২০ বছর পর পাকিস্তান...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয় তখন হাতছোঁয়া দূরত্বে। অস্ট্রেলিয়ার শেষ উইকেটটির জন্য সমস্বরে আপিল। তাতে সফল পাকিস্তানিরা l এএফপি
জয় তখন হাতছোঁয়া দূরত্বে। অস্ট্রেলিয়ার শেষ উইকেটটির জন্য সমস্বরে আপিল। তাতে সফল পাকিস্তানিরা l এএফপি

অস্ট্রেলিয়াকে ইতিহাসের পাঠই দিল দুবাই টেস্ট!
শুরুটা করেছিলেন ইউনিস খান। ১৯৭৪ সালের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া সেঞ্চুরি পাননি কোনো ব্যাটসম্যান। পরশু ইউনিস ফিরিয়ে দিলেন ভুলে যেতে বসা সেই স্বাদটা।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে পিছিয়ে পড়াটাও অস্ট্রেলিয়ার ভুলে যাওয়ার কথা। ২০ বছর তো আর কম সময় নয়! কাল সিরিজের প্রথম ম্যাচটা হেরে সেই স্মৃতিও তুলে আনল অস্ট্রেলিয়া। ১৯৯৪ সালের পর পাকিস্তান এই প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো সিরিজে এগিয়ে গেছে ২২১ রানের বড় জয় তুলে নিয়ে। মিসবাহ-উল-হকের দলের সামনে এখন ২০ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি। ৩০ অক্টোবর থেকে শুরু হওয়া আবুধাবি টেস্টে হার এড়ালেই চলবে পাকিস্তানের।
৪৩৮ রানের লক্ষ্য, চতুর্থ দিন শেষেই ৫৯ রান তুলতেই নেই ৪ উইকেট। দেখার ছিল পাকিস্তানি স্পিনারদের সামনে অস্ট্রেলিয়া কতটা সময় টিকে থাকতে পারে। কাল সকালের সেশনে আরও ৩ উইকেট হারিয়ে ফেললেও অস্ট্রেলিয়ার লেজের ব্যাটসম্যানরা ম্যাচটাকে শেষ সেশন পর্যন্তই নিয়ে গেছেন। নয়ে নেমে ফিফটি করা মিচেল জনসন অষ্টম উইকেটে ৬৫ রান যোগ করেছেন স্টিভেন স্মিথের সঙ্গে। মাত্রই তৃতীয় টেস্ট খেলতে নামা বাঁহাতি স্পিনার জুলফিকার বাবর প্রথমবারের মতো পেয়েছেন ৫ উইকেট। সঙ্গী নবাগত লেগ স্পিনার ইয়াসির শাহর ৪ উইকেট। অনভিজ্ঞ স্পিন জুটির দারুণ বোলিংয়েই প্রথম টেস্ট জয়ের ৬২তম বার্ষিকীতে আরেকটি স্মরণীয় জয় পেল পাকিস্তান। ক্রিকইনফো, টেন ক্রিকেট।