২০১৯ সালেই দ্বিস্তরের টেস্ট ক্রিকেট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দ্বিস্তরের টেস্ট ক্রিকেট নিয়ে চিন্তাভাবনা চলছে অনেক দিন ধরেই। সেই ভাবনাটা কি এবার সত্যিই বাস্তবে রূপ পেতে যাচ্ছে? আন্তর্জাতিক ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন কিন্তু পরশু এ রকম ইঙ্গিতই দিলেন।
রিচার্ডসনের আশা, ২০১৯ সালেই নতুন পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। আর এ বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রস্তাবটা এ মাসেই অনুষ্ঠেয় আইসিসির বার্ষিক সভায় উপস্থাপনা করা হবে। নতুন এ পরিকল্পনায় টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ সাত দল খেলবে প্রথম বিভাগে। অন্য তিনটি দলের সঙ্গে দ্বিতীয় বিভাগে যোগ দেবে নতুন দুটি দল। দুই বছরের চক্রে পরস্পরের সঙ্গে কমপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দলগুলো। এরপর পয়েন্টের ভিত্তিতে প্রথম বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে নামবে একটি দল, তেমনি দ্বিতীয় বিভাগ থেকে প্রথম বিভাগেও উঠবে একটি দল।
রিচার্ডসনের মতে টেস্ট ক্রিকেটকে টিকিয়ে রাখতেই এই পরিকল্পনা বাস্তবায়ন করা দরকার, ‘এখন আমরা প্রায় সবাই বুঝে গেছি, টেস্ট ক্রিকেট নিজে থেকে টিকে থাকতে পারবে না। টেস্ট সিরিজগুলোকে অর্থবহ করে তুলতে শুধু র্যাঙ্কিং ও একটি ট্রফির বাইরে আরও কিছু যোগ করতে না পারলে টেস্ট ক্রিকেট নিয়ে আগ্রহ কমতেই থাকবে। আমরা যদি টেস্ট ক্রিকেট সত্যিই টিকিয়ে রাখতে চাই টেস্ট দলের সংখ্যা কমানো যাবে না। আমাদের এমন একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কাঠামো দাঁড় করাতে হবে যেখানে উত্তরণ ও অবনমন থাকবে, থাকবে ওপরে ওঠার সুযোগও।’
রিচার্ডসন ২০১৮ সালে অতিরিক্ত আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ইঙ্গিত দিয়েছেন। এ ছাড়া বাংলাদেশ যদি ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ আটে থেকে ২০১৯ বিশ্বকাপে সরাসরি সুযোগ পেয়ে যায়, তবে ২০১৮ সালে বাংলাদেশে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাইপর্ব চলে যেতে পারে ইংল্যান্ডে। ক্রিকইনফো।