২০১৯ বিশ্বকাপেও ধোনি-যুবরাজ? সন্দিহান গিলক্রিস্ট

মহেন্দ্র সিং ধোনি, কিংবা যুবরাজ সিং। ভারতীয় ক্রিকেটে দুজনের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু দলের বড় প্রয়োজনের স্বার্থে দুজনেরই ভবিষ্যৎ নিয়ে ভেবে দেখতে তো হবে। এ ব্যাপারে যাদের ক্রিকেটীয় সংস্কৃতি একেবারে নিরাবেগ-নির্মোহ ছিল সব সময়, সেই অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট বাস্তববাদী হওয়ার পরামর্শ দিলেন। গিলি বলছেন, ২০১৯ বিশ্বকাপ মাথায় রেখে দলের এই দুই সিনিয়রের সঙ্গে বসে কথা বলা উচিত ভারতের নির্বাচকদের।
গিলক্রিস্ট বলেছেন, ‘বাকি সব দলের মতো ভারতেরও আসল চ্যালেঞ্জটা হবে দলের সঠিক ভারসাম্যটা খুঁজে বের করা। ধোনি-যুবির মতো খেলোয়াড়দের নিজেদেরও বুঝতে হবে কত দূর পর্যন্ত খেলার তাগিদ তারা অনুভব করে। অধিনায়ক, নির্বাচক আর বোর্ডের সঙ্গে ওদের এ নিয়ে কথা বলা উচিত। বলছি না ওদের এখনই সিদ্ধান্ত নিয়ে নিতে হবে। তবে আগামী কয়েক মাসের মধ্যে ওদের কথা বলে ঠিক করা উচিত কোনটি সবার জন্য ভালো হবে।’
যেকোনো টুর্নামেন্টে ব্যর্থ হলে প্রথম আলোচনাই শুরু হয় দলের সিনিয়রদের নিয়ে। এও কি তেমনই আরেক আলোচনা? নাকি সত্যিই ভারতের ক্রিকেটের এই দুই অভিজ্ঞকে নিয়ে ভাবার সময় এসেছে? ২০১৯ বিশ্বকাপের সময় দুজনেরই বয়স হবে ৩৮-এর কাছাকাছি। সময় আছে আর দুই বছর। ২০১৯ বিশ্বকাপে দুজনের খেলার সম্ভাবনা না থাকলে এখনই সরে যাওয়ায় কি ঠিক সময়? যেন তাদের শূন্যতা ঠিকমতো পূরণ করে নিতে পারে দল।
গিলক্রিস্ট মনে করেন, ধোনি আর যুবরাজই সেটি সবচেয়ে ভালো বুঝবেন, ‘ওদের বলে দিতে হবে না। ওরা নিজেরাই ভালো বুঝবে। আমি নিজেও তো এর ভেতর দিয়ে গেছি। আপনিই সবচেয়ে ভালো বুঝবেন খেলাটা আপনার মনের কতটা জায়গা ধরে আছে, খেলে যাওয়ার ইচ্ছাটা কত তীব্র। এই আলোচনাগুলোই ওরা নির্বাচকদের সঙ্গে করতে পারে। দল নির্বাচন করে নির্বাচকেরাই, যদি না খেলোয়াড়েরা নিজেরা সরে দাঁড়ায়। কে জানে, এমএস আর যুবি হয়তো সেটাই করবে।’ ইন্ডিয়া টুডে।