২১ বছর পুরোনো রেকর্ড ভেঙে শুরু পাকিস্তানের

ওভালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে দুর্দান্ত শুরু করেছে পাকিস্তান। ২২ ওভারে পাকিস্তানের দুই ওপেনার তুলে ফেলেছে ১২৫ রান। ফিফটি পেয়েছেন দুই ওপেনার আজহার আলী ও ফখর জামান। চ্যাম্পিয়নস ট্রফি তো আছেই, আইসিসির কোনো টুর্নামেন্টে ভারতের বিপক্ষে এত ভালো শুরু পাকিস্তানের কখনো হয়নি।
বেঙ্গালুরুতে ১৯৯৬ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৮৪ রান তুলেছিলেন দুই ওপেনার আমির সোহেল ও সাঈদ আনোয়ার। এত দিন আইসিসির টুর্নামেন্টে ভারতের বিপক্ষে উদ্বোধনী জুটিতে এটা ছিল পাকিস্তানের সর্বোচ্চ। ২১ বছরের রেকর্ড তো ভেঙেছেনই, চ্যাম্পিয়নস ট্রফির শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দারুণ গতিতে এগিয়ে যাচ্ছেন আজহার ও ফখর।
ভারত-পাকিস্তান লড়াইয়ে ওপেনিং জুটিতে সর্বোচ্চ ২২৪ রান তুলেছেন মোহাম্মদ হাফিজ-নাসির জামশেদ। ২০১২ সালের মার্চে ঢাকায় এশিয়া কাপে এমন দুর্দান্ত শুরুতে পাকিস্তান গড়েছিল ৩২৯ রানের পাহাড়। বিরাট কোহলির ওয়ানডে ক্যারিয়ার সেরা ১৮৩ রানের দুর্দান্ত ইনিংসের সৌজন্যে ১৩ বল বাকি থাকতে ম্যাচটা জিতে গিয়েছিল ভারত।
চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উদ্বোধনী জুটির রেকর্ডটা সৌরভ গাঙ্গুলি ও শচীন টেন্ডুলকারের ১৪১ রান। ২০০৬ সালের সেই আসরে কিন্তু ভারতকে তবু হারিয়ে দিয়েছিল নিউজিল্যান্ড।
আইসিসির টুর্নামেন্টে ভারতের বিপক্ষে পাকিস্তানের ওপেনিং জুটি
| রান | ভেন্যু | তারিখ | |
| আজহার আলী–ফখর জামান | ১২৮ | ওভাল | ১৮ জুন ২০১৭ |
| আমির সোহলে–সাঈদ আনোয়ার | ৮৪ | বেঙ্গালুরু | ৯ মার্চ ১৯৯৬ |
| সাঈদ আনোয়ার–তৌফিক উমর | ৫৮ | সেঞ্চুরিয়ান | ১ মার্চ ২০০৩ |
| আহমেদ শেহজাদ–আজহার আলী | ৪৭ | এজবাস্টন | ৪ জুন ২০১৭ |
| কামরান আকমল–মোহাম্মদ হাফিজ | ৪৪ | মোহালি | ৩০ মার্চ ২০১১ |
| ইমরান নাজির–কামরান আকমল | ২৯ | সেঞ্চুরিয়ন | ২৬ সেপ্টেম্বর ২০০৯ |
| সাঈদ আনোয়ার–শহীদ আফ্রিদি | ১৯ | ওল্ড ট্রাফোর্ড | ৮ জুন ১৯৯৯ |
| আহমেদ শেহজাদ–ইউনিস খান | ১১ | অ্যাডিলেড | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ |
| আমির সোহেল–ইনজামাম–উল–হক | ৮ | সিডনি | ৪ মার্চ ১৯৯২ |
| কামরান আকমল–নাসির জামশেদ | ৪ | এজবাস্টন | ১৫ জুন ২০১৩ |
| ইমরান ফরহাত–ইয়াসির হামিদ | ১ | এজবাস্টন | ১৯ সেপ্টেম্বর ২০০৪ |