২৩৪ বছরে প্রথম নারী প্রেসিডেন্ট দেখল এমসিসি

এমসিসির নারী প্রেসিডেন্ট ক্লেয়ার কনোরছবি: লর্ডস ক্রিকেট টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসির (মেরিলিবোন ক্রিকেট ক্লাব) ২৩৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট হয়েছেন ক্লেয়ার কনোর। আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন তিনি। এর আগের মেয়াদে এমসিসির প্রেসিডেন্ট ছিলেন সাবেক শ্রীলঙ্কা অধিনায়ক কুমার সাঙ্গাকারা।

২৩৪ বছরে প্রথম নারী প্রেসিডেন্ট—এ কথাই বলে দেয়, ক্রিকেটের ঐতিহ্যবাহী এ সংস্থা নারীদের ক্ষেত্রে রক্ষণশীল ছিল দীর্ঘ সময়। গত শতাব্দীর শেষের দিকেও এমসিসির কার্যালয় লর্ডসের ওল্ড প্যাভিলিয়নে রানি ছাড়া কারও প্রবেশাধিকার ছিল না।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কনোরকে এমসিসির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে অবশ্য ঘোষণা করা হয়েছিল ২০২০ সালের বার্ষিক সাধারণ সভায়। তবে করোনাভাইরাস পরিস্থিতিতে তখনকার প্রেসিডেন্ট কুমার সাঙ্গাকারার মেয়াদ এক বছর বাড়ানোর পর আজ এ অবৈতনিক পদের দায়িত্ব নিলেন কনোর।

বর্তমানে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের নারী ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক পদে কাজ করছেন কনোর। এ ছাড়া ২০১১ সাল থেকে আইসিসির মেয়েদের ক্রিকেট কমিটির প্রধান হিসেবে কাজ করে আসছেন, সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবেরও একজন পরিচালক তিনি। ২০১৯ সালে এমসিসির সাম্মানিক আজীবন সদস্য করা হয় কনোরকে। তাঁর সঙ্গে একই দিনে এমসিসির চেয়ারম্যান পদে দায়িত্ব নিয়েছেন ব্রুস কার্নেগি-ব্রাউন।

খেলোয়াড়ি জীবনে ১৯৯৫ সালে মাত্র ১৯ বছর বয়সে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় কনোরের। ২০০০ সালে এসে অধিনায়কত্ব শুরু করেন তিনি। ৪২ বছর পর ২০০৫ সালে প্রথমবারের মতো এই বাঁহাতি স্পিনারের অধীনই অ্যাশেজে অস্ট্রেলিয়াকে হারায় ইংল্যান্ড।

২০১৪ সালে কনোর দায়িত্বে থাকার সময় ইসিবিতে মেয়েদের ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তির পদ্ধতি চালু হয়। ২০২০ সালে ঘরোয়া ক্রিকেটেও মেয়েদের পেশাদার চুক্তি চালু করার ক্ষেত্রে ভূমিকা রাখেন তিনি।

নিয়োগ পেয়ে পূর্বসূরি সাঙ্গাকারাকে ধন্যবাদ জানিয়েছেন কনোর। বলেছেন, ‘ড্রেসিংরুম ও বোর্ডরুমের অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করব, যাতে আগামী ১২ মাস ক্লাবের নেতৃত্বে থাকা ব্যক্তি ও কমিটিকে সহায়তা করতে পারি। এমসিসির এ দলের অংশ হওয়ার জন্য মুখিয়ে আছি আমি।’