২২৮ করে ফিরলেন রকিবুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রকিবুল: এবার ডাবল সেঞ্চুরি
রকিবুল: এবার ডাবল সেঞ্চুরি

অনেক দিন সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না রকিবুল হাসান। পরশু ঘুচেছে সেই আক্ষেপ। ওয়ালটন মধ্যাঞ্চলের ব্যাটসম্যান কাল পেয়ে গেলেন তাঁর প্রথম শ্রেণির ক্যারিয়ারে দ্বিতীয় ডাবল সেঞ্চুরিও। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে কাল সেঞ্চুরি পেয়েছেন রকিবুল-সতীর্থ তানভীর হায়দারও। তাঁদের দল মধ্যাঞ্চলও ৮ উইকেটে ৫৮৮ রানের পাহাড় গড়ে ঘোষণা করেছে ইনিংস। জবাবে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ১৪২ করেছে ইসলামী ব্যাংক মধ্যাঞ্চল।
ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডের অন্য ম্যাচে বিসিবি উত্তরাঞ্চলকে ২৯৬ রানে অলআউট করার পর ৪ উইকেটেই ২৪৭ রান তুলে ফেলেছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। কক্সবাজারের একাডেমি মাঠে ৮ উইকেটে ২৬৬ রান নিয়ে দিন শুরু করা উত্তরাঞ্চল অলআউট আরও ৩০ রান যোগ করে।
জবাবে এনামুল হক ও শাহরিয়ার নাফীস উদ্বোধনী জুটিতে ১১৮ রান এনে দেন দক্ষিণাঞ্চলকে। ৭০ রান করেছেন এনামুল, শাহরিয়ার ফিরেছেন ৫২ রানে। দিন শেষে ৬০ রানে অপরাজিত ৮ হাজার রানের মাইলফলক ছোঁয়া তুষার ইমরান।
পাশের মাঠে ১১৯ রান নিয়ে দিন শুরু করা রকিবুল শেষ পর্যন্ত আউট ২২৮ রানে। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের একমাত্র ট্রিপল সেঞ্চুরিয়ানের ৩৩৮ বলের ইনিংসে চার ১৯টি, ছক্কা ২টি। রকিবুলের ২২৮, বিসিএলের তৃতীয় সর্বোচ্চ ইনিংস। পঞ্চম উইকেটে ২৪০ রানের জুটিতে রকিবুলের সঙ্গী তানভীর ১৬৯ বলে করেছেন ১১০। মধ্যাঞ্চলের ৫৮৮ রানের চেয়ে একটিই মাত্র বড় ইনিংস আছে বিসিএলে। ২০১২-১৩ মৌসুমে পূর্বাঞ্চলের বিপক্ষেই ৬৫৫ রানে ইনিংস ঘোষণা করেছিল মধ্যাঞ্চল।
পূর্বাঞ্চলের ইনিংসে ১১ রানের জন্য একাদশ সেঞ্চুরিটি পাননি মুমিনুল হক। ৯২ বলে ৮৯ রান করার পথে ৪ হাজার রানের মাইলফলকও পেরিয়েছেন পূর্বাঞ্চল অধিনায়ক।