২২ বছরেও পারেনি ভারত, এবার পারবে?

এক দিক দিয়ে বিরাট কোহলির সঙ্গে বেশ মিল আছে মাইকেল ক্লার্কের। ক্লার্কের অধিনায়কত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশে। যদিও প্রথম পূর্ণাঙ্গ সফর ছিল শ্রীলঙ্কায়। একই ব্যাপার ঘটতে চলেছে কোহলির বেলাতেও। তবে ক্লার্ককে যা করতে হয়নি, সেই বিশাল পরীক্ষার সামনে পড়তে চলেছেন কোহলি। ২২ বছরের দীর্ঘ এক শূন্যতা পূরণের পরীক্ষা। কোহলি পারবেন?
টেস্ট দলের দায়িত্ব পেয়েছেন খুব বেশিদিন হয়নি। বাংলাদেশের সঙ্গে প্রথম টেস্ট অধিনায়কত্বে ভালোই করেছিলেন। কিন্তু কোহলির অধিনায়কত্বের আসল পরীক্ষা শুরু হবে বুধবার। গল টেস্ট দিয়েই কোনো পূর্ণাঙ্গ সফরে অধিনায়কত্বের যাত্রা শুরু। শ্রীলঙ্কার মাটিতে দলের অতীত রেকর্ড কিন্তু ভারত অধিনায়কের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলবেই। শ্রীলঙ্কার মাটিতে গত ২২ বছরে টেস্ট সিরিজ জিততে পারেনি পূর্বসূরিরা। ১৯৯৩ সালের মোহাম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে সর্বশেষ সিরিজ জিতেছিল ভারত। ২০০১ ও ২০০৮ সিরিজ হারতে হয়েছিল। ১৯৯৭ ও ২০১০-এর সিরিজ হয়েছিল ড্র। সব মিলিয়ে শ্রীলঙ্কার মাটিতে ৬ সিরিজে কেবল একবারই জয় নিয়ে দেশে ফিরতে পেরেছে ভারত।
কেবল শ্রীলঙ্কায় তাঁদের রেকর্ডই চিন্তার বিষয় নয়। ভারতের সাম্প্রতিক পারফরম্যান্সও শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ সফরের আগে দেশের বাইরে টানা চারটি টেস্ট সিরিজে হার। নতুন একটি দল নিয়ে শ্রীলঙ্কায় সফরে এসেছে ভারত। এই দলের মাত্র ৪ জনের শ্রীলঙ্কায় টেস্ট খেলার অভিজ্ঞতা আছে। কোহলি নিজেও এই প্রথম এসেছেন শ্রীলঙ্কার মাটিতে টেস্ট খেলতে। কোহলি অবশ্য রেকর্ড-টেকর্ড খুব একটা পাত্তা দিতে চাইলেন না, ‘আমরা ভালো ক্রিকেট খেলতে এসেছি। আপনি যখন ভালো খেলেন, তখন রেকর্ড আর ইতিহাস পাশে পড়ে থাকে।’
রূপবদলের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কাও। মাহেলা জয়াবর্ধনে অবসরে চলে গিয়েছেন। কুমার সাঙ্গাকারাও দুটো টেস্ট খেলে বিদায় বলে দেবেন। ক্রিকেটের সর্বকালের সেরাদের একজনের বিদায়টাও ভারত দিতে চায় সম্মানের সঙ্গে। আর সেটি হতে পারে দুর্দান্ত এক লড়াই জমিয়েই। কোহলি সেই চ্যালেঞ্জটাই ছুড়ে দিলেন, ‘অসাধারণ মানুষ, অসাধারণ ক্রিকেটার। দারুণ একটা বিদায় সংবর্ধনা তাঁর পাওনা। তাঁকে সম্মানের সঙ্গেই বিদায় জানাব। তবে তাঁকে দ্রুত আউট করতে পারব বলেই আশা করছি।’ সূত্র: এএফপি।