে।
নাহ! আনন্দের দিনে অতীত দুঃখের দিনলিপি আসলেই ভবিষ্যতের জন্য সাহস জোগায়।