২০২৩? ২০১৯ বিশ্বকাপেই সম্ভাবনা দেখছেন সাকিব

বাংলাদেশের ক্রিকেটে সাফল্য যেন এরই মধ্যে নিয়মিত অতিথি হয়ে উঠেছে। তবে এও সত্যি, এখন পর্যন্ত বড় কোনো টুর্নামেন্টের ট্রফি জিততে পারেনি বাংলাদেশ। দুবার এশিয়া কাপের ফাইনালে গিয়েও ফিরে আসতে হয়েছে। একটা বড় ট্রফি, কবে আসবে বাংলাদেশের শো কেসে!
অর্জুনা রানাতুঙ্গা, সাদামাটা এক শ্রীলঙ্কাকে ১৯৯৬ বিশ্বকাপ জিতিয়ে অমর হয়ে থাকবেন যিনি, সেই রানাতুঙ্গা বেশ প্রত্যয় নিয়ে বলেছেন, ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখতে পান। সেবার বিশ্বকাপ উপমহাদেশে হওয়ার কথা। এখানকার কন্ডিশনে বাংলাদেশ এখনই অন্যতম সেরা দল। ঠিক পথে থাকলে ২০২৩ বিশ্বকাপ আসতে আসতে বাংলাদেশ নিজেদের আরও শানিয়ে নিতে পারবে।
তবে কাল ম্যাচ শেষে সাকিব আল হাসান বললেন, ২০২৩ নয়, তিনি পরের বিশ্বকাপেই বেশ আশা দেখতে পান। এ ব্যাপারে সাকিবকে আশা জোগাচ্ছে ২০১৫ বিশ্বকাপ। সেবার খেলাটা অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ভিন্ন কন্ডিশনে হলেও বাংলাদেশ সেমিফাইনালের স্বপ্ন বেশ জোরালোভাবেই দেখতে শুরু করেছিল।
২০১৯ বিশ্বকাপ ইংল্যান্ডে হলেও সাকিব তাই আশাবাদী, ‘আমার তো মনে হয় ২০১৯ সালেই (বিশ্বকাপে) ভালো সুযোগ আছে। আমরা উন্নতির মধ্যে আছি। আমরা যদি এটা ধরে রাখতে পারি, তাহলে আমাদের সম্ভাবনা অবশ্যই আছে। গত ওয়ানডে বিশ্বকাপেই আমরা ভালো ক্রিকেট খেলেছি। ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে লড়াই করেছি। আমাদের উন্নতিটা উপরের দিকেই আছে।’
বাংলাদেশের ওয়ানডে দলটা এখন অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ ভারসাম্যপূর্ণ একটা দল। এই দলে পাঁচজন ক্রিকেটার আছে, যাঁরা কমপক্ষে ১০ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। আবার আছে মিরাজ-মোসাদ্দেকের মতো তরুণ, যাঁরা দলে এসেই ভূমিকা রাখতে শুরু করেছে। সাকিবও জানালেন, ‘আমাদের ভালো কিছু খেলোয়াড় আছে। ১৫০-এর বেশি ওয়ানডে খেলা ক্রিকেটার যেমন আছে, আবার ১৫-১৬ ওয়ানডে খেলা ক্রিকেটারও আছে। এই দুটির যোগসূত্রে আমরা ভালো দল হয়ে উঠছি। তরুণেরা সবাই অসাধারণ লড়াকু মনোভাবের। যদি এভাবে আমরা সঠিক পথে থাকতে পারি, তাহলে অবশ্যই ২০১৯ বিশ্বকাপে আমাদের সম্ভাবনা থাকবে।’
রানাতুঙ্গার মন্তব্যের সূত্র ধরেই এত কথা। এ ব্যাপারে সাকিবের উত্তর, ‘তাঁর মন্তব্য আমাদের জন্য অনুপ্রেরণার। আমাদের এটা ভালো ক্রিকেট খেলতে অনুপ্রাণিত করবে।’