২০ বছর পর লর্ডস-জয়ের হাতছানি পাকিস্তানের সামনে

দারুণ এক জয়ের হাতছানি পাকিস্তানের সামনে। এই মুহূর্তে খেলার পরিস্থিতি, ইতিহাস—সবই তাদের পক্ষে। জয়ের জন্য ইংল্যান্ডের সামনে ২৮৩ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। লর্ডসে এর আগে চতুর্থ ইনিংসে ২৮২ রানের বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড মাত্র দুটি। বরং হেরে যাওয়ার রেকর্ডই আছে ছয়বার। ড্র হয়েছে চারটি। দ্বিতীয় ইনিংসের শুরুতেই ইংল্যান্ডের ৩ উইকেট ফেলে দিয়ে অতীত রেকর্ডটাকেই যেন মনে করাচ্ছে পাকিস্তান। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৩ উইকেটে ৯০ করেছে ইংল্যান্ড।
তিনটি উইকেটই রাহাত আলীর। নিজের সপ্তম ও ইনিংসে ১৪ ওভারের মধ্যেই তিনি সাজঘরে ফিরিয়েছেন কুক, হেলস ও রুটকে। ৪৭ রানে ৩ উইকেট হারানোর পর পাল্টা আক্রমণে দলকে পথ দেখাচ্ছেন ভিন্স। অথচ ভিন্সকেও প্রায় ফিরিয়েই দিয়েছিলেন রাহাত। ইউনুস দ্বিতীয় চেষ্টাতেও নিতে পারেননি ক্যাচ। অথচ ভিন্স তখন ব্যাট করছিলেন ৯ রানে।
মোহাম্মদ আমির কিংবা ইয়াসির শাহ নন; এই মুহূর্তে আলো পুরোটাই রাহাতের ওপর। কুক ফিরেছেন ৮ রানে, রুট ৯ রানে। হেলসের ব্যাট থেকে এসেছে ১৬ রান। লক্ষ্য থেকে এখনো ১৯৫ রান দূরে ইংল্যান্ড। এখনো পড়ে আছে পাঁচটি সেশন। মেঘলা কন্ডিশনে আরও মেঘলা দেখাচ্ছে ইংলিশ ড্রেসিংরুম। পাকিস্তান সেখানে আলোয় উজ্জ্বল। ইংল্যান্ডে মাত্র নয়টি টেস্ট জিতেছে তারা, তিনটি লর্ডসে। এর সর্বশেষটি সেই ১৯৯৬ সালে।
ইংল্যান্ডে খেলা নিজের প্রথম টেস্টেই সেঞ্চুরি পেয়েছেন। অধিনায়ক মিসবাহর সামনে এবার লর্ডসে জয়েরও হাতছানি! সূত্র : ইএসপিএন।