২০১৬ সালের সেরা পাঁচ ইনিংস

২০১৬ সালকে পেছনে ফেলতে আর একদিন। একের পর এক ক্রীড়াযজ্ঞে স্মরণীয় হয়ে থাকবে বছরটা। এই বছরে ইউরো, কোপা আমেরিকার সঙ্গে অলিম্পিক! তবে সবচেয়ে বেশি ব্যস্ত ছিল ক্রিকেট। বছরের শুরুতেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, এর পরই এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর দ্বিপক্ষীয় সিরিজ, ত্রিদেশীয় সিরিজ তো ছিলই। রেকর্ডের পর রেকর্ড যেমন হয়েছে, তেমনি লেখা হয়েছে বহু আনন্দ-বেদনার কাব্য। এত সব ম্যাচের ভিড়ে, সেরা পাঁচটি ইনিংস বেছে নেওয়া কঠিনই বৈকি। তবুও এমন পাঁচটি ইনিংস বেছে নেওয়া যায় যেগুলো স্মৃতিতে থেকে যাবে বহুদিন।
৫. আজহার আলী (৩০২*, ৪৬৯ বল; ২৩x৪, ২x৬)
চার্লস ব্যানারম্যান, বিলি মারডক, অ্যান্ডি স্যান্ডহাম—টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান, ডাবল সেঞ্চুরিয়ান ও ট্রিপল সেঞ্চুরিয়ান। কিন্তু দিবারাত্রির টেস্ট ইতিহাসে শুধু একটি নাম বললেই যথেষ্ট—আজহার আলী! ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্ট কোনো সেঞ্চুরি দেখেনি। দ্বিতীয় দিবারাত্রির টেস্টটিতে তাই সব শোধবোধ হয়ে গেল, একাই ইতিহাসের তিনটি প্রথমে নাম লিখিয়ে ফেললেন পাকিস্তানি ওপেনার। কৃত্রিম আলোয় গোলাপি বল খেলা কঠিন—কথাটা হাস্যকর মনে হচ্ছিল আজহারের ব্যাটিংয়ের পর। দুবাই টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজহারের করা ত্রিশতক থাকছে এ তালিকার পাঁচে।

৪. বেন স্টোকস (২৫৮, ১৯৮ বল; ৩০x৪, ১১x৬)
২০১৬ সাল দেখেছে দুটি ট্রিপল সেঞ্চুরি। একটি অক্টোবরে আজহার আলী, অন্যটি ডিসেম্বরে করুণ নায়ারের সুবাদে। অথচ বছরের তৃতীয় দিনটাতেই ট্রিপল সেঞ্চুরি দেখে ফেলতে পারত ক্রিকেট। সেটাও ইতিহাসের সবচেয়ে দ্রুততমটি। কেপটাউন টেস্টে বেন স্টোকস অমন বোকামি না করলে। স্টোকস ক্যাচ তুলে দিয়ে ছিলেন ২৫৮ রানে। ফিল্ডার যেহেতু এবি ডি ভিলিয়ার্স, নিশ্চিত ক্যাচ হয়ে যাবে—বলের দিকে তাকিয়ে অদ্ভুত জড়তায় পেয়ে বসেছিল স্টোকসকে। ডি ভিলিয়ার্স ক্যাচটা ধরতে পারেননি। কিন্তু স্টোকসকে দ্বিতীয় সুযোগে রানআউট করতেও ভোলেননি এবি! তখন আউট না হলে বাকি ৭৯ বলে ৪২ রান করলেই রেকর্ড থেকে মুছে যেত বীরেন্দর শেবাগের নাম। অবশ্য যা করেছেন তাও কম কী? ১০৫ বলে সেঞ্চুরির পর পরের ৫০ মাত্র ৩৫ বলে। নাথান অ্যাস্টলের গড়া টেস্টের দ্রুততম ডাবল সেঞ্চুরির (১৫৩ বল) রেকর্ডটি ভাঙতে পারলেন না ১০ বলের জন্য। তবে দ্রুততম ২৫০ রানের রেকর্ডটি (১৯৬ বল) ঠিকই করলেন। এ ইনিংসকে বছরের সেরা পাঁচে জায়গা দিতেই হচ্ছে ইনিংসটাকে।
৩. জস বাটলার (৯০*, ৫১ বল; ৭x৪, ৭x৬)
১২২ বলে ১৭১ রান। ওয়ানডেতে কোনো ইংলিশ ব্যাটসম্যানের সর্বোচ্চ রান। অ্যালেক্স হেলসের দ্যুতিময় ইনিংসটিও মানুষ ভুলে যেতে বসেছে! সেদিন মাঠে জস বাটলার নামে ভিন্ন গ্রহের এক ব্যাটসম্যান ছিলেন। ৩০ আগস্ট পাকিস্তানের বিপক্ষে ৫১ বলে ৯০ করেছিলেন তিনি। অন্যদের জন্য এটা বিশেষ কিছু হতে পারে কিন্তু বাটলারের জন্য কিছুই না। এই তো গত বছরের নভেম্বরে এই পাকিস্তানের নাকের জল চোখের জল এক করে ৪৬ বলে সেঞ্চুরি পেয়েছেন। তবু এই ইনিংসটা বিশেষ কিছু। হেলসের তাণ্ডব শেষ হলো কেবল, ৩৭ ওভারে ২৮১ রান ইংল্যান্ডের। পাকিস্তানের কড়া সমর্থকেরাও সেদিন ৩৮০/৯০ এর জন্য প্রস্তুত হচ্ছিল। আর ইংল্যান্ডের সমর্থকেরা স্বপ্ন দেখছিলেন আরেকটি ৪০০ রানের। কিন্তু বাটলারের পরিকল্পনা ছিল অন্য। অন্যপ্রান্তে অধিনায়ক এউইন মরগানকে নিয়ে পাকিস্তানের বোলারদের কচুকাটা করলেন। দুজনে মিলে ১২ ওভারে তুললেন ‘মাত্র’ ১৬১ রান! ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ৪৪৪ রান পেল ইংল্যান্ড।
https://www.youtube.com/watch?v=fWgZmektoKM
২. বিরাট কোহলি ৮২* (৫১ বল, ৯x৪, ২x৬) ও ৮৯*(৪৭ বল, ১১x৪, ১x৬)
বছরের সেরা ইনিংসের তালিকা করতে গেলে যেকোনো হিসেবে এ দুটি ইনিংস আসবেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের লক্ষ্য খুব কঠিন ছিল না। মাত্র ১৬১। কিন্তু টপ অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় লক্ষ্যটা ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছিল। তখনই শুরু ‘কোহলি শো’। প্রথম ২০ বলে ২০ রান করা কোহলি লাগাম ছোটালেন। পরের ৩১ বলে ৬২ রান। অপূর্ব সেই ইনিংস যেমন দুর্বিনীত, তেমনই শিল্পিত। প্রতিটি শটে মুগ্ধতা ছড়িয়েছেন, আরেকটি শট দেখার আকাঙ্ক্ষা জাগিয়েছেন। অস্ট্রেলিয়ার সেদিন না হেরে উপায় ছিল না!
https://www.youtube.com/watch?v=ooGUCQRR6I4
পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আবারও কোহলির ক্যারিশমা। এবার আরও ভয়ংকর রূপে। ১ ও ২ রানে দুবার জীবন পেয়েছিলেন। কিন্তু ইনিংস শেষে সে কথা মনে থাকলে তো! শুধু কবজির মোচড়ে একই বলকে ভিন্ন দুই-তিন জায়গায় পাঠাতে হয়, সে শিক্ষাই যেন দিলেন পুরো ইনিংসজুড়ে। কিন্তু সে অবিশ্বাস্য ইনিংসও কাজে লাগেনি ভারতের। ফিল্ডারদের ব্যর্থতায় টুর্নামেন্টের সেমিফাইনালে হেরেছেন কোহলিরা।
১. ড্যারেন ব্রাভো (১১৬, ২৪৯ বল; ১০x৪, ১x৬)
ম্যাচের ভিডিও ভিন্ন কিছু বলবে। ম্যাচের অফিশিয়াল স্কোরকার্ডও বলবে, প্রায় এক দশক পর অবসর ভেঙে ক্রিকেটে ফিরে আসেননি ব্রায়ান লারা। কিন্তু গত ১৭ অক্টোবর দুবাই টেস্ট যারা দেখেছেন, তারা ঠিকই বলবেন ওসব ভুল কথা। ব্রায়ান চার্লস লারা সেদিন ফিরেছিলেন, ওয়েস্ট ইন্ডিজকে দেখাচ্ছিলেন অবিশ্বাস্য টেস্ট জয়ের স্বপ্ন। অনুকরণ যদি প্রশংসা-শ্রদ্ধার অন্য নাম হয়ে থাকে, তবে ড্যারেন ব্রাভোর চোখে ‘ত্রিনিদাদের রাজপুত্র’ সম্ভবত পূজনীয় পর্যায়ের। মাঠে ব্রাভো যখন ব্যাটিং করেন, তখন দূর থেকে মনে হয়, লারাই বোধ হয় ক্রিজে আছেন, ব্যাট নামের তুলি দিয়ে আঁকছেন একের পর এক মাস্টারপিস। কিন্তু একটি বিষয়ে বরাবরই পিছিয়ে ড্যারেন, লারার মতো দৃঢ়চেতা মনোভাব তাঁর মধ্যে যথেষ্ট অনুপস্থিত। শেষ পর্যন্ত লড়ার মানসিকতা, একাই দাঁড়িয়ে অসম্ভবের গল্প লেখার ক্ষমতাটা আসলে অনুকরণেও সম্ভব নয়। কিন্তু সেদিন ব্রাভোর মধ্যে ভর করেছিল লারার ব্যাটিং সত্তা। গোলাপি বলের টেস্টের শেষ দিনে ৩৪৬ রানের লক্ষ্য। ১১৬ রানে নেই দলের ৪ উইকেট, ১৯৪ রান তুলতেই নেই ৬টি। তবু ওয়েস্ট ইন্ডিজকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন ব্রাভো। কিন্তু শেষ পর্যন্ত লারা হতে পারেননি। পুরো ইনিংসে একমাত্র ভুলে ইয়াসির শাহর দুর্দান্ত এক ক্যাচ হয়ে ফিরেছেন।