২০১৬ এশিয়া কাপও বাংলাদেশে

সম্ভাবনাটা শোনা যাচ্ছিল আগে থেকেই। কাল চূড়ান্তভাবে জানা গেল, টানা তৃতীয়বারের মতো এশিয়া কাপ ক্রিকেট হতে যাচ্ছে বাংলাদেশে। বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর কাল রাতে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন প্রথম আলোকে।
গত পরশু সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাতেই চূড়ান্ত হয়ে গেছে, আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে এশিয়া কাপ ভারতে হবে না, হবে বাংলাদেশে। অনুরাগ ঠাকুর বলেছেন, ‘২০১৬ এশিয়া কাপ বাংলাদেশে হবে। টুর্নামেন্টটা ভারতে হওয়ার কথা থাকলেও বাংলাদেশ আমাদের অনুরোধ করেছে, তারা এটি আয়োজন করতে চায়। কারণ, অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়িয়েছে। আমরা তাদের অনুরোধে সাড়া দিয়েছি।’
এসিসির সভায় যাওয়ার আগে অবশ্য বিসিবি সভাপতি নাজমুল হাসানও এই সম্ভাবনার কথা বলেছিলেন। ভারত কোনো কারণে টুর্নামেন্টটি আয়োজন না করলে এবারও এশিয়া কাপ বাংলাদেশে হবে বলে জানিয়ে গিয়েছিলেন তিনি।
এর আগে বাংলাদেশ চারবার এশিয়া কাপ আয়োজন করেছে। প্রথম দুবার ১৯৮৮ ও ২০০০ সালে। এরপর ২০১২ ও ২০১৪ সালে পরপর দুবার। আগের চারবার ছিল ওয়ানডে টুর্নামেন্ট, এবার হবে টি–টোয়েন্টি।