২১ বছর আগে-পরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান অধিনায়ক আজহারকে ফিরিয়ে দিয়ে সাকিব যখন আনন্দবৃত্তে, তাঁকে অভিনন্দন জানাতে ছুটে এলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। কাল মিরপুরে l প্রথম আলো
পাকিস্তান অধিনায়ক আজহারকে ফিরিয়ে দিয়ে সাকিব যখন আনন্দবৃত্তে, তাঁকে অভিনন্দন জানাতে ছুটে এলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। কাল মিরপুরে l প্রথম আলো

সিরিজের দ্বিতীয় ওয়ানডে শেষ হয়ে গেল। পরশুর শেষ ওয়ানডের দল ঠিক করতে তাই কাল ম্যাচ চলাকালেই একসঙ্গে বসতে হলো নির্বাচকদের। যদিও এ নিয়ে আলোচনা করার তেমন কিছু ছিল না। মাঠে বাংলাদেশ দল তখন এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় করেছে। নির্বাচকদের সর্বসম্মত মত—প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত ১৪ জনের দলটাই রেখে দেওয়া যাক শেষ ম্যাচের জন্য।
চোখের সামনে বাংলাদেশ সিরিজ জিতল, শেষ ওয়ানডের দল নির্বাচনের আলোচনায় উঠে আসছে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার প্রসঙ্গ—আজ থেকে ২১ বছর আগে ফারুক আহমেদ কি ভাবতে পেরেছিলেন, তাঁর জীবনে এমন মধুর সময়ও আসবে? নির্দিষ্ট করে ২১ বছর আগের কথাই বলা হচ্ছে কারণ, ১৯৯৪ সালের জানুয়ারিতে তখনকার ঢাকা স্টেডিয়ামে (বর্তমানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম) এই ফারুকের নেতৃত্বেই পাকিস্তানের বিপক্ষে দুটি এক দিনের ম্যাচ খেলেছিল বাংলাদেশ দল। বাংলাদেশের সামনে ছিল কেনিয়ায় আইসিসি ট্রফি। আর পাকিস্তানের নিউজিল্যান্ড সফর। সেখানে যাওয়ার পথেই ঢাকায় দুটি ম্যাচ খেলতে রাজি হয়েছিল সদ্য অধিনায়কত্ব পাওয়া সেলিম মালিকের পাকিস্তান দল।
আন্তর্জাতিক ম্যাচ না হলেও পাকিস্তানের মতো দলের বিপক্ষে ওই দুই ম্যাচ খেলার সুযোগ অনেক বড় ব্যাপার ছিল বাংলাদেশের জন্য। তার ওপর পাকিস্তান দলটা ছিল পূর্ণ শক্তির। সেলিম মালিক, ইনজামাম-উল-হক, শোয়েব মোহাম্মদ, আমির সোহেল, ওয়াকার ইউনিস, সাঈদ আনোয়ার, মুশতাক আহমেদ—কে ছিলেন না দলে! তারকার অভাব ছিল না বাংলাদেশ দলেও। তবে পার্থক্য, পাকিস্তানের ক্রিকেটাররা ছিলেন বিশ্বতারকা। আর বাংলাদেশের খেলোয়াড়েরা তারকা ছিলেন শুধুই বাংলাদেশের প্রেক্ষাপটে।
সেই দুই ম্যাচের স্মৃতিচারণা করতে গিয়ে কাল ফারুকও বললেন, ‘ওই সময় তো আমরা আসলে খেলার চেয়ে পাকিস্তানের খেলোয়াড়দেরই দেখেছি বেশি। সুপারস্টার ছিল তারা। ও রকম খেলোয়াড়দের সঙ্গে খেলার অভিজ্ঞতা আমাদের খুব কমই হতো।’ সেলিম মালিকের সঙ্গে টস করার স্মৃতি এখনো শিহরণ জাগায় বর্তমান প্রধান নির্বাচকের মনে, ‘একটা টেস্ট দলের অধিনায়কের সঙ্গে টস করতে যাচ্ছি, আমার জন্য অনেক বড় সম্মানের ব্যাপার ছিল সেটা।’ আর মনে আছে পেসার আতাউর রেহমানের বলে আহত হওয়ার ঘটনা, ‘দ্বিতীয় ম্যাচে উইকেটে যাওয়ার পর আতাউরের দ্বিতীয় বলটাই এসে লাগল আমার কপালে। জায়গাটা অনেক ফুলে গিয়েছিল। আমি তবু ব্যাটিং চালিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু কোচ মহিন্দর অমরনাথ এসে আমাকে মাঠ থেকে তুলে নিয়ে গেলেন।’
