২০ মিনিটেই ভাঙল রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার ওপর রীতিমতো ধ্বংসযজ্ঞই চালিয়েছেন কাল। ১৪ বলে ৫০ রানের ইনিংস খেলার পথে কলিন মানরো  l এএফপি
শ্রীলঙ্কার ওপর রীতিমতো ধ্বংসযজ্ঞই চালিয়েছেন কাল। ১৪ বলে ৫০ রানের ইনিংস খেলার পথে কলিন মানরো l এএফপি

থিসারা পেরেরার প্রথম বলটা ব্যাটে লাগাতে পারেননি। প্যাডে সামলেছেন। পরের ওভারে জেফরি ভ্যান্ডারসের আরও একটা বল ডট গেছে, এবারও ব্যাটে লাগেনি। এর পরের ওভারে ইসুরু উদানার আরও একটা বল ব্যাট ফাঁকি দিয়ে চলে গেল উইকেটকিপারের হাতে।
তিনটি ডট বল! এখন নিশ্চয়ই খুব আফসোস হচ্ছে কলিন মানরোর। এই তিনটা কম খেললেই যে ইতিহাসে নাম উঠে যেত তাঁর। হয়ে যেতেন আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ফিফটির মালিক। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ফিফটি করেছিলেন যুবরাজ সিং। শুধু টি-টোয়েন্টিতেই নয়, তিন ধরনের ক্রিকেট মিলিয়েই দ্রুততম ফিফটির রেকর্ড সেটি। অকল্যান্ডে কাল শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে মানরোর ফিফটি করতে লাগল ১৪ বল। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম, নিউজিল্যান্ডের হয়ে সব ধরনের ক্রিকেটেই দ্রুততম ফিফটি।
কী অদ্ভুত, এর মাত্র মিনিট ষোলো আগেই টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের হয়ে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডটি গড়েছিলেন মার্টিন গাপটিল। শ্রীলঙ্কার ১৪৩ তাড়া করতে নেমে গাপটিল ফিফটিটি করেছিলেন ১৯ বলে। কে জানত গাপটিলের সেই অর্জনের তৃপ্তি কিছুক্ষণ পরই মিলিয়ে দেবেন মানরো! দ্বিতীয় বলেই ছক্কা মেরে শুরু করেছিলেন। পরের ওভারে লেগ স্পিনার ভ্যান্ডারসেকে মারেন তিন ছক্কা। এর পরে ইসুরু উদানাকে একটি ও চামিরা দুষ্মন্তকে দুটি ছক্কায় শেষ করে দেন ম্যাচটাও। ৭ ছক্কা ও ১ চারে ১৪ বলে অপরাজিত ৫০!
গাপটিল-মানরোরা রেকর্ড গড়া-ভাঙার নেশায় মেতে ওঠায় পিষ্ট হয়েছেন শ্রীলঙ্কান বোলাররা। ভ্যান্ডারসেই সবচেয়ে বেশি পিটুনির শিকার। মাত্র ২ ওভারেই দিয়েছেন ৪১ রান! কিউইদের জয় নিয়ে এক মুহূর্তের জন্যও সংশয় জাগেনি, শ্রীলঙ্কার ১৪২ রান নিউজিল্যান্ড পেরিয়ে গেছে মাত্র ১০ ওভারেই, ৯ উইকেট হাতে রেখে! আরেকটা ‘ক্ষতিও’ হয়েছে শ্রীলঙ্কার, তাদের টপকে ওয়েস্ট ইন্ডিজ উঠে গেছে টি-টোয়েন্টি র্যা ঙ্কিংয়ের শীর্ষে। ক্রিকইনফো।
টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটি
বল  ব্যাটসম্যান          ম্যাচ ভেন্যু                 তারিখ
১২  যুবরাজ সিং       ভারত-ইংল্যান্ড ডারবান       ১৯/০৯/২০০৭
১৪  কলিন মানরো   নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা অকল্যান্ড  ১০/০১/২০১৬
১৭  ক্রিস গেইল ও.  ইন্ডিজ-দ. আফ্রিকা কেপটাউন  ০৯/০১/২০১৫
১৭  স্টিফান মাইবুর্গ  হল্যান্ড-আয়ারল্যান্ড সিলেট     ২১/০৩/২০১৪
১৭  পল স্টার্লিং    আয়ারল্যান্ড-আফগানিস্তান দুবাই  ২৪/০৩/২০১২