২১ ম্যাচে ১৫ হার দেখা অস্ট্রেলিয়া শিরোপা ছাড়া কিছু ভাবছে না

অস্ট্রেলিয়া দলফাইল ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফর্ম বলবে, অস্ট্রেলিয়াকে নিয়ে এবারও তেমন হইচই করার কিছু নেই। থাকবেই-বা কীভাবে! বিশ্বকাপের আগে সর্বশেষ যে ২১টি টি-টোয়েন্টি খেলেছে অস্ট্রেলিয়া, তার ১৫টিতেই হেরেছে!

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাস বলবে, বিশ্বকাপ জিততে এবার অন্য রকম কিছুই করতে হবে অস্ট্রেলিয়াকে। শিরোপা তো জেতেইনি, এর আগের ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র একবার ফাইনালে খেলতে পেরেছেন অস্ট্রেলিয়ানরা।

কিন্তু অস্ট্রেলিয়ানদের মনের জোর তাতে একটুও যেন কমছে না! বাঁহাতি ফাস্ট বোলার মিচেল স্টার্ক সোজাসুজিই বলে দিয়েছেন, প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে মরিয়া অস্ট্রেলিয়ার শিরোপা ছাড়া অন্য কিছুতে মন ভরবে না।

স্টার্ক–হ্যাজলউডরা প্রস্তুতি নিলেন টি–টোয়েন্টি সিরিজের
ফাইল ছবি

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার ফর্ম সংখ্যার বিচারে খারাপ হলেও সেখানে একটা ‘অ্যাস্টেরিক’ দিতে হয়। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া সর্বশেষ যে পাঁচটি সিরিজ খেলেছে—ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বিপক্ষে সেই পাঁচ সিরিজেই হেরেছে। তবে এই পাঁচ সিরিজের কোনোটিতেই পূর্ণ শক্তির দল পায়নি অস্ট্রেলিয়া।

ডেভিড ওয়ার্নার ও প্যাট কামিন্স পাঁচ সিরিজের চারটিতে ছিলেন না, স্টিভ স্মিথ এই ২১ ম্যাচের মাত্র ৬টিতে খেলেছেন। গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস ও কেইন রিচার্ডসন ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশে খেলেননি। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ওয়েস্ট ইন্ডিজে চোট পেয়ে বাংলাদেশে আসেননি। কিন্তু বিশ্বকাপের দলে তাঁরা আছেন। বিশ্বকাপের আগে আমিরাতেই তাঁদের প্রায় সবাই আইপিএলেও খেলছেন।

অস্ট্রেলিয়া দলে ফিরেছেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার
ফাইল ছবি: এএফপি

সে কারণেই কিনা স্টার্ক এই পাঁচ সিরিজের ফলকে অত গুরুত্ব দিতে রাজি নন, ‘বেশ কয়েক তরুণ অনভিজ্ঞ ক্রিকেটারকে অস্ট্রেলিয়ার জার্সিতে প্রথমবার খেলতে এসে কঠিন বিদেশি কন্ডিশনে খেলতে হয়েছে। হঠাৎই কঠিন পরীক্ষার সামনে পড়তে হয়েছে তাদের। (করোনার সময়ে) কিছু কঠিন পরিস্থিতি সামলাতে হয়েছে আমাদের দলকে। দেশে সিডনি কিংবা মেলবোর্নে লকডাউনে আটকে থাকা অনেক ক্রিকেটার নিজেদের রাজ্য দলের হয়েও খুব বেশি ক্রিকেট খেলতে পারেনি।’

করোনা এত এত চ্যালেঞ্জের পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উড়তে থাকা অস্ট্রেলিয়ার ডানাও ছেঁটে দিয়েছে। গত বছরের মে মাসেও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল অস্ট্রেলিয়া, কিন্তু বিশ্বকাপে তারা যাচ্ছে র‍্যাঙ্কিংয়ের ৭-এ থেকে। তবে অস্ট্রেলিয়ানদের জন্য স্বস্তি, নানা কারণে সর্বশেষ সিরিজগুলোতে দলের বাইরে থাকা ক্রিকেটারদের বিশ্বকাপে ঠিকই পাচ্ছে দল। এর মধ্যে কয়েক খেলোয়াড় সংযুক্ত আরব আমিরাতে হয়ে যাওয়া আইপিএলেও খেলেছেন।

গত কিছুদিন ভালো ক্রিকেট খেলেনি অস্ট্রেলিয়া
ফাইল ছবি: প্রথম আলো

স্টার্কও এদিকেই মনোযোগ টেনে নিচ্ছেন, ‘বিশ্বকাপের জন্য এখানে পুরো শক্তির দলকে পাওয়া আমাদের জন্য অনেক ইতিবাচক একটা ব্যাপার। এটা তো সবাই জানে যে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশে আমরা এ রকম দল নিয়ে যেতে পারিনি। আমাদের দলের বেশ কয়েকজন এখানে আইপিএলেও খেলেছে, তাই সবার প্রস্তুতিটা ভালোমন্দের মিশেলেই হয়েছে। কেউ ক্রিকেটের মধ্যেই ছিল, কেউ এ সফরের প্রস্তুতির পথ খুঁজতে ব্যস্ত ছিল।’

এ তো গেল অস্ট্রেলিয়ার সাম্প্রতিক অতীতের ফর্ম আর সেটিকে পাশ কাটিয়ে বিশ্বকাপে জ্বলে ওঠার সম্ভাবনা নিয়ে আলোচনা। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসও তো অস্ট্রেলিয়ার পক্ষে বলে না। ওয়ানডেতে পাঁচবার বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া টি-টোয়েন্টিতে আগের ছয় বিশ্বকাপে শিরোপা তো জেতেইনি, ফাইনালেই খেলেছে শুধু ২০১০ সালে, সেবার ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল।

অস্ট্রেলিয়া দল
ফাইল ছবি

ছোট সংস্করণের ক্রিকেটে প্রথম বিশ্ব শিরোপার জন্য অস্ট্রেলিয়ার মরিয়া ভাবটা ফুটে উঠেছে স্টার্কের কথায়ও, ‘এটা তো গোপন কিছু নয় যে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ কখনো জিতিনি। তাই এবার আমি আশায় আছি যে আমাদের প্রথম বিশ্বকাপ জয়ের অংশ হতে পারব আমি। সে লক্ষ্যে আমাদের পুরো শক্তির দলই পাচ্ছি। তাই পুরো ব্যাপারটি এখন আমাদের হাতে। বিশ্বকাপ জিততেই এখানে এসেছি আমরা, এর চেয়ে কম কিছুতে মন ভরবে না।’

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ শুরু হবে ‘সুপার টুয়েলভ’ বা দ্বিতীয় পর্ব থেকে। ২৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবেন স্টার্ক-স্মিথরা।