২০ বছর পর লর্ডসে মুশতাকের পাশে ইয়াসির

বুক ডন দিয়ে সেঞ্চুরি উদ্যাপন করেছিলেন মিসবাহ-উল-হক। লর্ডসে অসাধারণ অর্জনের পর অধিনায়কের এই ব্যতিক্রম উদ্যাপন অনুসরণ করতে পারেন সতীর্থ ইয়াসির শাহও। লেগ স্পিনার হিসেবে ২০ বছর পর লর্ডসে ৫ উইকেট পেয়েছেন তিনি। ইয়াসিরের ঘূর্ণিতে বিপাকে ইংলিশরা। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ইংল্যান্ড ৭ উইকেটে করেছে ২৫৩, এখনো পিছিয়ে ৮৬ রানে।
লেগ স্পিনার হিসেবে লর্ডসে ৫ উইকেট পাওয়া সর্বশেষ বোলার ছিলেন মুশতাক আহমেদ। তিনি ওই সাফল্য পেয়েছিলেন পঞ্চম দিনে। ইয়াসির দ্বিতীয় দিনেই দেখালেন ‘জাদু’। পাকিস্তানি স্পিনারের দুর্দান্ত বোলিংয়ের আগে দিনটি নিজের করে নেওয়ার পথে এগোচ্ছিলেন অ্যালিস্টার কুক।
মোহাম্মদ আমিরের সপ্তম ওভারে স্লিপে মোহাম্মদ হাফিজের হাতে জীবন ফিরে পাওয়া কুক অবশ্য ফিরতে পারতেন ইনিংসের ২৬তম ওভারেই। তখন ক্যাচ ফেলেন উইকেটকিপার সরফরাজ। ২২ ও ৫৫ রানে জীবন পাওয়া কুক বিরতির পর পেছনে ফেললেন সুনীল গাভাস্কারকে। এত দিন ওপেনিংয়ে সর্বোচ্চ ৯৬০৭ রান করে অনন্য এক চূড়ায় ছিলেন গাভাস্কার। তাঁর চেয়ে ৫৮ রান পিছিয়ে থেকে দিন শুরু করেছিলেন কুক। দুবার জীবন পেয়ে সেই সুযোগ হাতছাড়া করেননি ইংলিশ অধিনায়ক। আমিরকে চার মেরেই গাভাস্কারকে পেরিয়েছেন। তবে ৮১ রানে কুককে বোল্ড করে শেষ হাসি হেসেছেন আমিরই। পাঁচ বছর আগে স্পট ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ হওয়ার আগেও লর্ডসে কুকের উইকেটটি পেয়েছিলেন এই পাকিস্তানি পেসার।
কুক ফিরতেই ইংল্যান্ডের ব্যাটিংয়ে ধরল চিড়। কারণ ইয়াসির। ১ উইকেটে ১১৮ রান করে উড়তে থাকা ইংল্যান্ড যে ধাক্কা খেল তাঁর বোলিংয়েই। ১১৪ রানে যে ৬ উইকেট পড়ল ইংল্যান্ডের, পাঁচটিই ইয়াসিরের।
আগেরদিন সেঞ্চুরি করে ক্রিকেটের পুরোনো সব রেকর্ড বই নাড়াচাড়া করিয়েছেন, আজ অবশ্য খুব বেশি করতে পারেননি মিসবাহ। স্টুয়ার্ট ব্রডের বলে আউট হওয়ার আগে মাত্র ৪ রান যোগ করতে পেরেছেন। আগের দিনের দুর্দান্ত ফর্ম আজও টেনে আনলেন পেসার ওকস। তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট। লর্ডসের অনার্স বোর্ডে নাম উঠে গেল তাঁরও। ইংলিশ পেসারের তোপে পাকিস্তান অলআউট ৩৩৯ রানে। সূত্র: স্টার স্পোর্টস।