২৪ বছর পর পাকিস্তানে গিয়ে ৪ হাজার নিরাপত্তারক্ষীর মধ্যে কামিন্সরা

পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্সছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভ স্মিথ গতকাল টুইটারে একটি ছবি দিয়েছেন—বিমানের একটি আসনে মাস্ক পরে বসে আছেন তিনি। ছবিটির ক্যাপশন দিয়েছেন একটু অন্যভাবে—প্রথমে অস্ট্রেলিয়ার একটি পতাকার ইমোজি দিয়ে একটি তির চিহ্ন দিয়ে পাকিস্তানের পতাকার ইমোজি দিয়েছেন। যার মানে দাঁড়ায়—পাকিস্তানের পথে অস্ট্রেলিয়া! আজ আবার একটি ছবি পোস্ট করেছেন স্মিথ। বিমানে অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা বসে আছেন। ছবিটির ক্যাপশনে লিখেছেন, ‘পৌঁছে গেছি।’ এই ক্যাপশনের পাশে পাকিস্তানের পতাকার একটি ইমোজি দিয়েছেন তিনি।

হ্যাঁ, অস্ট্রেলিয়া ক্রিকেট দল এখন পাকিস্তানে। প্রায় ২৪ বছর পর পাকিস্তানে ক্রিকেট খেলতে গেল অস্ট্রেলিয়া দল। সেখানে তারা ছয় সপ্তাহ থাকবে। এই দেড় মাসে সেখানে তারা পাকিস্তানের বিপক্ষে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি–টোয়েন্টি খেলবে। পুরো সফরেই অস্ট্রেলিয়া দলকে দেওয়া হবে প্রেসিডেন্ট–প্রধানমন্ত্রী পর্যায়ের নিরাপত্তা। ভাড়া করা বিমানে করে অস্ট্রেলিয়ার ৩৫ সদস্যের দল ইসলামাবাদে পৌঁছানোর পরই টুইটার পোস্টটি করেছেন স্মিথ।

২০০৯ সালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের বাইরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক ক্রিকেট বন্ধই হয়ে গিয়েছিল পাকিস্তানে। সংযুক্ত আরব আমিরাতে হোম ম্যাচগুলো খেলত তারা। অস্ট্রেলিয়া অবশ্য তারও পাঁচ বছর আগে পাকিস্তান সফর বাতিল করেছিল। সেটা লাহোরের একটি গির্জায় সন্ত্রাসী হামলার কারণে। সম্প্রতি পাকিস্তানে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। জিম্বাবুয়ে, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা দল পাকিস্তান সফর করে এসেছে। এরই ধারাবাহিকতায় ১৯৯৮ সালের পর পাকিস্তান সফরে গেল অস্ট্রেলিয়া।

গত বছর পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু সিরিজ শুরুর আগমুহূর্তে নিরাপত্তার সমস্যা দেখিয়ে সফর বাতিল করে দেশে ফিরে যায় কিউইরা। অথচ নিউজিল্যান্ড দলের নিরাপত্তার জন্য শুধু টিম হোটেলেই নিয়োজিত ছিল প্রায় ৪ হাজার পুলিশ ও সেনাসদস্য। এরপর ইংল্যান্ডের পুরুষ ও মেয়েদের দলও আর পাকিস্তান সফরে যায়নি। এই দুই দলের সিদ্ধান্ত পাকিস্তানের ক্রিকেট প্রশাসনকে খুবই মর্মাহত করেছিল। এবারও অস্ট্রেলিয়ার নিরাপত্তায় নিয়োজিত থাকবে ৪ হাজার নিরাপত্তাকর্মী।

পাকিস্তানে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া দল
ছবি: টুইটার

অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স সফর শুরুর আগে বলেছিলেন, উঁচু পর্যায়ের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে অস্ট্রেলিয়া দলকে নিশ্চিত করা হয়েছে। ইসলামাবাদে টিম হোটেলে পৌঁছানোর পর তিনি বলেছেন, ‘নিরাপত্তা স্বস্তিদায়ক। আমরা ভাগ্যবান যে এত এত নিরাপত্তাকর্মী ঘিরে রেখেছে আমাদের। নিশ্চিত করেই খুব নিরাপদ মনে করছি। বিমান থেকে হোটেল, কড়া নিরাপত্তা।’

অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের প্রতি নির্দেশনা আছে, হোটেলের বাইরে খুব একটা তাঁরা যেতে পারবেন না। তবে এ নিয়ে সমস্যা নেই কামিন্সের, ‘আমাদের বেশির ভাগ সময়ই হোটেলে বন্দী থাকতে হবে। ভারত বা এমন অনেক সফরেই আমরা হোটেলের বাইরে খুব একটা যাই না। তাই বলব আমরা আসলে এর সঙ্গে অভ্যস্ত।’