২২০৬ টেস্ট ম্যাচে যে ঘটনা মাত্র চারবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জীবনে প্রথমবার টেস্টে বল করতে এসেই উইকেট পেলেন বাউচার। ফাইল ছবি।
জীবনে প্রথমবার টেস্টে বল করতে এসেই উইকেট পেলেন বাউচার। ফাইল ছবি।

দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। কিন্তু মাঝেমধ্যে দশে মিলেও যে কাজ হতে চায় না, তখন কী করা? কেন এগারো নম্বরকেও ডেকে আনুন না! ক্রিকেট মাঠে মাঝেমধ্যে এমন হয়, মাথা কুটেও প্রতিপক্ষের উইকেট ফেলা যায় না। টেস্টের শুরুর দিকেই তো কত ম্যাচে এমন অসহায় পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ।

নিয়মিত বোলাররা যখন উইকেট পান না, তখন অধিনায়কেরা অনেক কিছুই তো করার চেষ্টা করেন। নিজের হাতে বল নেন, দলে ‘গোল্ডেন আর্ম’ বলে পরিচিত কেউ থাকলে তাঁদের কাছে বল দেন, কখনো-সখনো উইকেটকিপারদেরও দেখা যায় প্যাড, গ্লাভস খুলে বোলিং মার্কে দাঁড়াচ্ছেন। এর সবই দেখেছে টেস্ট ক্রিকেট। কিন্তু তাই বলে দলের ১১ জনেরই বোলিং করা? না, বলতেই হচ্ছে, এমন ঘটনা সচরাচর ঘটে না। সত্যি বলতে কি, টেস্টের এত দীর্ঘ ইতিহাসে, এতগুলো টেস্ট ম্যাচে এই ঘটনা ঘটেছে মাত্র চারবার।

ভারতের কোচ হিসেবে অনিল কুম্বলের আজ অ্যান্টিগা টেস্ট দিয়ে অভিষেক হচ্ছে। নানা কারণে ২০০২ সালের সেই অ্যান্টিগা টেস্টটিও ফিরে আসছে, যে টেস্টে ব্যান্ডেজ বেঁধে বোলিং করেছিলেন ‘জাম্বো’। ওই টেস্টে কিন্তু আরেকটি ঘটনা ঘটেছিল। ভারতের ১১ জনই করেছিলেন বল!

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং সেদিন ভালোই যন্ত্রণা দিচ্ছিল সৌরভ গাঙ্গুলীকে। বিশেষ করে শিবনারায়ণ চন্দরপল ৫১০ বলে ১৩৬ রানের এক ইনিংস খেলে রীতিমতো মানসিক অত্যাচার চালাচ্ছিলেন। সেদিন সৌরভ তাই শুধু নিজেই বল করেননি, টেন্ডুলকার, লক্ষণ ও দ্রাবিড়কেও বোলিংয়ে এনেছিলেন। ক্যারিয়ারের একমাত্র টেস্ট উইকেট এই ম্যাচেই পেয়েছিলেন দ্রাবিড়।

একটু পরে দুই ওপেনার ওয়াসিম জাফর ও শিবসুন্দর দাসও চলে এলেন বোলিং করতে। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার বোলিং করতে এসে খারাপ করেননি জাফর। ১৮ রানে ২ উইকেট পেয়েছিলেন। তারপরও যখন ওয়েস্ট ইন্ডিজ অলআউট হচ্ছিল না, তখন উইকেটকিপার অজয় রাত্রাকেও ডেকে আনা হয় বোলিংয়ে। কে জানে, এতেই মনে হয় লজ্জা পেয়েছিল স্বাগতিক দল, এর পরের ওভারেই জাফরের বোলিং শেষ হতেই ইনিংস ঘোষণা করে তারা। টেস্ট ক্রিকেটে আর কখনো বোলিং করতে হয়নি জাফর কিংবা রাত্রাকে।

টেস্টে ১১ বোলারের বোলিংয়ের প্রথম ঘটনা অবশ্য শতাব্দী পুরোনো। ১৮৮৪ সালের ওভাল টেস্টের ঘটনা। অস্ট্রেলিয়া রানের পাহাড়ই গড়ছিল। ইংলিশ অধিনায়ক লর্ড হ্যারিস চেষ্টার কমতি রাখেননি। কখনো বোলিং করেননি এমন বোলারদের হাতেও বল তুলে দিয়েছেন। কিন্তু তাতেও কাজ না হওয়ায় প্যাড গ্লাভস খুলে চলে এলেন উইকেটকিপার আলফ্রেড লিটনটন। একটু পরে আর্থার শ্রুসবুরিও।

