২০১৯ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবেন যুবরাজ সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
  • অনেক দিন জাতীয় দলের বাইরে আছেন যুবরাজ সিং
  • ২০১৯ বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার জন্য মুখিয়ে আছেন
  • ২০১৭ সালে শেষ ভারতের জার্সিতে মাঠে নেমেছিলেন যুবরাজ

জীবনযুদ্ধ জয় করা এক ক্রিকেটারের নাম যুবরাজ সিং। মরণব্যাধি ক্যানসার বাসা বেঁধেছিল তাঁর শরীরে। কিন্তু যুবরাজের ইচ্ছেশক্তি ও সাহসের সামনে দাঁড়াতেই পারেনি ঘাতক ব্যাধিটি। ক্যানসার জয় করে তিনি ঠিকই ফিরেছেন মাঠে। সামর্থ্যের প্রমাণ দিয়ে জায়গা করে নিয়েছিলেন জাতীয় দলেও। কিন্তু অনেক দিন হলো জাতীয় দলের বাইরে আছেন মারকুটে এই ব্যাটসম্যান। তাহলে ভারতের জার্সিতে আর দেখা যাবে না যুবরাজকে?
৩৬ বছর বয়সী যুবরাজ অন্তত হার মানতে রাজি নন। ছাড়ছেন না হালও। অন্তত ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত চালিয়ে যেত চান জাতীয় দলে ফেরার যুদ্ধটা। মোনাকোতে অনুষ্ঠিত ১৮তম লরেন্স জাতীয় ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে গিয়ে নিজের লড়াই চালিয়ে যাওয়া প্রসঙ্গে বলেন, ‘আমি ভালো একটি আইপিএল মৌসুমের দিকে তাকিয়ে আছি। টুর্নামেন্টটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ; যা আমাকে ২০১৯ বিশ্বকাপে নিয়ে যেত পারে। আমি এখন ২০১৯ বিশ্বকাপে চোখ রেখেই খেলছি। এরপরেই আমি যেকোনো সিদ্ধান্তে যেতে পারি।’ বুঝিয়ে দিয়েছেন, এর আগে অবসরের কোনো প্রশ্ন নয়।

মোনাকোতে যুবরাজ শুধু ব্যক্তিগত লক্ষ্যের কথাই বলেননি। দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জেতা কোহলিদের ভাসিয়েছেন প্রশংসায়, ‘আমি মনে করি, দুর্দান্ত পারফর্ম করেছে তারা। টেস্ট সিরিজ হারানোর পর তারা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। ওয়ানডে সিরিজটা জিতেছে আত্মবিশ্বাসের সঙ্গে। অনেক রান করে সামনে থেকে যার নেতৃত্ব দিয়েছে কোহলি।’
ভারতীয় জাতীয় দলের জার্সি গায়ে যুবরাজ শেষ ম্যাচটি (ওয়ানডে) খেলেছিলেন ২০১৭ সালে। এরপরে আর জায়গা হয়নি ৩৬ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডারের।