২০২১–এ ক্রিকেটের পাওয়ার আছে অনেক
নতুন স্বপ্ন নিয়ে শুরু হলো ২০২১। প্রত্যাশার বছর। নতুন করে ঘুরে দাঁড়ানোর বছর। করোনায় জেরবার সমটা কাটিয়ে ওঠার বছর। বাংলাদেশের ক্রিকেটের জন্য বছরটা কেমন হতে পারে, ক্রিকেট নিয়ে কতটা স্বপ্ন দেখা যেতে পারে, এসব নিয়েই লিখেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমানের নির্বাচক হাবিবুল বাশার
বছরের শুরুটা আমাদের হার দিয়ে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরেছি, রাওয়ালপিন্ডি টেস্ট হেরেছি। পরে দেশের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ভালো খেললাম। ২০২০ সালে আসলে আমাদের অনেক কিছু করার ছিল, অনেক কিছু পাওয়ার ছিল। অনেক কিছু গুছিয়ে ওঠার ছিল। সব মিলিয়ে একটা ভুতুড়ে বছর গেল! জীবদ্দশায় আমাদের আর কাউকে যেন এমন বছর দেখতে হয় না।
সবার জন্যই কঠিন ছিল বছরটা। করোনা যখন ছড়িয়ে পড়তে শুরু করল, লকডাউন এল। কোয়ারেন্টিন, আইসোলেশন, স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব—নতুন অনেক বিষয়ের সঙ্গে পরিচিতি হলো। একটার পর একটা সিরিজ-টুর্নামেন্ট স্থগিত হলো। কিছুই করার উপায় ছিল না। সময়টা মনেও করতে চাই না! ভুলে যেতে চাই।
একটা জায়গায় আমরা সবাই আটকে পড়েছিলাম। বিষয়টি ছিল এমন-একবার পরিকল্পনা করি আবার বাতিল হয়ে যায়! আবার নতুন করে শুরু করতে হয়। যখন ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যায়, তখন জীবনটা অনেক কঠিন হয়ে যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধন্যবাদ জানাই, আমরা অবশেষে ক্রিকেটে ফিরেছি। বছরের শেষ দিকে দুটি ঘরোয়া টুর্নামেন্ট হয়েছে, খুবই দরকার ছিল আমাদের জন্য। বাকি সবাই খেলা শুরু করে দিয়েছিল। সেখানে আমরা বসে ছিলাম, খুবই দরকার ছিল কোনোভাবে খেলার মধ্যে থাকাটা। সবাই যখন একসঙ্গে খেলা বন্ধ করেছে, তখন ঠিক ছিল। কিন্তু সবাই যখন শুরু করেছে, তখন আমরা করতে পারিনি। এখানে পিছিয়ে পড়ার আশঙ্কা ছিল।
জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আবার আমরা আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছি। নতুন বছরটা নিয়ে তাই আশাবাদী হতে পারি। আশা করি নতুন বছরটা আমাদের জন্য অনেক ভালো কিছু বয়ে আনবে। সব ঠিক থাকলে এই বছরও আমাদের অনেক কিছু পাওয়ার আছে। নতুন বছরে আমাদের অনেক খেলা আছে। এ বছরও অনেক টেস্ট আছে, সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। আমরা এখনো টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট পাইনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে পয়েন্ট পাওয়াটা সহজ হবে, তা বলছি না। আমরা অনেক দিন লাল বলের প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে। এ সময়ে বেশি খেলেছি সাদা বলের ক্রিকেটে। টেস্টে ভালো করা তাই এবারও অনেক চ্যালেঞ্জিং হতে পারে। তবে এটাকে অজুহাত হিসেবে দেখতে চাই না। এর মধ্যেই ভালো করতে হবে। দেশের মাঠে টেস্ট সিরিজ আমাদের অনেক বড় সুযোগও। নিজেদের চেনা পরিবেশে খেলার সুযোগ কাজে লাগানো উচিত। আমি আত্মবিশ্বাসী, ছেলেরা ভালো করবে। সাকিব আল হাসান ফিরে আসায় দলের ভারসাম্যটাও ভালো হবে।
সামনে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাস্তবতা হচ্ছে, টি-টোয়েন্টিতে আমাদের ধারাবাহিক ভালো খেলতে আরেকটু সময় লাগবে। এখন ভালো করতে পারব না, তা নয়। তবে টি-টোয়েন্টি দলের সঠিক সমন্বয় খুঁজতে আরেকটু সময় লাগবে। যেহেতু এই সংস্করণে কম খেলি, ঘরোয়া ক্রিকেটে শুধু একটা লিগই খেলি। আগামী এক বছরে যদি আমরা আরও কিছু বিষয়ের সমাধান করতে পারি, আশা করি পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে (২০২২) ভালো ফল পাব।
তবে আমাদের হাতে দুর্দান্ত কিছু তরুণ খেলোয়াড় আছে। অভিজ্ঞরা ছন্দে আছে। কিছু জায়গায় কাজ করার ছিল, সেগুলো নিয়ে বেশ ভালো কাজ হয়েছে। বিশেষ করে পেস বোলিং বিভাগটা দেখে খুব ভালো লাগছে। নতুন বছরটা ভালো কাটার কথা বাংলাদেশ দলের। ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী নতুন বছরটা নিয়ে, ২০২১ সাল অন্তত ২০২০-এর মতো হবে না। ২০২১-এর নতুন সকালটা একটু অন্য রকম হবে। কঠিন সময় আমরা ভালোভাবে সামলেছি, সামনে আমাদের আরও অনেক কিছু করার আছে।