অ্যান্টিগা টেস্টে শেষ পর্যন্ত প্যাড-গ্লাভস খুলতেই হয়েছিল রাত্রাকে। ফাইল ছবি।
অ্যান্টিগা টেস্টে শেষ পর্যন্ত প্যাড-গ্লাভস খুলতেই হয়েছিল রাত্রাকে। ফাইল ছবি।

জীবনের একমাত্র বোলিং স্পেলটি দারুণ ছিল লিটনটনের। ১২ ওভারে (৪ বলের ওভার) ৫ মেডেনে ১৯ রান দিয়ে ৪ উইকেট! তাঁর এমন বোলিং তোপেই অস্ট্রেলিয়া অবশেষে অলআউট হলো! ততক্ষণে ১১ জনের বো​লিং করার প্রথম উদাহরণ হয়েই গেল।
টেস্টে ১১ জনের বোলিং দেখার দ্বিতীয় ঘটনাটি কিন্তু প্রথমটির অনেক পরে। ১৯৮০ সালে ফয়সলাবাদ টেস্টের ঘটনা। এখানেও জড়িয়ে আছে অস্ট্রেলিয়ার নাম। অস্ট্রেলিয়া প্রথমে নিজেরা করেছিল রান উৎসব। পাকিস্তান ব্যাটিংয়ে নেমে সেটিরই বদলা নিল। ১২৬ ওভার বল করেও মাত্র দুজন ব্যাটসম্যানকে আউট করতে পেরেছিল অস্ট্রেলিয়ার বোলাররা। তাও একজন রানআউট। অধিনায়ক গ্রেগ চ্যাপেল কম চেষ্টা করেননি, একে একে সবাইকে বল দিয়েছেন। মজার ব্যাপার হলো গ্রাহাম ইয়ালুপের কাছে বল দেওয়ার আগে উইকেটকিপার রড মার্শকেই স্মরণ করেছিলেন অধিনায়ক গ্রেগ।
টেস্টে ১১ জন বোলিং করার চতুর্থ ও সর্বশেষ ঘটনাটিও ঘটেছে ১১ বছর আগে।

২০০৫ অ্যান্টিগা টেস্টে দক্ষিণ আফ্রিকান বোলারদের ওপর দিয়ে ভয়াবহ অত্যাচার চালিয়েছিলেন ক্রিস গেইল। তাঁর ট্রিপল সেঞ্চুরি এবং সারওয়ান, চন্দরপল ও ব্রাভোর সেঞ্চুরিতে নাজেহাল হয়ে গিয়েছিলেন প্রোটিয়া বোলাররা। উপায় না দেখেই নিজেই বোলিং করতে চলে এসেছিলেন অধিনায়ক গ্রায়েম স্মিথ। সাফল্যও এল, ২ উইকেট পেলেন। নিজের সাফল্যে উজ্জীবিত হয়েই কি না, নিয়ে এলেন এবি ডি ভিলিয়ার্সকেও। আবারও চমক, জোড়া উইকেট পেলেন এবিও। কিন্তু শেষ উইকেট আর পড়ছিল না ওয়েস্ট ইন্ডিজের। ত্যক্ত–বিরক্ত স্মিথ একে একে বল তুলে দিলেন অ্যাশওয়েল প্রিন্স, বোয়েটা ডিপেনারকেও। তাতেও কিছু হলো না, শেষ পর্যন্ত মার্ক বাউচারকেই গ্লাভস খুলে বল হাতে নিতে হলো। তবু ততক্ষণেও হার্শেল গিবসের হাতে বল দেওয়ার সাহস করেননি স্মিথ!

কিন্তু বাউচারেও যখন কাজ হলো না, ডাক পড়ল গিবসের। কী আশ্চর্য, বাউচারের পরের ওভারের দ্বিতীয় বলেই পেয়ে গেলেন উইকেট, তাও আবার সেঞ্চুরিয়ান ডোয়েইন ব্রাভোরটিই। টেস্ট ক্যারিয়ারে নিজের একমাত্র স্পেলেই উইকেট—বাউচার গর্ব করতেই পারেন!