২১ রানেই শেষ কুয়েত
কুয়েতকে ২০৩ রানে হারিয়ে এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। ইনচনের ইওনহি ক্রিকেট মাঠে বাংলাদেশের ২২৪ রানের জবাবে কুয়েতি দল শেষ হয়ে গেছে মাত্র ২১ রানেই।
২২৫ রানের জবাবে ব্যাট করতে নেমে নবিশ কুয়েতি ব্যাটসম্যানরা দিশেহারা হয়ে পড়েছিলেন বাংলাদেশের বোলিংয়ের সামনে। আরাফাত সানি, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর ডেলিভারিগুলোর সত্যিকার অর্থে কোনো জবাব ছিল না কুয়েতিদের। আরাফাত সানি মাত্র ৮ রান দিয়েই নিয়েছেন ৪ উইকেট। মাহমুদউল্লাহর বোলিং পরিসংখ্যানটি আরও মজার। মাত্র ১ রানের খরচায় তিনি নিয়েছেন ৩ উইকেট। সাকিব পেয়েছেন চার রানের বিনিময়ে ১ উইকেট।
রান পাহাড়ে বাংলাদেশ
এই তিন বোলারের পাশাপাশি রবেল দুই ওভারে দিয়েছেন মাত্র দুই রান। শুভাগত হোম অবশ্য উইকেট পেয়েছেন, উইকেট পেয়েছেন সাব্বিরও। শুভাগতর খরচ ২ রান আর সাব্বিরের ৪। সবচেয়ে মজার পরিসংখ্যান অধিনায়ক মাশরাফির-০/০, অর্থাৎ, মাশরাফি ২ ওভার বল করে উইকেটও পাননি, কোনো রানও দেননি।
কুয়েতের কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের কোটা পার হতে পারেননি। সর্বোচ্চ ৭ রান এসেছে আলোতাইবি মোহাম্মদের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৬ এসেছে বাসতাকি মাহমুদের ব্যাট থেকে।
এর আগে, টসে জিতে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে অনুশীলনটা ভালোই চালিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ স্কোরবোর্ডে তোলে ২২৪ রান।
শুরু থেকেই কুয়েতি বোলারদের উইকেটের চারদিকে আছড়ে ফেলে দলকে প্রত্যাশিত সূচনাই এনে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও এনামুল হক। যদিও চড়াও হওয়ার দিক দিয়ে তামিমের চেয়ে অনেকটাই এগিয়ে ছিলেন এনামুল হক। মাত্র ১৮ বলে ৩৮ রান করে এলবির শিকার হন এনামুল। তামিম ফেরেন ২৮ রানে। ৬১ রানের উদ্বোধনী জুটির পর ৮৮ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটলে তামিম-এনামুল জুটির সূচনার ওপর দাঁড়িয়ে মোহাম্মদ মিথুন খেলেন ৫৯ রানের দারুণ এক ইনিংস। আজ বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস তাঁরই। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা সাকিব আল হাসান ১৫ বলে ২৩ রান করে আউট হন।
মোহাম্মদ মিথুন ২৫ বলে ৫৯ রানের ইনিংস খেলে আউট হন। তাঁর ইনিংস ছিল ৪টি চার ও ৩টি ছয়ে সমৃদ্ধ।
শেষের দিকে সাব্বির রহমান মাত্র ১৯ বলে ৩৫ রানের এক ঝোড়ো ইনিংস খেলে বাংলাদেশের সংগ্রহকে দুই শয়ের কোটা পার করে দেন। শেষ পাঁচ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪৬ রান। তবে কুয়েতকে কৃতিত্ব না দেওয়ার কিছু নেই। রান সংগ্রহের নেশায় থাকা বাংলাদেশের ৯ উইকেট ফেলতে পারাটা ক্রিকেটে নতুন এ দেশটির জন্য কম কৃতিত্বের নয়।
কুয়েতের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন বাসতাকি ফাহাদ। ৪৮ রান দিয়ে তিনি তুলে নিয়েছেন ৩ উইকেট। এ ছাড়া আলতেইবি মোহাম্মদ ১৯ রানে নেন ২টি উইকেট।