২০-৩০ গুলো বড় না-হওয়াই পোড়াচ্ছে মাশরাফিকে

উইকেট ব্যাটিংয়ের জন্য সহজ ছিল না। এটা আফগানিস্তান বলছে। বলছে বাংলাদেশও। কিন্তু কঠিন হলেও তো নিজেদেরই চেনা উইকেট। সেখানে এমন ব্যাটিং? বিশেষ করে সেট হয়ে আসার পরও কেউ ইনিংসটাকে টেনে নিয়ে যেতে পারলেন না। অথচ আর ২০-৩০টা রান বেশি হলেই হয়তো ম্যাচের চেহারা হতো অন্য রকম।
এটাই পোড়াচ্ছে মাশরাফিকে। বাংলাদেশ দলের অধিনায়ক বলেছেন, ‘আমাদের ব্যাটিং আজ ভালো ছিল না। উইকেট খুব ধীর ছিল। বল সহজে ব্যাটে আসছিল না। কিন্তু ২০-৩০ করার পর কারও উচিত ছিল একটা বড় ইনিংস খেলা। ২৪০-ও যদি করতে পারতাম, সেটা খুব ভালো স্কোর হতো।’
বিনা উইকেটে ৪৫ তুলে ফেলেছিল বাংলাদেশ। সবচেয়ে বড় কথা, প্রথম চার ব্যাটসম্যানের প্রত্যেকে ২০ পেরিয়ে গিয়েছিলেন। কিন্তু ইনিংসে নেই একটিও ফিফটি। ফিফটির জুটিও মাত্র একটি। তৃতীয় উইকেটে মাহমুদউল্লাহ ও মুশফিকের ৬১। কিন্তু হঠাৎই পথ হারিয়েছে বাংলাদেশ। ২ উইকেটে ১১১ থেকে ৭ উইকেটে ১৪১। ৩০ রানের মধ্যে নেই ৫ উইকেট।
পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল তাইজুল ও তাসকিন পরপরই দুই বলে ফিরে গেলে। বাংলাদেশের তখন ২০০ হয় কি না সন্দেহ। সেখান থেকেই মোসাদ্দেক নামের এক তরুণ লড়াইয়ের পুঁজি এনে দিলেন। ৪৫ বলে করলেন ৪৫।
পরে বল হাতেও দারুণ করেছেন। উইকেট নিয়েছেন দুটি, একটি আবার নিজের অভিষেক ম্যাচের প্রথম ডেলিভারিতেই। আফগানিস্তানের আট নম্বর ব্যাটসম্যানও ফিরেছে তাঁর ক্যাচে। ২০ বছর বয়সী এই সতীর্থের জন্যই বরং খারাপ লাগছে মাশরাফির। ম্যাচটা জিতলে মোসাদ্দেকের শুরুটা অন্য রকম হতো নিশ্চয়ই।
এই সতীর্থকে অভিভাবকের স্নেহে পিঠ চাপড়ে দিতে ভুললেন না মাশরাফি, ‘নিজের প্রথম ওয়ানডেতেই মোসাদ্দেক দারুণ ব্যাটিং করেছে। বিশেষ করে টেল এন্ডারদের নিয়ে। বোলিংও করেছে দারুণ।’
শেষে দুটি জরুরি কথা বলতে ভুললেন না মাশরাফি, ‘আমাদের দারুণভাবে ফিরে আসতেই হবে। আর আফগানিস্তানকেও অনেক অভিনন্দন জেতার জন্য।’