২০ বছর পর পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়াকে তুলাধোনা করে টেস্ট সিরিজ জেতা পাকিস্তানি ক্রিকেটারদের মুখে এই হাসিটাই মানায়। কাল আবুধাবিতে সিরিজ জয়ের ট্রফি নিয়ে মিসবাহ-ইউনিসরা l ক্রিকইনফো
অস্ট্রেলিয়াকে তুলাধোনা করে টেস্ট সিরিজ জেতা পাকিস্তানি ক্রিকেটারদের মুখে এই হাসিটাই মানায়। কাল আবুধাবিতে সিরিজ জয়ের ট্রফি নিয়ে মিসবাহ-ইউনিসরা l ক্রিকইনফো

‘হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান

অপমানে হতে হবে তাহাদের সবার সমান!’

অস্ট্রেলিয়া অপমানিতই হলো। অপমানিত হলো এমন এক প্রতিপক্ষের কাছে, যারা গত ২০ বছরে শুধু হেনস্থাই হয়েছে তাদের কাছে। দুই ম্যাচের সিরিজ। ২-০ ব্যবধানে জয়। অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করেই দুই দশকের যন্ত্রণার উপশম হলো পাকিস্তানের।

আবুধাবি টেস্টের চতুর্থ দিনেই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল ১৯৯৪ সালের পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে যাচ্ছে পাকিস্তান। ৬০৩ রানের লক্ষ্য, ১৪৩ রান তুলতে ৪ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। কাল শেষ দিনে লাঞ্চের পর ২০ মিনিটের এক ঘূর্ণিঝড়, তাতেই শেষ মাইকেল ক্লার্কের দলের প্রতিরোধ। ৪৬ বলের মধ্যে ৮ রান তুলতেই নেই শেষ ৫ উইকেট। ২৩৮ রান নিয়ে লাঞ্চে যাওয়া অস্ট্রেলিয়া অলআউট ২৪৬ রানে। পাকিস্তান জিতেছে ৩৫৬ রানে। রানের হিসাবে নিজেদের টেস্ট ইতিহাসে পাকিস্তানের সবচেয়ে বড় জয়। আর গত ৩৪ বছরের মধ্যে রানের দিক দিয়ে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় পরাজয়। ১৯৮০ সালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪০৮ রানে হারা অস্ট্রেলীয়দের এটি তৃতীয় বৃহত্তম হার। সবচেয়ে বড় ব্যবধানে তারা হেরেছিল সেই ১৯২৮ সালে, ব্রিসবেনে—ইংল্যান্ডের কাছে ৬৭৫ রানে। সবচেয়ে বেশি রানে হারের বিশ্ব রেকর্ড হয়ে আছে এটাই।

অস্ট্রেলিয়ার শেষ ৫ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন জুলফিকার বাবর ও ইয়াসির শাহ। দুই ম্যাচে অস্ট্রেলিয়ার ৪০ উইকেটের ২৬টিই উঠেছে এই দুই স্পিনারের হাতে। অথচ সিরিজ শুরুর আগে ছয়টি মাস স্পিনে দক্ষ হওয়ার জন্য কী চেষ্টাটাই না করেছে অস্ট্রেলিয়া। সাঈদ আজমলের দুসরার কথা মাথায় রেখে মুত্তিয়া মুরালিধরনের সাহায্যও নিয়েছিল দলটি। আজমল নিষিদ্ধ, কিন্তু অস্ট্রেলীয়রা ধরাশায়ী দুই অনভিজ্ঞ স্পিনারের কাছে। শেষ দিনে অস্ট্রেলিয়ার হয়ে যা একটু লড়াই করেছেন স্টিভেন স্মিথ ও মিচেল মার্শ। পঞ্চম উইকেটে ১০৭ রানের জুটি গড়েছেন স্মিথ ও মার্শ। ৩ রানের জন্য সেঞ্চুরিবঞ্চিত স্মিথ ও মার্শ ফিফটি পাননি ৩ রানের জন্য।

আজমল, জুনাইদ, রিয়াজ—এই তিন প্রধান বোলারকে ছাড়াই অস্ট্রেলিয়াকে হারানো পাকিস্তানের জন্য বিশাল অর্জন। দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড ছোঁয়া ও দ্রুততম ফিফটির বিশ্ব রেকর্ড ভাঙা পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক তো এটিকেই বলছেন পাকিস্তানের ‘সর্বকালের সেরা’ জয়।

২-০ তে সিরিজ জিতে ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও ভারতকে টপকে পাকিস্তান উঠে গেল টেস্ট র‍্যাঙ্কিংয়ের তিনে। হেরেও অস্ট্রেলিয়ার আছে দ্বিতীয় স্থানেই। এএফপি, ক্রিকইনফো।

টেস্টে পাকিস্তানের বড় জয় (রানে)

             বিপক্ষ                  ভেন্যু            সাল

৩৫৬    অস্ট্রেলিয়া           আবুধাবি        ২০১৪

৩৪১    ভারত                  করাচি         ২০০৬

৩০১    শ্রীলঙ্কা                কলম্বো         ১৯৯৪

২৯৯    নিউজিল্যান্ড        অকল্যান্ড       ২০০১

২৬৬    ওয়েস্ট ইন্ডিজ   পোর্ট অব স্পেন   ১৯৭৭