২০১৯ বিশ্বকাপেও ধোনিকেই অধিনায়ক দেখতে চান কারস্টেন

ধোনির ফর্ম আর আগের মতো নেই, তাঁকে ওয়ানডে দলে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত—এমন অনেক কথাই ইদানীং বলছেন অনেকে। ভারতের কোচ থাকার সময় ধোনিকে খুব কাছ থেকে দেখেছেন সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান গ্যারি কারস্টেন। জানেন তাঁর সামর্থ্যের কথাও। সেই জানাবোঝা থেকেই কারস্টেনের ধারণা, ধোনির মতো খেলোয়াড়কে ভারতের ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়াটা হবে বড় ধরনের ঝুঁকি। যদি তাঁকে সরিয়ে দিতেই হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডকে সেটি নিজেদের দায়িত্বেই করতে হবে।
একটি অনুষ্ঠানে আমন্ত্রিত হিসেবে এই মুহূর্তে মুম্বাইয়ে আছেন কারস্টেন। ২০১১ সালে ভারতের দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর কারস্টেন এখনো ভুলতে পারেন না তাঁর কোচিংয়ের সঙ্গে ‘ক্যাপ্টেন কুল’ ধোনির দারুণ সেই যুগলবন্দী। ধোনিকে সঙ্গে নিয়ে ভারতকে প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ের ১ নম্বরে পৌঁছে দেওয়ার সেই দুর্দান্ত স্মৃতি।
টেস্টের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও ধোনির বদলে বিরাট কোহলির হাতে ভারতের নেতৃত্ব তুলে দেওয়ার কথা এখন অনেকেই বলছেন। তবে কারস্টেন তাঁদের সঙ্গে মোটেও একমত নন। তিনি ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপেও ধোনিকে ভারতের অধিনায়ক হিসেবে দেখতে চান, ‘ধোনিকে এখন সরিয়ে দিলে পস্তাতে হতে পারে ভারতকে। আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, প্রায় সব গ্রেট ক্রিকেটারই ক্যারিয়ারের শেষ দিকে এসে দুর্দান্তভাবে জ্বলে ওঠেন। কে জানে, ধোনিকে এখনই সরিয়ে দিলে হয়তো ২০১৯ বিশ্বকাপে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স থেকে বঞ্চিত হতে হবে ভারতকে।’
এখন পর্যন্ত যতজন অধিনায়কের সঙ্গে কাজ করেছেন, তাঁদের মধ্যে ধোনিকেই এগিয়ে রাখছেন কারস্টেন, ‘আমার দেখা সেরা অধিনায়ক ধোনি; অন্তত আমি যতজনের সঙ্গে কাজ করেছি। ধোনি যে সেরা, তার প্রমাণ ভারতের হয়ে গত এক দশকে তাঁর পারফরম্যান্সের পরিসংখ্যান। সে ভারতকে দুটি বিশ্বকাপ জিতিয়েছে। সে যে সর্বকালের সেরা অধিনায়কদের কাতারে নিজেকে নিয়ে গেছে, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।’
ধোনি আর কত দিন খেলবেন—এই প্রশ্নের উত্তরও না খুঁজে সেটি ধোনির হাতেই ছেড়ে দেওয়া উচিত বলে মনে করেন কারস্টেন। সূত্র: এনডিটিভি অনলাইন।