২০১১ বিশ্বকাপের ১১ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেই জুটি। ফাইল ছবি
সেই জুটি। ফাইল ছবি

পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা! এরপর? বাঘের থাবায় বধ হতে যাচ্ছে কোন ক্রিকেট জায়ান্ট? ২০১১ বিশ্বকাপের আগে এমন প্রশ্নই ছিল বাংলাদেশ সমর্থকদের মনে। দেশের মাটিতে অনেক প্রত্যাশা নিয়ে বিশ্বকাপ খেলতে নামে আগের বছর নিউজিল্যান্ডকে বাংলাওয়াশ করা টাইগাররা।
২০১১ বিশ্বকাপে ১১ মার্চ চট্টগ্রামে বাংলাদেশ মুখোমুখি হয় ইংল্যান্ডের। চট্টগ্রামে এটাই ছিল বাংলাদেশের প্রথম বিশ্বকাপ ম্যাচ। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। নাঈম, রাজ্জাক, সাকিবদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৯.৪ ওভারেই ২২৫ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ৪র্থ উইকেটে জনাথন ট্রট ও এউইন মরগানের ১০৯ রানের জুটিতেই ২০০ পেরোয় ইংল্যান্ড। ট্রট ৯৯ বলে ৬৭ এবং মরগান ৭৩ বলে ৬৩ রান করেন। আবদুর রাজ্জাক ১০ ওভার বল করে ২ মেডেনসহ ৩২ রান দিয়ে ২ উইকেট নেন। এ ছাড়া নাঈম ইসলাম ৮ ওভারে ২৯ রানে ২ এবং সাকিব আল হাসান ১০ ওভারে ৪৯ রানের বিনিময়ে ২ উইকেট নেন। তবে ইংল্যান্ডের সর্বোচ্চ স্কোরার ট্রটকে ফেরান সাকিব।
২২৬ রানের টার্গেট! বিশ্বকাপের মতো মঞ্চে যথেষ্ট চ্যালেঞ্জিং। সেই লক্ষ্যেই ব্যাট করা শুরু করেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। ইমরুলের দেখেশুনে ধীরগতির ব্যাটিং এবং তামিমের ঝোড়ো সূচনায় ৮ ওভারেই কোনো উইকেট না হারিয়ে ৫০ পেরোয় বাংলাদেশ। এরপর দলীয় ৫২ রানে তামিম বিদায় নেন ২৬ বলে ৫টি চারের সাহায্যে ৩৮ রান করে। জুনায়েদ সিদ্দিকী ও রাকিবুল হাসান দ্রুত ফিরে গেলে চাপে পড়ে বাংলাদেশ। এর পরই ব্যাটিংয়ে নামেন অধিনায়ক সাকিব। সাকিব আর ইমরুল দেখেশুনে খেলে সেট হতে থাকেন এবং দলের রানের চাকাও সচল রাখেন। কিন্তু ৩১তম ওভারে ইমরুল দুর্ভাগ্যজনক রানআউট হলে ৮২ রানের জুটি ভাঙে। টেল এন্ডাররা আসা-যাওয়ার মিছিলে যোগ দেয়। বাংলাদেশ ১৫৫/৩ থেকে ১৬৯/৮ হয়ে যায়। শেষ ১৪ রানেই ৫ উইকেট নেই। কেবল এক প্রান্ত আগলে রাখেন মাহমুদউল্লাহ। এত কাছের ম্যাচটাকে তখন অনেক দূরের মনে হতে থাকে। স্টেডিয়াম থেকে দর্শকেরা চলে যেতে শুরু করে। অনেকেই টেলিভিশনের সামনে থেকে উঠে যান। কিছু মানুষ তখনো বসে থাকেন। দলটা যে আমাদের বাংলাদেশ! জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ।
জিততে তখনো দরকার ৬২ বলে ৫৭ রান। হাতে আছে মাত্র ২ উইকেট। ১০ নম্বরে ব্যাটিংয়ে নামলেন বোলার শফিউল ইসলাম। অনেকেই জেতার আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু তখনো যে দেখানোর অনেক কিছু বাকি ছিল রিয়াদ-শফিউলদের। ৪১ ওভারে দলের রান ১৭১/৮। জিততে আর ৫৪ বলে ৫৫ রান দরকার। ৪২তম ওভার করতে এসেছেন গ্রায়েম সোয়ান। ওভারের ২য় বলে মাহমুদউল্লাহর চার, ৪র্থ বলে শফিউলের চার এবং ওভারের শেষ বলে লং অনের ওপর দিয়ে শফিউলের ছয় এখনো ক্রিকেটপ্রেমীদের মনে শিহরণ জাগায়। সেই ওভারেই আসে ১৬ রান। ৪৬তম ওভারে ২০০ পেরোয় বাংলাদেশ। জয়টা তখন কাছ থেকে দেখা যাচ্ছে। রিয়াদ-শফিউল মাথা ঠান্ডা রেখে খেললেই সম্ভব।
শেষ ৪ ওভারে দরকার ২২ রান। ৪৭তম ওভার বল করতে আসেন টিম ব্রেসনান। সেই ওভারের ২য় ও ৫ম বলে বাউন্ডারি মারেন শফিউল। ৩ ওভারে তখন মাত্র ১২ রান প্রয়োজন। এরপর ২ ওভারে ৫ রান। জয়টাকে তখন সম্ভব মনে হচ্ছিল। উত্তেজনায় কাঁপছে পুরো বাংলাদেশ। ৪৯তম ওভারে ব্রেসনানের শেষ বলে মাহমুদউল্লাহর কাভার ড্রাইভ। এরপর ইতিহাস! ড্রেসিংরুম থেকে বাংলাদেশের সব ক্রিকেটাররা দৌড়ে আসে। সাগর পাড়ের চট্টগ্রাম স্টেডিয়ামে বয়ে যায় দর্শকদের ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ গর্জনের উত্তাল ঢেউ।

ম্যাচটির হাইলাইটস দেখুন