এই স্মৃতিচারণা ফারুক ও তাঁর সেই দলের অনেক সদস্য চাইলে একসঙ্গে বসেই করতে পারেন এবারের সিরিজে। আর তাতে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে পারেন পাকিস্তানের এই দলের সঙ্গে থাকা কাউকে কাউকেও। ফারুকের মতো বিসিবির নির্বাচক কমিটির আরেক সদস্য মিনহাজুলও ছিলেন বাংলাদেশের ওই দলে। এই সিরিজের বাংলাদেশি দুই আম্পায়ার এনামুল, শরফুদ্দৌলা ছিলেন। ছিলেন বর্তমানে ধারাভাষ্যকার আতহার আলী এবং বিসিবি পরিচালক আকরাম খানও। সেবার পাকিস্তানের হয়ে খেলা ওয়াকার ইউনিস এবারের পাকিস্তান দলের কোচ, লেগ স্পিনার মুশতাক আহমেদ এসেছেন স্পিন কোচ হয়ে। আর বাঁহাতি ওপেনার আমির সোহেল আতহারের সঙ্গেই বসছেন ধারাভাষ্যকক্ষে।
’৯৪-এর স্মৃতিটা আতহারেরও মনে আছে। তখন যাঁরা তাঁদের কাছে ছিলেন বিশ্বতারকা, তাঁদেরই একজনের সঙ্গে ধারাভাষ্য দিতে পারাটাকে তিনি মনে করেন বাংলাদেশের ক্রিকেটেরই আরেকটা উন্নতি। তবে এর কৃতিত্ব তিনি বেশি দিতে চান বর্তমান বাংলাদেশ দলকেই, ‘বিশ্বকাপের পর আমাদের দলটা আমূল বদলে গেছে। সবাই মিলে যেন একটা দল হয়ে উঠেছে। তামিম না পারলে মুশফিক বা মাহমুদউল্লাহ হাল ধরছে, তারাও না পারলে সাকিব আসছে, নাসির-সাব্বির ধরছে।’
ধারাভাষ্যকক্ষে আতহারই কথা বলিয়ে দিলেন আমির সোহেলের সঙ্গে। ২১ বছর আগের বাংলাদেশ সফরের প্রসঙ্গ তুলতেই বর্তমান পাকিস্তান দলটার জন্য হতাশা ঝরে পড়ল তাঁর কণ্ঠে, ‘ওই দলের সঙ্গে এই দলের কোনো তুলনাই চলে না। এই দলে কোনো ম্যাচ উইনার নেই, কোনো সুপারস্টারও নেই। আর আমাদের ওই দলটায় এমন অনেক খেলোয়াড়ই ছিলেন, যাঁরা একাই ম্যাচ জেতাতে পারত। দলের প্রায় সবাই ছিল বিশ্ব ক্রিকেটের তারকা।’ আমিরের চোখে অনেক বদলে গেছে বাংলাদেশের ক্রিকেটও, ‘তখন বাংলাদেশ খেলার জন্যই খেলত। আর এখন ওরা খেলছে জেতার জন্য। বোলিংয়ে অনেক বৈচিত্র্য এসেছে। তামিম-মুশফিকের মতো ব্যাটসম্যান আছে দলে। বাংলাদেশের উন্নতিটা আসলেই চোখে পড়ার মতো।’
পাকিস্তানের দুটি দলে আকাশ-পাতাল পার্থক্যের কথা বললেন ফারুকও, সঙ্গে যোগ করলেন ‘পাকিস্তানের জন্য এটা পালাবদলের সময়। সব দলকেই কখনো না কখনো এ রকম সময় পার করতে হয়। ওয়ার্ন, ম্যাকগ্রা যখন চলে গেল তখন অস্ট্রেলিয়া সময়টা পার করেছে। সাঙ্গাকারা-জয়াবর্ধনে চলে যাওয়ার পর শ্রীলঙ্কাও পার করবে।’
২১ বছর আগে পাকিস্তানের ক্রিকেটারদের চর্মচক্ষে দেখাটাও যাঁর কাছে ছিল স্বপ্নের মতো ব্যাপার, সেই ফারুকের কথাটা শোনাল পাকিস্তানের জন্য সান্ত্বনার মতো। দিন তাহলে আসলেই বদলেছে!