
আগামী বছর জুনে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতো ড্যারেন লেম্যানের। কিন্তু তাঁর আগেই ক্রিকেট কোচ লেম্যানের সঙ্গে চুক্তি নবায়ন করল ক্রিকেট অস্ট্রেলিয়া। নতুন চুক্তির আওতায় ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত স্মিথ-ওয়ার্নারদের কোচ থাকবেন ৪৬ বছর বয়সী লেম্যান।
২০১৩ সালে দায়িত্ব নেওয়ার পর অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে টেস্ট এবং ওয়ানডে র্যা ঙ্কিংয়ের শীর্ষে তুলে আনেন সাবেক অলরাউন্ডার। দেশের মাটিতে ৫-০ ব্যবধানে অ্যাশেজ জেতান দলকে। দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে টেস্ট সিরিজে হারানো ছাড়াও লেম্যানের অধীনে অস্ট্রেলিয়া জেতে ২০১৫ ক্রিকেট বিশ্বকাপ। দলের এমন সাফল্যের নেপথ্য কারিগরকে কি সহজেই ছাড়ে ক্রিকেট অস্ট্রেলিয়া! আরও তিন বছরের জন্য চুক্তি করল তাই লেম্যানের সঙ্গে। চুক্তির নবায়নকে তাঁর প্রতি বোর্ড এবং দলের আস্থা হিসেবেই দেখছেন অস্ট্রেলিয়ার ক্রিকেট কোচ, ‘আমি অশেষ কৃতজ্ঞ যে, আমার প্রতি বোর্ড এবং খেলোয়াড়দের সমর্থন ও আস্থা আছে।’ ক্রিকেট অস্ট্রেলিয়া।