২৩৩ বছরে এই প্রথম একজন নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই প্রথম এমসিসির সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন ক্লারে কনর। তিনি ইংল্যান্ড নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। ছবি: এএফপি
এই প্রথম এমসিসির সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন ক্লারে কনর। তিনি ইংল্যান্ড নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। ছবি: এএফপি

২৩৩ বছরে এই প্রথমবারের মতো হতে যাচ্ছে এমন কিছু। ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব বা এমসিসি পেতে যাচ্ছে একজন নারী সভাপতিকে। সাবেক ইংলিশ নারী ক্রিকেট দলের অধিনায়ক ক্লারে কনর পেতে যাচ্ছেন দারুণ এই সম্মানটি।

এমসিসির বর্তমান প্রধান সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা। কনর এ মুহূর্তে ইংলিশ ক্রিকেট বোর্ডের (ইসিসিব) নারী ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গতকাল এমসিসির ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভায় কনরের নাম ঘোষণা করেন সাঙ্গাকারা নিজেই। ২০২১ সাল থেকে তিনি এমসিসির প্রধান হিসেবে শ্রীলঙ্কান তারকার স্থলাভিষিক্ত হবেন।


আগামী বছরের ১ অক্টোবর থেকে দায়িত্ব পালন শুরু করবেন কনর। করোনাভাইরাস অতিমারির কারণে সাঙ্গাকারাকেই ২০২১ সাল পর্যন্ত বাড়তি সভাপতি হিসেবে বাড়তি দায়িত্ব পালন করতে বলা হয়েছে।


এমসিসির প্রথম নারী সভাপতি হতে পেরে দারুণ গর্বিত ও উচ্ছ্বসিত কনর, 'এমসিসির সভাপতি হতে পেরে আমি নিজেকে অত্যন্ত গর্বিত ও সম্মানিত বোধ করছি। ক্রিকেট ইতিমধ্যেই আমার জীবনকে অনেক সমৃদ্ধ করেছে এখন এই ক্রিকেটই আমাকে দারুণ একটা সম্মানের অধিকারী করল।'


এমসিসির প্রধান হয়েই যেন কনর ফিরে গেছেন তাঁর অতীত দিনগুলিতে, 'মাঝে মধ্যে মানুষ জীবনের অতীত দিনগুলোতে ফিরে তাকিয়ে সত্যিই অবাক হয়, কতটা পথই না মানুষ হেঁটে পাড়ি দেয়। আজ আমার খুব মনে পড়ছে ৯ বছর বয়সে আমি যেদিন প্রথম লর্ডসে প্রবেশ করেছিলাম, একজন ক্রিকেট পাগল দর্শক হিসেবে, সে দিনটি। নারী হিসেবে কেউ একটা সময় পর্যন্ত লর্ডসের লং রুমে প্রবেশ করতে পারত না। এখন সময়টা দারুণভাবেই বদলে গেছে।'


কনর ইংল্যান্ড নারী ক্রিকেট দলের হয়ে খেলা শুরু করেন ১৯৯৫ সালে, মাত্র ১৯ বছর বয়সে। ২০০০ সালে পান অধিনায়কত্ব। পরের বছরই অস্ট্রেলিয়ার বিপক্ষে লর্ডসে নেতৃত্ব দেন দেশকে। তিনি ছিলেন বাঁ হাতি স্পিনার।

২০০৫ সালে অধিনায়ক হিসেবে ৪২ বছরে প্রথম নারীদের অ্যাশেজ বিজয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। অবসরের পর ২০০৭ সাল থেকে তিনি সংগঠক হিসেবে ইংলিশ ক্রিকেটের সঙ্গে জড়িয়ে আছেন। ইংরেজি সাহিত্যের ছাত্রী কনর ক্রিকেটে দায়িত্ব পালনের পাশাপাশি ব্রাইটন কলেজের জনসংযোগ প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।