২০ বছরের বিলম্বিত অভিযান!
‘সেই তো নথ খসালি। তবে কেন...’। আইসিসিকে এ কথা এখন বলতেই পারেন ড্যারেল হেয়ার। ১৯৯৫ সালে বক্সিং ডে টেস্টে মুত্তিয়া মুরালিধরনকে ‘নো’ বল ডেকে তোলপাড় ফেলে দেওয়া অস্ট্রেলীয় আম্পায়ার বললেনও সেটা, তবে একটু ঘুরিয়ে। সন্দেহজনক বোলিং অ্যাকশনের বিরুদ্ধে এবার যখন আইসিসি একরকম যুদ্ধই ঘোষণা করেছে, তখন আর মুখ না খুলে পারলেন না তিনি। হেয়ার মনে করেন ২০ বছর দেরি করে ফেলেছে আইসিসি। আর এর পরিণতিতে যেটা পাওয়া গেছে সেটা হলো ‘চাকারদের একটি প্রজন্ম।’
গত কয়েক মাসে পাকিস্তানের সাঈদ আজমল ও বাংলাদেশের সোহাগ গাজীসহ বেশ কয়েকজন বোলার নিষিদ্ধ হয়ে গেছেন অবৈধ বোলিং অ্যাকশনের কারণে। তবে এঁদের জন্য কোনো সহানুভূতি নেই হেয়ারের। উল্টো বিতর্কিত এ বিষয়টি নিয়ে এত দিন কার্যত নির্লিপ্ত থাকায় সমালোচনা করেছেন আইসিসির। অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ডকে হেয়ার এ নিয়ে জানিয়েছেন নিজের উপলব্ধি, ‘তারা এখন যা-ই করুক না কেন, ২০ বছর দেরি করে ফেলেছে। ১৯৯৫ সালে তারা সুযোগ পেয়েছিল ব্যাপারটা শেষ করে দেওয়ার। কিন্তু শেষ পর্যন্ত ১৯ বছর পর এসে তারা এখন বলছে, চাকারদের তারা বের করে দিতে চায়। আমি বিশ্বাস করতে পারি না সাঈদ আজমল এত লম্বা সময় ধরে কীভাবে বল করে গেল। তারা তো বলছে সে তার হাত ৪৫ ডিগ্রির মতো বাঁকায়। তাহলে তাদের কি আগেই এটা জানা উচিত ছিল না!’
এখন এই বিলম্বিত শুদ্ধি অভিযানে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে বলে মনে করেন হেয়ার, ‘আমি মনে করি এ বিষয়টি নিয়ে আম্পায়ারদের কোনো কিছু করার অক্ষমতাকেই প্রকাশ করেছে।’
১৯৯৫ সালে হেয়ার নো বল ডাকার পরের গ্রীষ্মে অ্যাকশন শুধরে নিয়েছিলেন মুরালিধরন। কিন্তু ১৯৯৯ সালে আরেক অস্ট্রেলীয় আম্পায়ার রস এমারসন অ্যাডিলেডে ইংল্যান্ড-শ্রীলঙ্কা ওয়ানডে ম্যাচে আবার নো ডাকেন মুরালিকে। তবে মুরালিকে নয়, পরিণামটা ভোগ করতে হয়েছিল এমারসনকেই—আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি হারিয়ে গেলেন! হেয়ারের কথায়, ‘আমার মনে হয় ভাগ্যবান ছিলাম আমি। কারণ বেশ কিছু ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা ছিল আমার। তাই তারা আমাকে লক্ষ্যবস্তু করেনি। কিন্তু তাঁকে (এমারসন) তারা বের করে দিতে একদমই সময় নেয়নি। ’৯০-এর শেষ দিকেই বলেছিলাম এখনই কোনো ব্যবস্থা না নিলে আপনারা চাকারদের একটা প্রজন্ম পাবেন। এখন তো সেটাই হয়েছে।’ ক্রিকইনফো।