২২ বছর পর ভারতের লঙ্কাজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সিরিজ জয়, ট্রফি হাতে বিরাট কোহলির মুখটাও হাসি-ঝলমলে। কাল কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে l এএফপি
অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সিরিজ জয়, ট্রফি হাতে বিরাট কোহলির মুখটাও হাসি-ঝলমলে। কাল কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে l এএফপি

শচীন টেন্ডুলকার পারেননি, সৌরভ গাঙ্গুলীও না। ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে অনিল কুম্বলে ও মহেন্দ্র সিং ধোনিকেও। সেই ১৯৯৩ সাল থেকে গতকালের আগ পর্যন্ত শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ জেতা সর্বশেষ ভারতীয় অধিনায়কের নাম ছিল মোহাম্মদ আজহারউদ্দিন।
ছিল বলতে হচ্ছে, কারণ এখন নামটা বদলে গেছে। নুয়ান প্রদীপের বিপক্ষে অমিত মিশ্রর এলবিডব্লুর আবেদনে সাড়া দিলেন আম্পায়ার। ছুটে এসে লাফিয়ে মিশ্রর কোলেই চড়ে বসলেন অধিনায়ক বিরাট কোহলি। উল্লাসে মেতে উঠলেন বাকি সব ভারতীয় খেলোয়াড়ও। গলাগলি আর অভিনন্দনের মধ্যেই সতীর্থ একজনের কাছ থেকে ম্যাচের স্মারক একটা স্টাম্প চেয়ে নিলেন কোহলি। এ স্টাম্পের মূল্য যে তাঁর কাছে অনেক। এ স্টাম্প সাক্ষী, ২২ বছর পর তাঁর নেতৃত্বে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট জিতেছে ভারত। মোহাম্মদ আজহারউদ্দিনকে পেছনে ঠেলে দিয়ে সামনে চলে এলেন কোহলি।
বিদেশের মাটিতেও চার বছর পর এই প্রথম টেস্ট সিরিজ জিতল ভারত। গতকালের আগে তাদের সর্বশেষ জয়টা ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ২০১১ সালের জুনে। এর মাঝে সাতটি সিরিজ খেলে ছয়টিতেই হেরেছে তারা। বৃষ্টিতে ড্র হয়েছে গত জুনে বাংলাদেশের বিপক্ষে সফরের একমাত্র টেস্ট। নতুন অধিনায়ক বিরাট কোহলির অধীনেও এটি ভারতের প্রথম সিরিজ জয়। সেটাও ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর! ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে তাই ভারত অধিনায়কের মুখে গর্বের হাসি, ‘আমি যেটা জানি, পিছিয়ে থেকে আমরা এর আগে বিদেশের মাটিতে সিরিজ জিততে পারিনি। এখানে তাই একটা ইতিহাসই গড়লাম।’
কোহলির সেই ইতিহাস গড়ার পথে কাল সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ও অভিষিক্ত কুশল পেরেরা। ৩ উইকেটে ৬৭ রান নিয়ে দিন শুরু করা লঙ্কানরা আরও ৪০ রান যোগ করতেই হারায় পরের দুটি উইকেট। ষষ্ঠ উইকেটে ম্যাথুস আর পেরেরা যখন জুটি বাঁধেন, টেস্ট বাঁচাতে আরও ৭৮ ওভার টিকে থাকার চ্যালেঞ্জ শ্রীলঙ্কার সামনে। সেখান থেকে এই দুজন ৩৮.১ ওভারে গড়েন ১৩৫ রানের জুটি। এক সময় তো মনে হচ্ছিল, ম্যাচ বাঁচিয়ে দেবে এই জুটিই। কিন্তু চা-বিরতির কিছুক্ষণ আগে রবিচন্দ্রন অশ্বিনের বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে পেরেরার বিদায়ে ছন্দপতন শ্রীলঙ্কার। বিদায়ের আগে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে অভিষেক টেস্টে জোড়া হাফ সেঞ্চুরি করেন পেরেরা। তাঁর আগে এই কীর্তি ছিল এক শ্রীলঙ্কানেরই—দিনেশ চান্ডিমাল। চা-বিরতির পর ম্যাথুসকেও ফেরত পাঠান ইশান্ত শর্মা। ম্যাচটা আসলে শেষ হয়ে যায় তখনই। চা-বিরতির আগে-পরে মাত্র ৯ ওভারের মধ্যে শেষ ৫ উইকেট হারানো শ্রীলঙ্কা গুটিয়ে যায় ২৬৮ রানে। সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ১১ বছর পর টেস্ট হার নিশ্চিত করে দেয় ২২ বছর ধরে ভারতের বিপক্ষে অজেয় লঙ্কা-দুর্গের পতন! সনি সিক্স।