২৩ ম্যাচের 'দর্শকে'র এবার ফেরার অপেক্ষা

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ার পরই ঘটল ঘটনাটা। ‘শৃঙ্খলা ভঙ্গে’র অভিযোগে আকস্মিকভাবে শেষ হলো আল আমিনের বিশ্বকাপ! বিশ্বকাপ যেকোনো খেলোয়াড়ের জন্যই স্বপ্ন। সেটিই তাঁর জন্য রূপ নিল দুঃস্বপ্নে। রোমাঞ্চ নিয়ে দলের সঙ্গে উড়াল দেওয়া আল আমিন ফিরলেন একা, একরাশ হতাশা নিয়ে! সেই যে বাদ পড়লেন। ব্রাত্যই হয়ে রইলেন প্রায় আট মাস।
এর মধ্যে বাংলাদেশ ক্রিকেটে কাটাল তার সবচেয়ে সোনালি সময়। একের পর এক উজ্জ্বল অধ্যায় যোগ হলো। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি মিলে বাংলাদেশ খেলে ফেলল ২৩ ম্যাচও। পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেতে উঠল কত উৎসবে! কিন্তু তিনি শুধুই দর্শক।
এ সময়ে আগমন ঘটেছে মুস্তাফিজুর রহমান নামের তরুণ এক পেসারের। কখনো বা হাপিত্যেশ হয়েছে পেসারদের তীব্র সংকট নিয়েও। আল আমিন সব দেখেছেন দূর থেকে, ভেতর থেকে বেরিয়ে এসেছে দীর্ঘশ্বাস। ফর্ম ভালো, ফিটনেসেও সমস্যা নেই। তবুও তিনি দর্শক।
সময়ে ব্যবধানে কত পরিবর্তন! ১০ মে, পাকিস্তান সিরিজের ঠিক পরই যখন কথা হয়েছিল, আল আমিনের কণ্ঠে ছিল একরাশ হতাশা। পাঁচ মাস পর যখন আজ কথা হলো, এ যেন অন্য আল আমিন। কণ্ঠে উচ্ছ্বাস, বিরাট চাপ থেকে মুক্তির আনন্দ, মাঠ কাঁপানোর প্রত্যয়! দুঃসময়ের ঘোর থেকে বের হয়ে আসার স্বস্তি, ‘বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর মানসিক অবস্থা অনেক খারাপ ছিল। এখন ফেরার পর সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে। এ সময়টাতে সবার সমর্থন পেয়েছি। পরিবার, বন্ধু, সতীর্থ, কোচ, সংবাদমাধ্যম, সবার সমর্থন পেয়েছি। কেউ আঘাত করে কিছু বলেনি। সবার প্রতি কৃতজ্ঞ।’
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা যেকোনো খেলোয়াড়ের জন্যই বিরাট ধাক্কা। আল আমিন যেভাবে ছিটকে গেলেন, সেটি আরও হতাশার। তবে আবার ফিরে আসাকে ক্যারিয়ারের ‘পুনর্জন্ম’ ভাবছেন না এ পেসার, ‘আসলে তা নয়। যে কারণেই হোক দল থেকে বাদ পড়েছি, আবার ফিরে এসেছি। এখন দলে থাকাটাই চ্যালেঞ্জ।’
গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ১০ উইকেট নিয়েছিলেন। ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারিও (১০টি) ছিলেন তিনি। ১১ ওয়ানডেতে ১৭ উইকেট নেওয়া আল আমিনের এ বছর খেলা হয়নি একটি আন্তর্জাতিক ম্যাচও। অথচ বাংলাদেশের ক্রিকেট পার করল ব্যস্ত সময়। অথচ পেসার সংকট সব সময়ই ভুগিয়েছে। তার পরও কেন দর্শক হয়ে থাকতে হলো তাঁকে? কেন, কী কারণে—এসবের ব্যাখ্যায় এখন আল আমিনই যেতে চান না।
ফেরার প্রত্যয় নিয়ে শুরু করেছিলেন নতুন এক মিশন। দারুণ করেছেন সম্প্রতি ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরেও। তিনটি এক দিনের ম্যাচে পেয়েছেন ৮ উইকেট। তিন দিনের ম্যাচেও আছে চার উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান আগের রূপে, ‘দক্ষিণ আফ্রিকা সফরে ভালো বোলিং করেছি। জিম্বাবুয়ে সিরিজে একাদশে সুযোগে পেলে ভালো বোলিং করার লক্ষ্য থাকবে। চেষ্টা করব, আগে যে আল আমিন ছিল, সেই আল আমিনকেই যেন এ সিরিজে সবাই দেখতে পায়।’