২০২৮ অলিম্পিকেই ক্রিকেট চায় আইসিসি

অলিম্পিকে ক্রিকেট চায় আইসিসিরয়টার্স ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেই দেখা যেতে পারে ক্রিকেট। টি–টোয়েন্টি সংস্করণে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরে ইভেন্ট হিসেবে ক্রিকেটকে অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক প্রস্তাব আনতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, আইসিসির প্রস্তাবটা হবে জোরালোই। নারী–পুরুষ দুই শ্রেণিতেই ক্রিকেট রাখা যায় কি না, সে ব্যাপারে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে আবেদন করবে আইসিসি। ২০২৮ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হলে সেটি ৮টি দল নিয়ে করারই আর্জি আইওসির কাছে রাখবে আইসিসি।

এ ব্যাপারে আইসিসির প্রধান গ্রেগ বার্কলে বলেছেন, ‘আইসিসি অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করতে চায়। এটা ক্রিকেটের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবেই করা হচ্ছে।’

টি–টোয়েন্টি দিয়েই অলিম্পিকে ফিরতে পারে ক্রিকেট
ফাইল ছবি

ক্রিকেট অলিম্পিকে নতুন কিছু নয়। তবে ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে ইভেন্ট হিসেবে থাকার পর এটি অনুপস্থিত এর পর থেকেই। অলিম্পিকে ক্রিকেট অনুপস্থিত থাকলেও এশিয়ান গেমসে দুবার ক্রিকেট অন্তর্ভুক্ত ছিল (২০১০, ২০১৪)। ১৯৯৮ সালে কুয়ালামপুর কমনওয়েলথ গেমসেও একবার ক্রিকেট অনুষ্ঠিত হয়েছে। ক্রিকেট হয়েছে দক্ষিণ এশীয় গেমসেও।