২০৭ বলে ২৩, আমলার 'ক্যাপ্টেনস ব্লক'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমলা যেন ধৈর্যের অন্য নাম। ছবি: রয়টার্স।
আমলা যেন ধৈর্যের অন্য নাম। ছবি: রয়টার্স।

'ক্যাপ্টেনস নক' কথাটা অনেকবারই শুনেছেন। দল কোণঠাসা অবস্থায় আছে, এমন মুহূর্তে অধিনায়ক এসে ব্যাট হাতে দারুণ এক ইনিংস খেলে দলকে জিতিয়ে দিলেন। কিংবা প্রায় হেরে যাওয়া ম্যাচে দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচ বাঁচিয়ে দিলেন। হাশিম আমলার ইনিংসটা ম্যাচ বাঁচাতে পারবে কি না কে জানে, পারলে তখন 'ক্যাপ্টেনস নকে'র মর্যাদা পাবে। তবে আপাতত যে প্রস্তর যুগের ব্যাটিং করছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক, তাতে এটিকে একটাই নাম দেওয়া যায়—ক্যাপ্টেনস ব্লক।
ব্লক-ই তো। একের পর এক বল আসছে, আর আমলা নির্বিকার চিত্তে ঠেকিয়ে দিচ্ছেন। যেন 'তাঁর এই বল ঠেকাতেই আনন্দ'। এক সময় ১১৩ বল খেলে তাঁর রান ছিল ৬! পরে একটু ‘হাত খুলেছেন’। দিন শেষে ২০৭ বলে ২৩ রানে অপরাজিত। এ সময়ের সবচেয়ে মারকুটে ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সও ৯১ বলে অপরাজিত ১১ রানে। ৭২ ওভারে ২ উইকেটে ঠিক ৭২ রানে দিন চতুর্থ দিন শেষ করা দক্ষিণ আফ্রিকা তাদের লক্ষ্যটা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে।

৮৯ বলে এসে প্রথম চার মেরেছেন ডি ভিলিয়ার্স, সময়ের প্রয়োজনে তাঁর রূপ পুরো বদলে যাওয়ার সবচেয়ে বড় সাক্ষী ২০১২ সালের অ্যাডিলেড কিংবা গত বছরের কেপটাউন টেস্ট। কেপটাউনে ২২৮ বলে ৪৩ রানের ইনিংসটায় তবু ৬টি চার মেরেছেন, ২০১২ সালে অ্যাডিলেডে ২২০ বলে খেলা ৩৩ রানের ইনিংসে বাউন্ডারি ছিল না একটিও।
দুবারই শেষ ইনিংসে ম্যাচ বাঁচানোর লড়াইয়ে নেমেছিল তাঁর দল। এর মধ্যে কেপটাউনে ব্যর্থ হলেও সফল হয়েছিল অ্যাডিলেডে। সেবার অবশ্য প্রোটিয়াদের পার করাতে হয়েছিল ১৪৮ ওভার। দক্ষিণ আফ্রিকার জন্য কাল তো পুরো দিনটা পরেই রইল।
শুরুটা আমলাই করেছিলেন। প্রথম রানের খাতাই খুলেছিলেন ৪৬তম বলে এসে। সেটিও ঠিক ‘ইচ্ছাকৃত’ ছিল না। রবীন্দ্র জাদের বলটা ব্যাক ফুটে ঠেকিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু ব্যাটের ভেতরের দিকের কোনায় লেগে (ইনসাইড এজ) স্টাম্পের পাশ দিয়ে বেরিয়ে যাওয়ায় দুই রান নিয়েছেন। সেটি ছিল দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১৯তম ওভার!
অবশ্য আমলার কৌশল বেশ কাজেও দিচ্ছে। ৪৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিনে ডিন এলগার ও বাভুমার উইকেট দুটো হারিয়ে বাকি দিনটা নিরাপদেই পার করেছে প্রোটিয়ারা। দুটো উইকেটই অশ্বিনের। বাকিরা সফল হচ্ছিল না দেখে দুই ওপেনার ধাওয়ান ও বিজয়কে দিয়েও বল করিয়েছেন কোহলি! সিরিজে এই প্রথম কোনো একটি সেশন উইকেট না হারিয়েই কাটিয়ে দিল প্রোটিয়ারা, দিনের দ্বিতীয় সেশনে। এখনো বাকি আছে তিনটি সেশন।
লক্ষ্য পাহাড় সমান, সিরিজে দলের ব্যাটিংয়ের রেকর্ড ভীতি জাগানিয়া। এই ধরনের ব্যাটিং ছাড়া আর আমলার কোনো উপায় ছিল কিনা সেটি তর্কযোগ্য। তবে নিজের উপায়ে এখন পর্যন্ত বেশ সফলই বলতে হবে আমলাকে। স্ট্রাইক রেট ১১.১১। টেস্টে কমপক্ষে ২০০ বল খেলা ইনিংসগুলোর মধ্যে এটিই ​ইতিহাসে সবচেয়ে কম স্ট্রাইক রেট। ২০০-এর বেশি বল খেলে ২০-এর নিচে স্ট্রাইক রেটের ইনিংসগুলোর দুটিতে ডি ভিলিয়ার্সের নাম কাল দক্ষিণ আফ্রিকাকে দিতে পারে বাড়তি আত্মবিশ্বাস। তথ্যসূত্র: ক্রিকইনফো।