২০১৫-র যে রেকর্ডগুলো টিকে থাকবে অনেক দিন

ক্রিকেটের জন্য ২০১৫ ছিল এক সোনাঝরা বছর। গত বছরে ক্রিকেটের রেকর্ড বইয়ের পাতা যে কতবার উল্টে পাল্টে দেখতে হয়েছে তার ইয়ত্তা নেই। অনেক নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। কিছু পুরোনো রেকর্ড হারিয়ে গেছে। এর মধ্যে কিছু রেকর্ড হয়তো নিকট ভবিষ্যতে নাও ভাঙা সম্ভব হতে পারে। এমনই কিছু রেকর্ড জেনে নেওয়া যাক-
৪ - টানা চারটি ম্যাচে সেঞ্চুরি। ওয়ানডে ক্রিকেট এর আগে সর্বোচ্চ টানা তিন ম্যাচে সেঞ্চুরি দেখেছিল। বিশ্বকাপেও কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ সেঞ্চুরির সংখ্যা ছিল তিনটি। কিন্তু কুমার সাঙ্গাকারা এসবকে পাত্তা দিলে তো! নিজের বিদায়ী বিশ্বকাপে টানা চার ম্যাচে সেঞ্চুরি করে যে অনন্য রেকর্ড গড়েছেন সাঙ্গাকারা সেটি খুব দ্রুত ভাঙার সম্ভাবনা নেই।
৬- অভিষেকে সেরা বোলিং। বাংলাদেশের সঙ্গে নিজের প্রথম ম্যাচে ১৬ রানে ৬ উইকেট পেয়েছিলেন কাগিসো রাবাদা।
১৩- ক্যারিয়ারের প্রথম তিন ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকার। ভারতের বিপক্ষে অভিষিক্ত মুস্তাফিজুর রহমান সিরিজে ১৩ উইকেট নিয়ে ভেঙেছেন ক্যারিয়ারের প্রথম তিন ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটের রেকর্ড।
৫০, ১০০, ১৫০ - ওয়ানডেতে দ্রুততম ৫০, ১০০, ১৫০ সবগুলো রেকর্ডই নিজের করে নিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। গত ১৮ জানুয়ারি জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে ১৬ বলে ৫০ করে ফিফটির রেকর্ড ভেঙেছেন। তাঁর ১৫ বল পরেই দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি নিজের করে নেন এবি। সেদিন অবশ্য ১৪৯ রানেই থেমে গিয়েছিলেন এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। তাই দ্রুততম দেড় শ’র রেকর্ডটি সেদিন ছুতে পারেননি। তবে খুব বেশিদিন অপেক্ষাও করতে হয়নি তাকে, নির্দিষ্ট করে বললে ৪০ দিন। এবার বিশ্বকাপের মঞ্চে প্রতিপক্ষ সেই ওয়েস্ট ইন্ডিজই। ২৭ ফেব্রুয়ারির সেই ম্যাচে ‘প্রিয়’ প্রতিপক্ষকে পেয়ে ডি ভিলিয়ার্স করে ফেললেন দ্রুততম ১৫০-র রেকর্ডও, মাত্র ৬৪ বলে।
২০০ - টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেঞ্চুরির রেকর্ডটি অনেক আগেই করেছেন ক্রিস গেইল। এবার ওয়ানডে বিশ্বকাপের প্রথম ডাবল সেঞ্চুরিটাও নিজের করে নিলেন এই ওয়েস্ট ইন্ডিয়ান। জিম্বাবুয়ের বিপক্ষে তাঁর ২১৫ রানের ওই ইনিংসটি ইতিহাসের সবচেয়ে দ্রুততম ডাবল সেঞ্চুরিও।
২৩৭ - বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ২৩৭ রান করেছিলেন মার্টিন গাপটিল। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। ওয়ানডের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসও এটি।
৩৭২- জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় উইকেট জুটিতে ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলসের রান। বিশ্বকাপ তো বটেই ওয়ানডেতেও যেকোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড এটি।