২১৩ রানে অলআউট মোহামেডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরোপা স্বপ্ন বাঁচাতে জয়ের বিকল্প নেই মোহামেডানের। কিন্তু স্বপ্ন বাঁচানোর লড়াইয়ে মাত্র ২১৩ রানের পুঁজি পেয়েছে দলটি। আজ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ৪৯ ওভারেই অলআউট হয়েছে মোহামেডান।

আগের ম্যাচে বিকেএসপিতে আবাহনীর কাছে ২৬০ রানের বিশাল ব্যবধানে হারা দলটি আজও ছন্নছাড়া ব্যাটিং করেছে। টস জিতে ব্যাটিং নেওয়া দলটির হয়ে বলার মতো রান পেয়েছেন শুধু সৈকত আলী ও আরিফুল হক। এবারের লিগে নিজের প্রথম ফিফটি পেয়েছেন তিনে ব্যাট করা সৈকত। ৭৬ বলে ৫১ রান করে বাঁহাতি স্পিনার রাহাতুল ফেরদৌসের বলে সৈকত লং অফে আল আমিনের হাতে ক্যাচ দিয়েছেন। ছয়ে নেমে ৬১ বলে ৪৮ রান করেছেন আরিফুল।
প্রথম ওভারেই দুই বাউন্ডারি, শুরুটা ভালোই ছিল মোহামেডানের। কিন্তু পঞ্চম ওভারে এজাজ আহমেদের বিদায়ের পর নিয়মিতই উইকেট হারিয়েছে পয়েন্ট তালিকায় দ্বিতীয়স্থানে থেকে সুপারলিগ শুরু করা দলটি। মোহামেডান সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ২১তম ওভারে নাসির হোসেনের বলে মুশফিকুর রহিম বোল্ড হতেই। ৩৫ রানে দ্বিতীয় উইকেট পতনের পর উইকেটে এসে একটু বেশিই সাবধানী ছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। তৃতীয় উইকেটে সৈকতকে নিয়ে ৫৮ রান যোগ করা মুশফিকের ৪২ বলের ২০ রানের ইনিংসে কোনো চার-ছয় নেই।
দোলেশ্বরের চার স্পিনার সানজামুল, রেজাউল, নাসির ও রাহাতুল প্রত্যেকে নিয়েছেন ২টি করে উইকেট।