২৫ বছর বয়সেই অবসর আনসারির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

৪৩ ছুঁই ছুঁই বয়সেও পাকিস্তানের অধিনায়কত্ব করছেন মিসবাহ-উল-হক। তাঁর প্রায় সমবয়সী শিবনারায়ণ চন্দরপলও এখনো কাউন্টিতে খেলছেন, দল জেতাচ্ছেন। সে তুলনায় ২৫ বছর বয়সী জাফর আনসারি তো ‘সেদিনের শিশু’! সেই আনসারি আজ সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। ইংল্যান্ডের বাঁহাতি এই স্পিনিং অলরাউন্ডার ক্রিকেট নয়, নিজের ভবিষ্যৎ হিসেবে আইন পেশাকেই বেছে নিচ্ছেন। 

ঘোষণাটা যে সবার জন্য কিছুটা ‘চমক’ হয়ে আসবে সেটা স্বীকার করেছেন আনসারি নিজেই, ‘সেটা জেনেই বলছি আমি এখন অন্য ক্যারিয়ার বেছে নিচ্ছি। সম্ভবত সেটা আইনে, এ জন্য প্রক্রিয়া শুরু করতে হবে আমাকে। পেশাদার ক্রিকেটার হিসেবে সাত বছর ও সবমিলিয়ে বিশ বছর ধরে ক্রিকেট খেলার পর আমি অবসরের সিদ্ধান্ত নিচ্ছি। এটা কঠিন একটা সিদ্ধান্ত, আমি হালকা মেজাজে এটা নিচ্ছি না। খুব দুঃখের সঙ্গেই বলছি, বিদায়।’
সিদ্ধান্তটা বিস্ময় জাগাতে বাধ্য করছে। আবার সিদ্ধান্তটা আনসারির বলেই পুরোপুরি বিস্মিত হওয়া যাচ্ছে না। পুরো ক্যারিয়ার জুড়েই আনসারির বিষয়ে একটা শব্দ উচ্চারিত হয়েছে—প্রতিভাবান। সেটা শুধু তাঁর বাঁহাতি স্পিন কিংবা ব্যাটিং নিয়ে বলা হয়নি। ক্যামব্রিজ থেকে ডাবল ফার্স্ট পাওয়া ছাত্র, যিনি আবার ইতিহাসে স্নাতকোত্তর করেছেন। পিয়ানিস্ট হিসেবেও ভালো পরিচিত আনসারি। বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষিক্ত আনসারি সম্ভবত এ যুগের একমাত্র খেলোয়াড় যিনি বলতে পারেন, ‘ক্রিকেটই সবকিছু নয় আমার জন্য। আমার জীবনের সবকিছু এর ওপর নির্ভর করে না। এটা আমার জীবনের একটা অংশ মাত্র।’
সে অংশ থেকেও নিজেকে মুক্ত করে দিয়েছেন আনসারি, ‘আমি সব সময় বলেছি, যখনই মনে হবে সরে যাওয়া উচিত, সরে যাব। সে সময়টা এসেছে। ঘোষণাটা বিস্ময় জাগাতে পারে কিন্তু আমি সব সময় বলেছি ক্রিকেট জীবনের একটা অংশ মাত্র। জীবনে আমার আরও অনেক লক্ষ্য আছে, যেটা পরিপূর্ণ করতে চাই।’
এ কারণেই তাঁর কাউন্টি সারের ক্রিকেট পরিচালক অ্যালেক স্টুয়ার্ট এমন আকস্মিক ঘোষণাটা মেনে নিচ্ছেন, ‘জাফরের কঠিন কিন্তু অনেক ভেবে নেওয়া সিদ্ধান্তটি সম্মানের সঙ্গে গ্রহণ করা উচিত। টেস্ট অভিষেকের পর ক্যারিয়ারের এত ভালো অবস্থানে অবসর নিচ্ছে, এটাই বুঝিয়ে দিচ্ছে সে অনেক ভেবেই খেলা থেকে সরে যাচ্ছে।’ সূত্র: ইসিবি।