২২ ঘণ্টার যাত্রা শেষে জিম্বাবুয়েতে মুমিনুল–তামিমরা
ঢাকা থেকে জিম্বাবুয়ের হারারে পৌঁছানো খুব সহজ কিছু নয়। সেটি মুমিনুল হক, তামিমরা খুব ভালোই বুঝলেন। ২২ ঘণ্টার যাত্রা শেষে অবশেষে জিম্বাবুয়েতে পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। ঢাকা থেকে কাতারের দোহা ও দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ হয়ে হারারে পৌঁছেছেন তাঁরা।
হারারেতে এক দিনের কোয়ারেন্টিন করতে হবে খেলোয়াড়দের। কাল থেকেই নেমে পড়া যাবে অনুশীলনে। টেস্ট ওপেনার সাদমান ইসলাম অবশ্য ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে যেতে পারেননি। তিনি হারারে পৌঁছাবেন আজ। সাকিব আল হাসানের সরাসরি যুক্তরাষ্ট্র থেকে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।
নতুন নিয়োগ পাওয়া শ্রীলঙ্কান স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ দলের সঙ্গে যোগ দেন দোহা থেকে। আরেক নতুন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স যোগ দেন জোহানেসবার্গ থেকে। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও যোগ দিয়েছেন জোহানেসবার্গ থেকে। বাদবাকি কোচিং স্টাফ এক দিন আগেই হারারে পৌঁছে গেছেন।
জিম্বাবুয়েতে এক টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আপাতত টেস্ট দলের ১৮ খেলোয়াড় জিম্বাবুয়ে পৌঁছেছেন। আগামী ১৬ জুলাই থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। ৮ জুলাই জিম্বাবুয়ে রওনা দেবেন মোহাম্মদ নাঈম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেনরা।
জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দলে আলাদা করে ডাক পাওয়া খেলোয়াড়েরা রওনা দেবেন ১১ জুলাই। ২৩ জুলাই থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এই স্কোয়াডে আছেন সৌম্য সরকার, শামীম হোসেন, নাসুম আহমেদ, আমিনুল ইসলাম ও শেখ মেহেদী হাসান।