২০২৬ সালে টেস্ট দল কমবে, পিটারসেনের শঙ্কা
২০২৬ সালের মধ্যে ক্রিকেটে টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা কমবে—এমনটাই মনে করেন সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেন। তাঁর মতে, আর ৫ বছরের মধ্যে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং খুব বেশি হলে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান ছাড়া আর কোনো টেস্ট খেলুড়ে দেশ থাকবে না।
টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেই টুইট করেছেন পিটারসেন, ‘টুইটটা করতে গিয়ে ব্যথাতুর হতে হচ্ছে। কিন্তু ধীরে ধীরে এটাই হতে যাচ্ছে...২০২৬ সালে কেবল কয়েকটি দেশই টেস্ট খেলবে—ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর সম্ভবত দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান!’
নিজের ভেরিফায়েড টুইটার পেজে এমন টুইট স্বাভাবিকভাবেই মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে নেটিজেনদের মধ্যে। তাঁর শঙ্কা সত্যি হলে আগামী পাঁচ বছরের মধ্যেই নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান আর আয়ারল্যান্ড টেস্ট দুনিয়া থেকে হাওয়া হয়ে যাবে। কেন পিটারসেন এমনটা ভাবছেন, সে ব্যাখ্যা অবশ্য কোথাও নেই। তবে তাঁর এই টুইটের প্রতিক্রিয়ায় নিউজিল্যান্ড ক্রিকেটের এক সমর্থকের মন্তব্যে কিছুটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন পিটারসেন।
কিউই ওই সমর্থকের মন্তব্যটা ছিল এমন, ‘আপনি কি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নদের নাম শোনেননি?’ উত্তরে পিটারসেন বলেছেন, ‘শুনেছি। কিন্তু তারাও ২০২৬ সালে টেস্ট খেলবে না। কোনো বাচ্চাই এখন টেস্ট ক্রিকেট নিয়ে আগ্রহী নয়। যে দেশগুলোর টেস্ট ক্রিকেট অতীত ইতিহাসসমৃদ্ধ, সেই বড় ক্রিকেট বোর্ডগুলোই কেবল ক্রিকেটের এই সংস্করণকে বাঁচিয়ে রাখবে। আমি নিউজিল্যান্ডের বিপক্ষে নই। কিন্তু আমি সেটাই বলতে চেয়েছি, যেটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি।’
পিটারসেন যে কারণে এ শঙ্কা প্রকাশ করেছেন, চোখের সামনে যা দেখতে পাচ্ছেন, সেটি খুব অমূলক কিছু নয়। টেস্ট নিয়ে অনাগ্রহ বেশ অনেক দিন ধরেই চলে আসছে। বড় দেশগুলো ছোট দেশগুলোর সঙ্গে খেলতে আগ্রহী নয়। ছোটদের সঙ্গে তাই বড়দের মানের পার্থক্য বেড়েই চলছে। ছোট দলগুলোও যেন ‘ভরাডুবি’র হাত থেকে রেহাই পেতে টেস্ট না খেলতে পারলেই বেঁচে যায়! যেকোনো সিরিজে টেস্ট আয়োজন করলে তাতে টেলিভিশন সম্প্রচারকারীদের ‘লাভ কম হওয়া’র বিষয়টি একটা বড় কারণ। টেস্ট ম্যাচে একমাত্র ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ছাড়া মাঠে আসতে দর্শকের অনাগ্রহের ব্যাপারটি তো ঘটছে বহু বছর ধরেই। সব মিলিয়ে টেস্ট ক্রিকেট নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহে ঘাটতিটা ভালোমতোই দৃশ্যমান। কেভিন পিটারসেন চাঁচাছোলাভাবেই এ বাস্তবতাটা নিয়ে এসেছেন সবার সামনে, টুইটের মাধ্যমে।
টেস্টের প্রতি অনাগ্রহ বাড়ার একটা কারণ হতে পারে আইপিএল বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। ইদানীং ক্রিকেটারদের সব আগ্রহ ও উদ্দীপনা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে। কিছুদিন আগে ইনজামাম–উল–হক অভিযোগ করেছিলেন, পাকিস্তান শেষ যতগুলো টেস্ট সিরিজ খেলেছে, তার একটিতেও প্রতিপক্ষ পূর্ণ শক্তির ছিল না। আইপিএল কিংবা কোনো না কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে সে দলগুলোর মূল ক্রিকেটাররা ব্যস্ত ছিলেন। এমন যদি চলতে থাকে, তাহলে পিটারসেনের শঙ্কা সত্যি হওয়ার যথেষ্ট সম্ভাবনা থেকেই যাচ্ছে!