২৫ হাজার রানের দিন ডি ভিলিয়ার্স আরও অবিশ্বাস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল আরও একবার নিজের অবিশ্বাস্য ক্ষমতার প্রমাণ রেখেছেন ডি ভিলিয়ার্স। ছবি: বিসিসিআই।
কাল আরও একবার নিজের অবিশ্বাস্য ক্ষমতার প্রমাণ রেখেছেন ডি ভিলিয়ার্স। ছবি: বিসিসিআই।

ম্যাচ শেষে তাঁকে ঘিরে উদ্‌যাপনের সময়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সতীর্থরা এত বেশি বাঁধনহারা ছিলেন, এবি ডি ভিলিয়ার্সের থুতনিতে কার যেন একটা ঘুষি এসে লাগল। একটু রক্তও ঝরেছে। অবশ্য যে কীর্তি গড়েছেন, তারপর সতীর্থদের এই ‘ভালোবাসার অত্যাচার’কে এই ম্যাচের স্মৃতি হিসেবেই রেখে দেবেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। যতবার থুতনিতে হাত যাবে, ততবারই মনে পড়বে, ‘ও আচ্ছা, ওই যে আইপিএলে গুজরাট লায়ন্সের বিপক্ষে প্লে-অফে দলকে জেতানোর পর সতীর্থরা আনন্দে আমাকে ঘুষি মেরে বসেছিল।’


তবে শুধু শরীরের এই চিহ্নটাই নয়, রেকর্ড বইও বারবার এবিকে এই ম্যাচের কথা মনে করিয়ে দেবে। ৪৭ বলে ৭৯ রানের দুর্দান্ত ইনিংসটি একটা ব্যক্তিগত মাইলফলকও গড়ে দিয়েছে। সব ধরনের ক্রিকেট মিলিয়ে ২৫ হাজার রানের মাইলফলক পেরিয়ে গেছেন ডি ভিলিয়ার্স।

ক্যারিয়ারে কত শতবারই তো এমন ইনিংস খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৪ বলে ১৪৯ রানের অবিশ্বাসকেও হার মানানো ইনিংস তিনি খেলতে পারেন। তেমনি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে দল যখন নিশ্চিত হারের মুখে, তখন ২৪৬ বলে ৩৩ রানের ইনিংসও তাঁর ব্যাটে বেশ মানিয়ে যায়। ডি ভিলিয়ার্স এমনই। যা-ই করেন, মনে হয় যেন এমনটাই তো করার কথা ছিল তাঁর!

সহজাত অবিশ্বাস্য ব্যাটিং দিয়েই কাল ছুঁয়ে ফেললেন ২৫ হাজার রানের মাইলফলক। কীর্তিটা গড়তে দরকার ছিল ৯ রান, মুখোমুখি হওয়া সপ্তম বলেই সেটি ছুঁয়ে ফেলেছেন। এরপর যা করেছেন, সেটি মাইলফলক গড়া ইনিংসকে আরও মহিমান্বিত করে রেখেছে। গুজরাট লায়ন্সের দেওয়া ১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৯ রানেই ৫ উইকেট চলে গিয়েছিল বেঙ্গালুরুর। তার চেয়েও বড় কথা, ফিরে গেছেন এই আইপিএলে ‘অতিমানবীয়’ ব্যাটিং করা বিরাট কোহলিও। এই কোহলির সঙ্গেই এবার জুটি বেঁধে রান করে গেছেন ডি ভিলিয়ার্স। কাল কোহলি ছিলেন না, ডি ভিলিয়ার্স তাই ‘একলা চলো রে’ নীতিতে দলকে টেনে নিয়ে গেলেন।

৭৯ রানের এই ইনিংস নিয়ে স্বীকৃতি ক্রিকেটে তাঁর মোট রান হলো ২৫ হাজার ৭০! প্রথম শ্রেণির ক্রিকেটেই রানটা সবচেয়ে বেশি, ১৩২ ম্যাচে ৯ হাজার ৯৬১। একটু পিছিয়ে লিস্ট ‘এ’-তে, এখানে ৯ হাজার ৯৫৮ রান ডি ভিলিয়ার্স করেছেন ২৩২ ম্যাচে। আর টি-টোয়েন্টি মিলিয়ে ২০৯ ম্যাচে ৫ হাজার ১৫১ রান।